Ajker Patrika

বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৫: ৩৯
বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বিকেলে শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এর আগে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর গড়াতেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেছেন দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন নেতা-কর্মীরা। তাঁদের হাতে শোভা পাচ্ছে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড। নানা রঙের টি-শার্ট ও টুপি পরে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি (দপ্তরের দায়িত্বে থাকা) নূরুল ইসলাম সোহেল বলেন, ‘আজকের শোভাযাত্রাকে কেন্দ্র করে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। নেতা-কর্মীরা আগেভাগেই নয়াপল্টনে আসছেন। আজকের শোভাযাত্রায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেই নেতৃত্ব দেবেন। এটা আমাদের জন্য গর্বের। এতে নেতা-কর্মীরা অনুপ্রাণিত হবেন। দল ও সংগঠনগুলো নতুন করে শক্তি সঞ্চয় করবে।’

দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় শোভাযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। শোভাযাত্রার শুরুতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

সমাবেশ শেষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রা শুরু হয়ে রাজধানীর নির্ধারিত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। শোভাযাত্রাটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবকেরা।

এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত