‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় দেশে ডাকাতি-ছিনতাই-হত্যাকাণ্ড বেড়েছে’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে পরিচালনার ব্যর্থতার কারণে দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও হত্যাকাণ্ড বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। মাদকের বিস্তারও সমাজ ও তরুণ প্রজন্মের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।
আজ শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ যুব মিশনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।
দেশের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেন মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, বিশেষ করে গ্রামাঞ্চলের দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষ চুরির ভয়ে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না। অনেক ক্ষেত্রে গরু-বাছুর ও হাঁস-মুরগি চুরি ঠেকাতে রাতভর গবাদিপশু ও হাঁস-মুরগির কাছেই অবস্থান করছেন তাঁরা। স্বাধীন দেশের নাগরিকদের জন্য এমন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক।
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান সাংবিধানিক ও রাষ্ট্রীয় দায়িত্ব উল্লেখ করে ইরান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ঘাটতি জনমনে ক্ষোভ ও হতাশা বাড়াচ্ছে।
অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারি, জবাবদিহি ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার দাবি জানান মোস্তাফিজুর রহমান ইরান। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান।









