আমরা এক অদ্ভুত দৈত্যের কবলে পড়েছি। সে দৈত্যের শক্তি দিন দিন বাড়ছে আর আমরা শক্তিহীন হয়ে পড়ছি। হাঁসফাঁস করেও যেন সে দৈত্যের কবল থেকে নিজেদের ছাড়াতে পারছি না। বরং সে দৈত্যকে শক্তিমান হতে আমরা মানুষেরাই যেন বেশি করে সাহায্য করছি আর পরিণতিতে আমরা আরও বেশি সংকটে পড়ছি। দৈত্যটি আর কেউ না, জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানির ওপর আমরা এখন এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে তা থেকে মুক্তির পথটাই যেন খুঁজে পাচ্ছি না। বর্তমানে জলবায়ু সংকটের অন্যতম শীর্ষ কারণ হিসেবে গবেষকেরা জীবাশ্ম জ্বালানিকে চিহ্নিত করেছেন। এর কারণে যে বায়ুদূষণ ঘটছে, তাতে বিশ্বে বছরে প্রায় ৮০ লাখ লোক মারা যাচ্ছে। বিশ্বে বর্তমানে প্রায় ৯০ শতাংশ মানুষ দূষিত বায়ু থেকে শ্বাস গ্রহণ করছে।
সাম্প্রতিক বছরগুলোতে যেভাবে গরম পড়েছে, এর আগে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা কখনো এভাবে বাড়েনি। প্রাক্-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৪৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়ছে, বাড়ুক, তাতে ক্ষতি ছিল না। পৃথিবীর অনেক দেশেই খুব গরম পড়ে, সেখানকার মানুষেরা সে আবহাওয়াতে থাকতেই অভ্যস্ত। কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা কেন বাড়ছে, সেটাই চিন্তার বিষয়। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের বৃদ্ধিই তাপমাত্রা বাড়ার মূল কারণ। মানবসভ্যতার প্রায় ৬ হাজার বছর ধরে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা ছিল ২৮০ নিযুতাংশের (পিপিএম) কাছাকাছি। হঠাৎ করে তা বেড়ে এখন ৪২০ নিযুতাংশ হলো কেন? এটা সেই প্রাক্-শিল্পযুগের চেয়ে দ্বিগুণ বেশি। আমরা কী এমন কাজ করলাম যে তার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ দ্বিগুণ হয়ে গেল! একে মানুষের কম্ম না বলে অপকম্ম বলাই ভালো।
আমরা গাড়ি চড়ছি, রান্না করছি, বিলাসদ্রব্য ব্যবহারের জন্য কলকারখানা চালাচ্ছি, চাষ করছি যন্ত্র দিয়ে, ঘর বানানোর জন্য সিমেন্ট কারখানা করছি, ইটের ভাটায় কাঠ পোড়াচ্ছি, ঘর ঠান্ডা করছি এসি দিয়ে—এর সবকিছুর জন্য ব্যবহার করছি জীবাশ্ম জ্বালানি। এর কোনোটি ছাড়া আধুনিক সভ্যতা ও মানুষ চলতে পারে? পেট্রল, ডিজেল, কেরোসিন, কয়লা—এগুলো হলো জীবাশ্ম জ্বালানি। এসব পোড়ানোর ফলে যে কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনো-অক্সাইড ইত্যাদি গ্যাস উৎপন্ন হচ্ছে, তা হলো একরকমের গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস বাড়ার ফলেই বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ছে। আর এর প্রভাবে ঘটছে বিশ্বব্যাপী নানা রকম পরিবেশগত বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ। অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত বিভিন্ন দেশ গত বছর নানা রকম দুর্যোগের মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া ও কানাডায় ভয়াবহ দাবানল, আফ্রিকায় ব্যাপকভাবে পঙ্গপালের ছড়িয়ে পড়া, হাওয়াই দ্বীপপুঞ্জের হারিকেন, বাংলাদেশ ও ভারতে বন্যা, মধ্যপ্রাচ্য ও এশিয়ায় তাপপ্রবাহ, অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বরফ গলন ইত্যাদি সাম্প্রতিক সময়ে সংঘটিত মাত্র কয়েকটি দুর্যোগের উদাহরণ। অ্যান্টার্কটিকায় এই প্রথম তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠতে দেখা গেছে।
জীবাশ্ম জ্বালানি প্রাকৃতিক সম্পদ, যা অসীম না। বর্তমান যুগে যন্ত্র ছাড়া জীবনযাপনের কথা ভাবাই যায় না। যন্ত্র চালাতে দরকার হয় শক্তির। কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়ামজাতীয় বিভিন্ন অনবায়নযোগ্য শক্তি হলো যন্ত্র চালনার চাবিকাঠি। বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় ৮০ শতাংশ জোগান দেয় জীবাশ্ম জ্বালানি, যা ১৯৯৫ সালে ছিল মোট জ্বালানির ৫৪ দশমিক ৪ শতাংশ। জীবাশ্ম জ্বালানির ওপর অতি নির্ভরতা আমাদের জ্বালানিনিরাপত্তার ঝুঁকিতে ফেলেছে এবং অতি ব্যবহারে বাড়ছে পরিবেশদূষণ। সারা বিশ্বে এখন যানবাহন আর কলকারখানা দ্রুত হারে বাড়ছে। ২০০৭ সালে যেখানে বিশ্বে যানবাহনের সংখ্যা ছিল ৮০৬ মিলিয়ন, সেখানে ধারণা করা হচ্ছে ২০৩০ সালে তা ১ দশমিক ৩ বিলিয়ন ও ২০৫০ সালে ২ বিলিয়ন ছাড়িয়ে যাবে। বিশেষজ্ঞদের ধারণা, এ শতকের শেষেই হয়তো এসব পদার্থ বা শক্তির উৎসগুলো শেষ হয়ে যাবে।
১৮ শতকের গোড়ার দিকে পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার প্রায় শূন্যের কোঠায় ছিল। ধারণা করা হচ্ছে, ২০৩৫ সালে তা গিয়ে দাঁড়াবে ১১২ দশমিক ২ মিলিয়ন ব্যারেলে, যা ২০০৮ সালে ছিল ৮৫ দশমিক ৭ মিলিয়ন ব্যারেল। এভাবে চলতে থাকলে আগামী ৫০ বছরের মধ্যেই হয়তো এসব জ্বালানির মজুত শেষ হয়ে যাবে। এগুলো না থাকা মানে সব যন্ত্র চালনা বন্ধ হয়ে যাওয়া। তার মানে গাড়ি চলবে না, উড়োজাহাজ উড়বে না, ঘরে বাতি জ্বলবে না, কারখানা চলবে না, খেতে সেচের যন্ত্র ও কলের লাঙল চলবে না। তবে কি আমরা ১০০ বছর পরেই আবার আদিম যুগে ফিরে যাচ্ছি?
জীবাশ্ম জ্বালানির ব্যবহার পৃথিবীর পরিবেশদূষণের জন্য শীর্ষ কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশে প্রতিবছর বায়ুদূষণের কারণে যত মৃত্যু হয়, তার তিন ভাগের এক ভাগ মৃত্যুর জন্য দায়ী জীবাশ্ম জ্বালানির ব্যবহার। বিশ্বে বায়ুদূষণের কারণে মারা যাওয়া প্রতি পাঁচজনের মধ্যে একজন মরছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে। চীনে এই মৃত্যুর হার সবচেয়ে বেশি। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ ও তৃতীয় অবস্থানে ভারত। প্রতিটি জীবনই অমূল্য। কাজেই জীবন ও পরিবেশ রক্ষায় এখন জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো ছাড়া উপায় নেই।
জীবাশ্ম জ্বালানি বা শক্তির ব্যবহার কমানোর ওপর এখন তাই সবাই জোর দিচ্ছেন, পারলে এসব প্রাকৃতিক শক্তির মজুতে আর হাত দিতে চাইছেন না। সে জন্য সবাই এখন জ্বালানি সংরক্ষণ ও সাশ্রয় এবং বিকল্প জ্বালানি ব্যবহারের চেষ্টা করছেন। বিশেষ করে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে সৌরশক্তির ব্যবহার দিন দিন জনপ্রিয় হচ্ছে। এ ছাড়া জৈব জ্বালানি বা বায়োফুয়েলের ব্যবহারও বাড়ছে। বিভিন্ন ধরনের নগর বর্জ্য থেকে ও উদ্ভিদ থেকে জৈব জ্বালানি তৈরি করা যায়। জৈব জ্বালানির মধ্যে বায়ো-ইথানল, বায়ো-মিথানল, বায়ো-বিউটানল, বায়ো-ডিজেল, বায়োগ্যাস, বায়ো-হাইড্রোজেন ইত্যাদি অন্যতম। এগুলোর মধ্যে বায়ো-ইথানলের সম্ভাবনা উজ্জ্বল। ইতিমধ্যে ব্রাজিল, কানাডা, যুক্তরাষ্ট্র বায়োফুয়েল ব্যবহার বাড়িয়েছে। বায়োফুয়েল ছাড়া বিশ্বে এখন বিদ্যুৎ-চালিত ট্রেন ও গাড়ি চালনা বৃদ্ধি পেয়েছে।
জানা গেছে, ঢাকার রাস্তায়ও শিগগিরই ইলেকট্রিক বাস নামছে। ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে পাবলিক পরিবহন ব্যবহারে জ্বালানি ব্যবহার কমবে। পাশাপাশি স্বল্প দূরত্বে চলার জন্য সাইকেল ব্যবহারকে উৎসাহিত করা উচিত। সাইকেলের জন্য দরকার পৃথক সড়ক। কলকারখানাগুলো চালনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি কয়লা ও ডিজেল ব্যবহার করা হচ্ছে, বিশ্বে মাত্র ১৬ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয় পানিবিদ্যুৎকেন্দ্রগুলো থেকে। এর পরিমাণ বাড়াতে হবে। এ দেশে সৌরশক্তির স্বল্প ব্যবহার থাকলেও বায়ুবিদ্যুৎ, বায়োগ্যাস, হাইড্রোজেনসহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নেই বললেই চলে। এ বিষয়ে গবেষণা করে সম্ভাব্যতা দেখা যেতে পারে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার হঠাৎ করে বেশি কমানো যাবে না, কমাতে হবে ধাপে ধাপে। সে জন্য সরকারের উচিত হবে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে একটি অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা ও সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা এবং সময় নির্ধারণ করা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে না পারলে আমাদের হয়তো আবার যাতায়াত শুরু করতে হবে পালতোলা নৌকা বা জাহাজে অথবা হেঁটে।
মৃত্যুঞ্জয় রায়, কৃষিবিদ ও প্রকৃতিবিষয়ক লেখক

লোহিতসাগর দিয়ে জ্বালানি রপ্তানি করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে বাংলাদেশসহ ১৩টি দেশ নিয়ে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। গত ৩০ জুলাই সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই জোটের লক্ষ্য লোহিতসাগর...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ আমাদের জন্মভূমি। তার বদলে যাওয়া বা তার যেকোনো পরিবর্তন আমাদের চোখে পড়ে। আজকাল ভালো কোনো পরিবর্তন চোখেই পড়ে না। যা দেখি তার বেশির ভাগই মূলত সামাজিক অনাচার আর অন্যায়।
৯ ঘণ্টা আগে
একটি সেতুর নির্মাণকাজ ছয় বছরেও শেষ হয়নি। এ সময়ে মাত্র তিন জোড়া পিসি গার্ডার খুঁটি নির্মাণ করা হয়েছে। এরপর আর কোনো কাজ এগোয়নি। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিউ ধলেশ্বরীর ওপর নির্মিতব্য সেতুর ক্ষেত্রে এ রকমই ঘটনা ঘটেছে।
৯ ঘণ্টা আগে
‘মবের মুলুক’ কাকে বলে, ইউনূসীয় শাসনামলে তা হাড়ে হাড়ে টের পেয়েছে দেশের মানুষ। এই কথাটি পত্রপত্রিকায়, চায়ের আড্ডায়, আলোচনা সভায় এত বেশি শোনা গেছে যে মূল যে ‘মগের মুলুক’ প্রবাদটি, তা যেন অনেকটা তলিয়ে গেছে, সেভাবে আর ব্যবহার হচ্ছে না।
১ দিন আগে