Ajker Patrika

গণ-অভ্যুত্থান হয়েছে সংস্কারের জন্য, কোনো বিপ্লব হয়নি: জহির উদ্দিন স্বপন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
গণ-অভ্যুত্থান হয়েছে সংস্কারের জন্য, কোনো বিপ্লব হয়নি: জহির উদ্দিন স্বপন
রাজধানীর সিরডাপে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক বহুদলীয় আলোচনাটি অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে গণ-অভ্যুত্থান সংস্কারের জন্য হয়েছে, কোনো বিপ্লব হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

আজ সোমবার রাজধানীর সিরডাপে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক এক বহুদলীয় আলোচনায় তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা স্পষ্টভাবে মনে করি এখানে গণ-অভ্যুত্থান হয়েছে সংস্কারের জন্য, কোনো বিপ্লব হয়নি। আমাদের দৃষ্টিভঙ্গিতে ঐকমত্য তৈরি করতে পারলে সংস্কারের এই কঠিন যাত্রা একটি সুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া সম্ভব হবে।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘প্রত্যেকে বিষয়গুলো ভিন্নভাবে দেখছেন। রাজনৈতিক ঐকমত্য তৈরি করতে না পারায় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী ৩১ দফার চেতনাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। তবে তা বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক অংশীজনদের সম্পৃক্ত করতে হবে। সবাই মিলে কীভাবে তাঁদের গঠনমূলকভাবে যুক্ত করা যায় এবং সংস্কারের কাজ এগিয়ে নেওয়া যায়, তা নিশ্চিত করতে হবে।’

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘দূরত্ব কমাতে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে সবার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ঐকমত্য তৈরি ছাড়া এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়।’

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, ‘জ্বালানির মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নির্ভরশীলতা রয়েছে। তাই সব সিদ্ধান্ত দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে নিতে হবে। সবার আগে বাংলাদেশ—এই নীতিকে সামনে রেখেই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।’

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত