Ajker Patrika

অর্থবছরের আড়াই মাসেই জ্বালানি ভর্তুকি গেছে ২৪ হাজার কোটি টাকা: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থবছরের আড়াই মাসেই জ্বালানি ভর্তুকি গেছে ২৪ হাজার কোটি টাকা: তথ্য উপদেষ্টা
তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ফাইল ছবি

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর চাপের বিষয়টি সরকার বোঝে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আমদানি করা জ্বালানিতে ভর্তুকি দিলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়ে। চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকির পরিকল্পনা থাকলেও প্রথম আড়াই মাসেই ২৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, বর্তমানে প্রতি ইউনিট এলএনজি ৩০ ডলারে কিনতে হচ্ছে। অথচ ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দাম ছিল ১৪ ডলার।

জাহেদ উর রহমান আরও জানান, সরকার অতিরিক্ত ভর্তুকি দিতে থাকলে ঋণ বাড়াতে হবে। এর প্রভাব শেষ পর্যন্ত মূল্যস্ফীতির ওপর পড়বে।

পুলিশের বলপ্রয়োগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, পুলিশকে আইন মেনে এবং পরিস্থিতির তুলনায় সামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগ করতে হবে। আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেই চর্চা থেকে বেরিয়ে আসতে হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, পুলিশের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে সর্বনিম্ন ক্ষয়ক্ষতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চর্চা নিশ্চিত করছে সরকার।

ইরানে হামলা ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সরকারের মধ্যে আলোচনা হয়েছে। খাদ্যসহ প্রয়োজনীয় পণ্যের মজুত বাড়ানো এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি রয়েছে। তবে এ বিষয়ে এখনো জনগণকে কিছু জানানো হয়নি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একটি পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ওই উপদেষ্টা নিজের অবস্থান ব্যাখ্যা দিয়েছেন। সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাইলে পরে জানাবে।

পুলিশের মহাপরিদর্শক বিষয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন—এমন সংবাদ প্রকাশের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, আইজিপির বক্তব্য ও পরবর্তী ব্যাখ্যা নিয়ে তিনি কথা বলেছেন। তবে প্রধানমন্ত্রী দেশে ফিরে এ বিষয়ে ব্যবস্থা নেবেন, এমন কথা তিনি বলেননি।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সরকার তাঁকে ফিরিয়ে আনতে চায়। তিনি নিজে আসুন কিংবা তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক, সরকারের চাওয়া একই।

পাসপোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার বা ট্রাভেল পাস দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আগাম জানাতে চাননি তথ্য উপদেষ্টা। তিনি বলেন, পরিস্থিতি তৈরি হলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত