
সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত আয়রনম্যান মেরিল্যান্ডে বিশ্বের বিভিন্ন দেশের দেড় হাজারের বেশি অ্যাথলেট অংশ নেন। প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মিশু। নিজের বয়স শ্রেণিতে তিনি ১২তম এবং সব মিলিয়ে ১০১তম হয়েছেন।
মেরিল্যান্ডে মিশুর এই সময় বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যান প্রতিযোগিতায় আগের দ্রুততম সময়ের রেকর্ডও ভেঙেছে। একই দিনে ইতালিতে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতায় ১০ ঘণ্টা ৪ মিনিট ৩৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন মোহাম্মদ সামসুজ্জামান আরাফাত। প্রায় ছয় ঘণ্টা পর মেরিল্যান্ডে ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করে সেই রেকর্ড নিজের করে নেন মিশু। আগের রেকর্ডের চেয়ে তিনি ১৬ মিনিট ৪৯ সেকেন্ড কম সময় নিয়েছেন।

তবে মেরিল্যান্ডের এই পথ সহজ ছিল না। প্রতিযোগিতার শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় মিশুকে। চপট্যাঙ্ক নদীতে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতারের সময় ছিল ঢেউ ও স্রোত। প্রতিকূল পানির কারণে সাঁতার পর্বটি কঠিন হয়ে ওঠে।
এরপর ১৮০ কিলোমিটারের সাইক্লিং। রুটটি সমতল ও খোলা হওয়ায় পুরো পথজুড়েই বাতাসের সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। এর মধ্যেই ঘটে একটি গুরুতর দুর্ঘটনা। জরুরি উদ্ধার কার্যক্রম ও হেলিকপ্টার ব্যবহারের প্রয়োজন হওয়ায় মিশুসহ অনেক সাইক্লিস্টকে সাময়িকভাবে থামিয়ে রাখা হয়। পরে রেস কর্মকর্তারা ওই বিরতির সময় সমন্বয় করে দেন।
সবশেষে ছিল ৪২ দশমিক ২ কিলোমিটারের ম্যারাথন। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া দৌড়ের এই শেষ পর্বটিকেও কঠিন করে তোলে।
প্রতিযোগিতা শেষে মিশু বিশ্বাস বলেন, ‘দিনটি অ্যাথলেটদের জন্য বেশ কঠিন ছিল।’ সাঁতারে ঢেউ ও স্রোত, সাইক্লিংয়ে বাতাস এবং ম্যারাথনে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া—সব মিলিয়ে পুরো প্রতিযোগিতায় তাঁকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে বলে জানান তিনি।

আয়রনম্যান বিশ্বের অন্যতম কঠিন একদিনের এন্ডুরেন্স প্রতিযোগিতা। এতে ধারাবাহিকভাবে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২ দশমিক ২ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করতে হয়।
মিশু বিশ্বাস এখন পর্যন্ত আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপসহ সাতটি পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যান এবং একটি আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। মেরিল্যান্ডে ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ডের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের ইতিহাসে নতুন সময়ের মানদণ্ড স্থাপন করলেন তিনি।

রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
৫ ঘণ্টা আগে
বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
৮ ঘণ্টা আগে
ফ্যাসিবাদের শক্তিকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, ‘পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন, এমন তথ্য সরকারের কাছে রয়েছে। লোয়ার লেভেলে, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা...
৯ ঘণ্টা আগে
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার পর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
৯ ঘণ্টা আগে