
দীর্ঘ ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার ভোররাত থেকে আবারও আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা এ বি এম বদরুদ্দোজা খান। তিনি জানান, আজ সকাল ৯টায় এই বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট।
বদরুদ্দোজা খান বলেন, গতকাল বেলা ৩টায় পিজিসিবির প্রকৌশলীদের দ্রুত পদক্ষেপে লাইনটি চালু করা হয়েছিল। বিদ্যুৎকেন্দ্রের যাবতীয় কারিগরি প্রস্তুতি সম্পন্নের পর রাত ৩টা ৪৩ মিনিটে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
পিডিবির সদস্য (উৎপাদন) এস এম ওয়াজেদ আলী সরদার আজকের পত্রিকাকে বলেন, গতকাল ২টা ৪৬ মিনিটের দিকে প্রচণ্ড বাতাসে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে গেছে আদানির বিদ্যুৎ সরবরাহ। আদানির বিদ্যুৎ আনার জন্য বাংলাদেশ-ভারত অংশে যে ডেডিকেটেড সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে, তার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের রহনপুর অংশে সঞ্চালন লাইনে সমস্যা হয়েছিল।
প্রসঙ্গত, দেশব্যাপী চলছে তীব্র লোডশেডিং। অন্যদিকে গরমে হাঁসফাঁস করছে দেশের মানুষ। বিদ্যুতের উৎপাদন বাড়াতে সরকার শোনাচ্ছে বিভিন্ন পদক্ষেপের কথা। এই পরিকল্পনার মধ্যে আছে ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে আরও বেশি বিদ্যুৎ আনা। এই চেষ্টার মধ্যে সঞ্চালন লাইনের সমস্যার জন্য আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আশা বন্ধ হয়ে গিয়েছিল।
বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে পিডিবি গত কয়েক মাস ধরে গড়ে প্রায় ৭৫০–৮০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পেয়ে আসছিল।
আদানির বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিড থেকে বন্ধ থাকায় তার নেতিবাচক প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছিল। ঢাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ডিপিডিসি ও ডেসকো জানিয়েছে, আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ঢাকার লোডশেডিং বেড়েছিল প্রায় ৩০০ মেগাওয়াট।
১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার পর দেশব্যাপী লোডশেডিং তীব্র আকার ধারণ করে। চলমান লোডশেডিংয়ের তীব্রতা কমানোর জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল সংসদে বলেছেন, আদানি থেকে বিদ্যুতের সরবরাহ বাড়াতে বিদ্যুৎ বিভাগ চেষ্টা করছে।
পিডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, গতকাল বেলা ৩টার দিকে সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ৪৬৫ মেগাওয়াট। তার বিপরীতে সরবরাহ ছিল ১১ হাজার ৫০০ মেগাওয়াট। লোডশেডিং ছিল ৩ হাজার ৯৬৫ মেগাওয়াট।
বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে বিশাল ঘাটতি থাকায় ঢাকায় প্রতিদিন গড়ে চার-পাঁচ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। অন্যদিকে গ্রামাঞ্চলে লোডশেডিং ছাড়িয়ে গেছে ১০ ঘণ্টার বেশি।
ডিপিডিসির এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেলে আদানির বিদ্যুৎ আনার জন্য যে সঞ্চালন লাইন আছে, সেটা ট্রিপ করে গেছে। এ জন্য ডিপিডিসি এলাকায় লোডশেডিং বেড়েছে ২০০ মেগাওয়াট। একই সঙ্গে হঠাৎ করে জাতীয় গ্রিড থেকে ৭৫০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ চলে যাওয়ায় লোডশেডিং বেড়েছে দেশের সব জায়গায়।
আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গতকাল ডেসকোকে অতিরিক্ত লোডশেডিং দেওয়া হয়েছে ১০০ মেগাওয়াট।
গতকাল বিকেলের দিকে ডেসকো এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল ১ হাজার ৪৭৫ মেগাওয়াট। তার বিপরীতে সরবরাহ ছিল ১ হাজার ১০০ মেগাওয়াট। সঞ্চালন লাইন ট্রিপ করার কারণে আদানির বিদ্যুৎ বন্ধ থাকায় বেলা ৩টার দিকে ৪৭৫ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে। ডেসকোর এক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ের মধ্যে ডেসকোতে কখনো এই পরিমাণ লোডশেডিং হয়নি।

রাজধানী ঢাকায় রিখটার স্কেলে ৭ বা তার বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসের নিজস্ব অবকাঠামো ও সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেছেন, এমন...
১ মিনিট আগে
গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ উদ্ভাবকেরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাঁদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সব সময় পাশে থাকবে।
১ ঘণ্টা আগে
‘আমি মঞ্চে বসেই বিষয়টি শুনেছি। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। তিনি দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েক দিন আগেই আমরা শুধু এই বিষয়টি পরিচালনার জন্য একটি ল ফার্ম নিয়োগ করেছি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে—বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে।’
১ ঘণ্টা আগে
পর্যটকদের নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব অংশীজনকে একযোগে কাজ করতে হবে...
২ ঘণ্টা আগে