
কয়লা সংকটের কারণে আজ দুপুর ১২টা নাগাদ বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন। এর আগে গত বৃহস্পতিবার (২৫ মে) বন্ধ হয় প্রথম ইউনিট। ১ হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র সমগ্র বরিশাল, খুলনা ও ঢাকার কিছু অংশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
বিষয়টি নিশ্চিত করে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব আজকের পত্রিকাকে বলেন, ‘কয়লা সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে দুপুর ১২টা ১০মিনিট নাগাদ। ডলার সংকটের কারণে এই কয়লার সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে কয়লা আনার জন্য এলসি খোলা হয়েছে। আশা করছি, এই মাসের শেষের দিকে কয়লাবাহী প্রথম জাহাজ তাপবিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছাবে।’
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বাংলাদেশ ও চীনের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। এটি পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র নামেই পরিচিতি। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। তবে সঞ্চালন লাইন তৈরি না হওয়ায় বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার পর থেকে দীর্ঘদিন একটি ইউনিট বন্ধ রাখতে হয়েছে। কিছুদিন ধরে দুটি ইউনিটই চলছিল। কয়লা সংকটে প্রথমে একটি বন্ধ হয়ে যায়। এবার পুরোপুরি বন্ধ হয়ে গেল।
শুরু থেকে কয়লা কিনতে ঋণ দিয়ে আসছে বিদ্যুৎকেন্দ্রটির চীনা অংশীদার চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)। কয়লা কেনার দায়িত্ব এখনো সিএমসির। তবে ডলার সংকটের কারণে এলসি খুলতে দেরি হয়েছে বলে জানাচ্ছে সরকার।
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, কয়লা কেনার জন্য সিএমসিকে অর্থ দিয়ে থাকে পায়রা বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। প্রতি ছয় মাস পরপর টাকা আদায় করে তারা। তবে গত এপ্রিল পর্যন্ত বকেয়া পড়ে প্রায় ৩৯ কোটি ডলার (প্রায় ৪ হাজার কোটি টাকা)। গত বছরের নভেম্বরে তারা যে ঋণ দিয়েছিল, সেটি পরিশোধ করার কথা ছিল গত এপ্রিলে। কিন্তু পায়রা কর্তৃপক্ষ বকেয়া বিল দিতে না পারায় নতুন করে কয়লা কেনা যাচ্ছে না।
কয়লা সংকটে গত ২৫ মে একটি ইউনিট বন্ধ হয়ে যায়। আর আজ দুপুর ১২টায় ১০ মিনিটে বাকি ইউনিটটি বন্ধ হয়ে যায়।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৩ হাজার থেকে সাড়ে ১৩ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে প্রায় ১২ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা ৩ হাজার ৪৪০ মেগাওয়াটের বিপরীতে গড়ে ২ হাজার মেগাওয়াট উৎপাদন করছে। আর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র থেকে ৭০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। আর এতে প্রতিদিন ১২ হাজার টনের বেশি কয়লা পোড়ানো হচ্ছে।
বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘পটুয়াখালী জেলায় প্রতিদিন ১০ থেকে ১৩ ইউনিটের বিদ্যুৎ প্রয়োজন হয়, সেখানে আমরা প্রতিদিন গড়ে ১০ ইউনিটের মতো বিদ্যুৎ পেয়ে থাকি—এ জন্য লোডশেডিং হচ্ছে। চাহিদামতো বিদ্যুৎ পাওয়া গেলে আর লোডশেডিং হবে না।’
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম বলেন, ‘সংকট কাটিয়ে দ্রুত কয়লা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। আর কয়লা আসতে অন্তত ২৫ দিন সময় লাগতে পারে। সে কারণে জুনের তিন সপ্তাহ পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ রাখতে হচ্ছে।’

চলমান বিদ্যুৎ-সংকট মোকাবিলায় নবায়নযোগ্য সৌরশক্তি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানিতে ছয় মাসের জন্য শুল্কছাড় দিয়েছে সরকার। সোমবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠকে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে
২৩ মিনিট আগে
২০৩০ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে তা অর্জনের পথে বড় বাধা এখনো নিরক্ষর বিপুলসংখ্যক মানুষ। সাত বছর ও তদূর্ধ্ব বয়সী প্রায় পৌনে ৪ কোটি মানুষ এখনো পড়তে-লিখতে জানেন না। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৫-এর প্রতিবেদনে এ তথ্য রয়েছে।
৪৪ মিনিট আগে
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে দেড় শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি তো একা খাব না। আমি তো ১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই। আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরও ধন্যবাদ প্রস্তাবটি দেওয়ার জন্য।’
২ ঘণ্টা আগে
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নজরদারির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া...
২ ঘণ্টা আগে