Ajker Patrika

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের বিতর্ক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের বিতর্ক
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক ও পাল্টা যুক্তির ঘটনা ঘটেছে।

আজ রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনার একপর্যায়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এ বিষয়ে নিজ নিজ দলের অবস্থান ও বক্তব্য তুলে ধরেন।

বাজেট আলোচনার সূত্র ধরে প্রতিমন্ত্রী মিল্লাত সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একটি পূর্ববর্তী বক্তব্য উদ্ধৃত করেন।

প্রতিমন্ত্রী মিল্লাত দাবি করেন, গণ-অভ্যুত্থানের পর শফিকুর রহমান নিজেই তারেক রহমানকে আন্দোলনের ‘প্রধান নায়ক’ হিসেবে ধন্যবাদ জানিয়েছিলেন এবং দূর থেকে জাতিকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁর প্রশংসা করেছিলেন। প্রতিমন্ত্রী স্মরণ করিয়ে দেন, এটি স্বয়ং বিরোধীদলীয় নেতার নিজের মুখের কথা ছিল।

প্রতিমন্ত্রী মিল্লাতের এই বক্তব্যের পরপরই বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে সেই বক্তব্যের সময় নিয়ে তীব্র আপত্তি জানান এবং ঘটনার ব্যাখ্যা দেন।

শফিকুর রহমান বলেন, ‘ধন্যবাদ জনাব রশিদুজ্জামান মিল্লাত সাহেবকে। উনি আমার একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন, হ্যাঁ আমিও বক্তব্য রেখেছি। কিন্তু সময়টা আপনি সঠিকভাবে বলেননি। এই সময়টা ছিল ২৪-এর এপ্রিল মাস আর পরিবর্তনটা হয়েছে ২৪-এর আগস্টের ৫ তারিখ। আগস্টের ৫ তারিখের পরে আমার এই বক্তব্য।’

গণ-অভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কোনো ব্যক্তি বা দলকে দেওয়ার বিরোধিতা করে শফিকুর রহমান বলেন, ‘যে তরুণ ও যুবকদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে, দেশের সর্বস্তরের মানুষ তাদের অন্তর থেকে ভালোবাসে ও সম্মান করে। তাদের এই অর্জনের জায়গাটি অক্ষুণ্ন রাখতে হবে।’

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি পূর্ববর্তী মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘এমনকি ডক্টর ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে “মাস্টারমাইন্ড” বলেছিলেন। আমিই প্রথম ব্যক্তি যে এর প্রতিবাদ করে বলেছিলাম—এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না।’

তিনি জোর দিয়ে বলেন, ‘এই ঐতিহাসিক আন্দোলনের কৃতিত্ব এককভাবে কোনো ব্যক্তির নয়। এই আন্দোলনের মূল কৃতিত্ব দেশের যুব সমাজের এবং এই অভ্যুত্থানের প্রকৃত “মাস্টারমাইন্ড” হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি সাধারণ মানুষ।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত