Ajker Patrika

শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: শামা ওবায়েদ

বাসস  
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪২
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: শামা ওবায়েদ
শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তাঁকে ফিরিয়ে দেওয়া হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের পক্ষ থেকে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় সংশ্লিষ্ট বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের বাইরে অবস্থানরত ব্যক্তিদের মধ্যে যাঁরা বিভিন্ন মামলায় অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত, তাঁদের বিষয়ে আইন ও বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা হবে।

‘মক্কা প্যাক্ট’ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিরক্ষামূলক এই সামরিক জোটে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো নতুন ফোরাম বা জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ তার নিজস্ব পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। দেশের জনগণের স্বার্থ ও বাংলাদেশের জন্য সম্ভাব্য সুফলের বিষয়গুলো বিবেচনা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত