শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনে ভোট গ্রহণ শেষ: ইসি সচিব

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল ৪টায় শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রে ভোটার অপেক্ষমাণ ছিলেন না বলেও তাঁকে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, ‘বিকেল ৪টা পর্যন্ত, আমি জাস্ট ১০ মিনিট আগে খবর নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আমাদের সবকটা ভোটকেন্দ্রেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ভোটকেন্দ্রে, আমাকে যেটা বলা হয়েছে, কোনো ভোটার এখনো অপেক্ষমাণ নাই। তার মানে বিকেল চারটার সময় আমাদের যে নির্ধারিত সময়সীমা ছিল, তার ভিতরেই যাবতীয় ভোট গ্রহণ করা হয়েছে এবং ভোটাধিকার প্রয়োগ করেছেন সকলেই উৎসবমুখর পরিবেশে।’
ভোটের হার সম্পর্কে তিনি বলেন, ‘আমরা দুপুর ২টা পর্যন্ত যে ডেটা পেয়েছি, যে স্ট্যাটিস্টিকসটা পেয়েছি, সে অনুযায়ী আমাদের পারসেন্টেজ ছিল ৪৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে। স্বাভাবিকভাবে আমরা দুপুর ২টার কথা বলছি, বিকেল ৪টা পর্যন্ত সংখ্যা পরিমাণটা আরও বাড়বে। এখন এটা আরেকটু পরে বলতে পারব, গণনা শেষে বলতে পারব যে প্রকৃতপক্ষে কত পারসেন্ট ভোট কাস্ট হয়েছে।’
তিনি বলেন, ভোট গণনার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং গণনার কার্যক্রম শুরু হয়েছে। গণনা শেষ হওয়ার পর ফলাফল পাওয়া গেলে তা সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।
নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এমন কোনো খবর আমরা সকাল থেকে এখন পর্যন্ত পাইনি। আমি বিশ্বাস করি আপনাদের কাছে এমন কোনো খবর নেই, যেটা আমাদের উদ্বিগ্ন করতে পারে। কাজেই আমরা শান্তিপূর্ণ পরিবেশে সবার সহযোগিতায় একটা ভালো নির্বাচন সম্পন্ন করলাম। সবার প্রতি সেজন্য আন্তরিকভাবে অভিনন্দন আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি।’
নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘আমি একটু আগে এটার উত্তর দিয়েছি। আমার জানামতে এখন পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। আপনারাও কোনো কিছু আপনাদের মাধ্যমে পেয়েছেন বলে আমি জানি না। এখন এটুকুই হচ্ছে আমার বক্তব্য।’
নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তার পরিচয়পত্রে ছবি না থাকার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, এ ধরনের একটি বিষয় সম্পর্কে তাঁরা জানতে পেরেছিলেন। তাৎক্ষণিকভাবে প্রিসাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে সেখানে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বলা হয়।
ইসি সচিব বলেন, ‘তিনি নিশ্চিত করেছেন এবং সেখানে যে প্রার্থীর এজেন্ট ছিলেন, তাঁদের সন্তুষ্ট করা হয়েছে যে যে ব্যক্তি ওখানে ভোট গ্রহণ করছেন, তিনি সঠিক এবং যথার্থই এবং তাঁর কাছে যে ডেটা, সেটার সঙ্গে উনি মিলিয়ে পরিচয় নিশ্চিত করেছেন। কাজেই ছবি না থাকাটা একটা যে জিনিসটা, সেটা পরবর্তীতে এই বিষয়টা নিষ্পত্তি করা হয়েছে।’
কয়েকজন শিক্ষার্থীর ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটার ব্যাপারে আমি যে খবরটা পেয়েছি, আপনারা জানেন যে বর্তমানে আমরা ১৬ বছর পর্যন্ত তরুণদের নিবন্ধন করে থাকি এবং নিবন্ধনবলে তারা একটা কার্ড পান। সেই কার্ড নিয়ে তারা গেছেন, তারা ভোটার না। এখন ভোটার না হওয়ার কারণে তারা তো ভোট দিতে পারেন নাই।’
তিনি বলেন, তাঁদের দলীয় পরিচয়ের বিষয়টি এখানে মুখ্য নয়। বিষয়টি নিয়ে কৌতূহল থাকতে পারে। দলীয় পরিচয় থাকলেও তাৎক্ষণিকভাবে সেটি মিটিয়ে ফেলা হয়েছে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের মহাপরীক্ষা কি না এবং সেই পরীক্ষায় কমিশন উত্তীর্ণ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আপনারাই উত্তরটা দেন। ধন্যবাদ আপনাকে।’
তিনি বলেন, ‘আমি যদি পাশ না করতাম, তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বললাম কেন? পাশ করানোর দায়িত্বটা... পাশ করার দায়িত্বটা আমার, পাশের ব্যাপারে স্বীকৃতি দেওয়ার দায়িত্বটা আপনাদের। আপনারা সে স্বীকৃতিটা দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।’
নির্বাচন কমিশন সন্তুষ্ট কি না, জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘অবশ্যই সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট। সন্তুষ্ট না হওয়ার কোনো কারণ আছে কি? একটা ঘটনা বলেন আপনারা। যে প্রশ্ন দুটো করেছেন, আমি তাৎক্ষণিকভাবে উত্তর দিয়েছি। এখান থেকে আমাদের একজন সহকর্মী বলেছেন, আমিও উত্তর দিয়েছি।
ভোটের আনুমানিক হার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘অনুমানের উপরে কথা বলি না, এটা তো অনেক পুরোনো স্বভাব আমার।









