Ajker Patrika

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় বাদ যাচ্ছে ‘বিতর্কিত’ মেডিকেল সেন্টার

বিশেষ প্রতিনিধি, ঢাকা
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় বাদ যাচ্ছে ‘বিতর্কিত’ মেডিকেল সেন্টার

দেশের অনিয়ম ও বিতর্কিত মেডিকেল সেন্টারগুলো বাদ দিয়ে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। পরে মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দল বাংলাদেশে এসে মেডিকেল সেন্টারগুলো পরিদর্শন করে নতুন নীতিমালার আলোকে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে।

আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তবে কতগুলো এবং কোন কোন মেডিকেল সেন্টার এর অন্তর্ভুক্ত তা উল্লেখ করা হয়নি।

মন্ত্রণালয় জানায়, শ্রমবাজার দ্রুত চালুর স্বার্থে বাংলাদেশ সরকার বিদ্যমান মেডিকেল সেন্টারগুলো পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল। তবে কেন্দ্রগুলো চূড়ান্তভাবে অনুমোদনের আগে মালয়েশিয়ার তিন মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন প্রয়োজন। এ প্রক্রিয়ায় সময় লাগবে বলে আপাতত বিতর্কিত কেন্দ্রগুলো বাদ দিয়ে মালয়েশিয়ার সংশ্লিষ্ট ওয়েবসাইটে তালিকাভুক্ত অবশিষ্ট মেডিকেল সেন্টারগুলোর মাধ্যমে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত কেন্দ্রগুলো নিয়মিত যাচাই-বাছাই করা হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই কেন্দ্রের কার্যক্রম বন্ধ করতে বাধ্য করবে। প্রয়োজনে নতুন মেডিকেল সেন্টারও তালিকায় যুক্ত করা হবে। অনুমোদিত কেন্দ্রের হালনাগাদ তালিকা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি মন্ত্রণালয় থেকেও জানানো হবে।

৩৩৮ এজেন্সির মাধ্যমে নিয়োগ

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সিসহ মোট ৩৩৮টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে মালয়েশিয়া।

তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেরাই মালয়েশিয়ার নিয়োগকর্তা খুঁজে কাজের চাহিদাপত্র সংগ্রহ, কর্মী নির্বাচন ও নিয়োগের কার্যক্রম পরিচালনা করতে পারবে।

অন্যদিকে, কলিং ভিসা, ই-ভিসাসহ মালয়েশিয়ার প্রশাসনিক প্রক্রিয়ায় বোয়েসেল ও ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি সহায়তা দেবে। কর্মীদের বিএমইটি ছাড়পত্র সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি নিজেদের লাইসেন্সের মাধ্যমে সম্পন্ন করতে পারবে।

১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে দেশটি। তবে এ কর্মীদের নিয়োগের সময়সূচি ও বাস্তবায়নপ্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

মন্ত্রণালয় বলেছে, নতুন ব্যবস্থায় বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সির অংশগ্রহণ বাড়ানো, নিয়োগপ্রক্রিয়ায় প্রতিযোগিতা নিশ্চিত করা এবং কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত