Ajker Patrika

অবৈধ পথে ইউরোপে যেতে উৎসাহ দিতেন টিকটকে, ফিরতে হলো দেশে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ পথে ইউরোপে যেতে উৎসাহ দিতেন টিকটকে, ফিরতে হলো দেশে
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪০ জন গ্রিস এবং চারজন সাইপ্রাস থেকে এসেছেন। ছবি: আজকের পত্রিকা

নথিবিহীন ও অনিয়মিত পথে বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার কৌশল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভিডিও তৈরি করে অন্যদের উৎসাহিত করতেন এক ব্যক্তি। সেই পথেই ইউরোপে গিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত দেশে ফিরতে হয়েছে তাঁকে। গ্রিস ও সাইপ্রাস থেকে আজ দেশে ফেরত আসা ৪৪ বাংলাদেশির মধ্যে রয়েছেন ওই ব্যক্তিও।

আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন ০৫৫৪২) তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪০ জন গ্রিস এবং চারজন সাইপ্রাস থেকে এসেছেন। তাঁদের মধ্যে একজন নারীও রয়েছেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার জন্য অন্যদের উৎসাহিত করেছেন। তাঁর মতে, বিদেশগামীদের এ বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা না করে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যাওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

শরিফুল হাসান বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছেন। চলতি বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে রয়েছেন। এভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

তিনি বলেন, ইউরোপ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে দিন দিন কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতির আওতায় অনিয়মিত পথে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাঁদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। ফলে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত কোনো সুফল মিলছে না। ইউরোপে গেলেই সব সমস্যার সমাধান হবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।

বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, খাবার, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব সহায়তা দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শরিফুল হাসান আরও জানান, ফেরত আসা ৪৪ জনকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাঁদের পুনর্বাসনে অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।

ইউরোপ থেকে অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষর করে। এ প্রক্রিয়ার আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।

শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। দেশে ফেরার পর তাঁদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরবর্তী সময়ে অর্থনৈতিক সহায়তার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। অন্যদিকে, ইউরোপের বিভিন্ন দেশও বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নেওয়ার উদ্যোগ নিচ্ছে।

এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছে ব্র্যাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত