
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই নিজ জেলায় পা রাখলেন তিনি। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য পাওয়া যায়।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। বগুড়ায় পৌঁছালে ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। এছাড়া জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরসূচি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন এবং জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া পৌরভবনে পৌঁছে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।
এরপর দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বেলা পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।
এরপর প্রধানমন্ত্রী বেলা দেড়টায় বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেলা পৌনে ২টায় প্রধানমন্ত্রী বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করবেন। বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন শেষে সড়কপথে বগুড়া রওনা হবেন।
বিকাল ৪টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে সন্ধ্যা পৌনে ৬টায় প্রধানমন্ত্রী নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন তিনি।
এ ছাড়া প্রধানমন্ত্রী বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা করবেন।
পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন তিনি।

বগুড়া সফরে এসে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা সোয়া ১১টার দিকে আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচনসহ জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
১৩ মিনিট আগে
সারা দেশে জ্বালানি সাশ্রয় ও সুশৃঙ্খল বিতরণ নিশ্চিত করতে ‘ফুয়েল পাস’ সিস্টেম বাস্তবায়নের অংশ হিসেবে আজ সোমবার থেকে আরও ১৯টি জেলায় নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৫ মিনিট আগে
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সেইসঙ্গে অধ্যাদেশের পর তৈরি করা সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল রাখার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
৩ ঘণ্টা আগে
নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম জেলাটিতে পা রাখছেন তিনি। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন তিনি।
৪ ঘণ্টা আগে