Ajker Patrika

জাতিসংঘে নারী অংশগ্রহণ ও নিপীড়নের জবাবদিহি নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের

বাসস, ঢাকা 
জাতিসংঘে নারী অংশগ্রহণ ও নিপীড়নের জবাবদিহি নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের

শান্তি প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং তাঁদের ওপর নিপীড়নের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি’ বা ডব্লিউপিএস ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ফিলিপাইন, ইতালি ও জাতিসংঘ নারী সংস্থা যৌথভাবে বৈঠকটির আয়োজন করে।

নারী, শান্তি ও নিরাপত্তাবিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে বৈঠকটি আয়োজন করা হয়। এতে প্রস্তাবটির বাস্তবায়ন ও জবাবদিহির বিষয়টি গুরুত্ব পায়।

২০০০ সালে নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে প্রস্তাবটির প্রতি বাংলাদেশের সমর্থনের কথা স্মরণ করেন শামা ওবায়েদ। শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তে নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

দেশগুলোর প্রতি নারীদের নেতৃত্বে প্রাথমিক সতর্কতা ও মধ্যস্থতা প্রচেষ্টা জোরদার, শান্তি আলোচনায় আরও বেশি নারীকে অন্তর্ভুক্ত এবং জলবায়ু ও মানবিক পদক্ষেপে ডব্লিউপিএস কর্মসূচি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় ডব্লিউপিএস জাতীয় কর্মপরিকল্পনা প্রস্তুত করছে বলেও জানান তিনি।

নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত অপব্যবহার মোকাবিলায় বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। একই সঙ্গে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোকে এর আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত