Ajker Patrika

দেশে চিকিৎসকদের শূন্য পদ ১১ হাজার ৪৯৫টি: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪৮
দেশে চিকিৎসকদের শূন্য পদ ১১ হাজার ৪৯৫টি: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

দেশের সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসকদের জন্য অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক কর্মরত আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেছেন, চিকিৎসকের শূন্য পদের সংখ্যা ১১ হাজার ৪৯৫।

সরকারের চলমান নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য পদসমূহ পর্যায়ক্রমে পূরণ এবং প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টির মাধ্যমে দেশের জনগণের জন্য সহজলভ্য, মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য (এমপি) মো. মোশারফ হোসেনের প্রশ্নের লিখিত জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত সংসদে প্রশ্নের জবাব দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণা অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড অনুসারে বাংলাদেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন বলে মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

পাবনা-২ আসনের এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত তিন বছর ধরে চাহিদার তুলনায় জন্মনিয়ন্ত্রণসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ কিছুটা কম থাকায় পরিবার পরিকল্পনা কার্যক্রম সাময়িকভাবে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল এবং জনগণের জন্য প্রয়োজনীয় সেবা নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করার লক্ষ্যে জন্মনিয়ন্ত্রণসামগ্রী ও চিকিৎসা উপকরণের সরবরাহ স্বাভাবিক করার জন্য বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে।

জন্মনিয়ন্ত্রণসামগ্রী, প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ও ওষুধ কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মাঠপর্যায়ে সরবরাহ নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে। আগামী দু-তিন মাসের মধ্যে জন্মনিয়ন্ত্রণসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

মাদারীপুর-২ আসনের এমপি মো. জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের আসনসংখ্যা ৫ হাজার ১০০। বেসরকারি ৬৮টি মেডিকেল কলেজের আসন ৬ হাজার ২৭৮টি। প্রতিমন্ত্রী আরও জানান, দেশের সরকারি হাসপাতালে অনুমোদিত বেডের সংখ্যা ৭১ হাজার ৬৬০।

গোপালগঞ্জ-১ আসনের এমপি মো. সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে যাওয়া এবং পরে ২০২৫ সালে সরকারের পক্ষ থেকে একটি পরিপূরক হাম-রুবেলা বিশেষ ক্যাম্পেইন বাতিল করা হয়। ফলে, নিয়মিত টিকাদানের আওতা আশঙ্কাজনকভাবে কমে যায় এবং পরে দেশের শিশু ও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হামের প্রাদুর্ভাব মারাত্মক রূপ নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত