Ajker Patrika

এনসিটি ইজারার প্রতিবাদ: বদলিতেও দমছে না আন্দোলন

  • আজ থেকে একটানা ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক।
  • আন্দোলনরত ১৫ কর্মচারীকে মোংলা ও পায়রা বন্দরে বদলি।
  • অন্যায়ভাবে শ্রমিকদের বদলি করা হয়েছে: শ্রমিকনেতা
  • দেশের স্বার্থে বন্দরকে সচল রাখার আহ্বান উপদেষ্টার।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম 
এনসিটি ইজারার প্রতিবাদ: বদলিতেও দমছে না আন্দোলন
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা দেওয়ার প্রতিবাদে গতকাল নগরীর আগ্রাবাদ এলাকায় বন্দর অভিমুখে কালো পতাকা মিছিল করে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দর নিয়ে সাত মাস ধরে থেমে থেমে আন্দোলন চলছে। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক সংগঠনগুলোর এই আন্দোলন। গত ২৯ জানুয়ারি হাইকোর্টের দেওয়া রায়কে কেন্দ্র করে বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনগুলো এবার মুখোমুখি অবস্থানে চলে যায়। গত তিন দিন টানা ৮ ঘণ্টা করে শ্রমিকদের কর্মবিরতিসহ নানা কর্মসূচির কারণে থমকে যায় বন্দরের কর্মযজ্ঞ। বন্দর কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিকদের তাৎক্ষণিক বদলির মতো কঠোর পদক্ষেপ নিয়েও উদ্ভূত পরিস্থিতি সামলাতে পারছে না। এবার আন্দোলনকারীরা আজ (মঙ্গলবার) একটানা ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

বন্দরের এই অচলাবস্থা নিয়ে এবার মুখ খুলেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘দেশের বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার।’ দেশের স্বার্থে তিনি বন্দরকে সচল রাখার আহ্বান জানিয়েছেন।

আন্দোলনরত কর্মচারীদের বদল

এনসিটি ইজারার বিরুদ্ধে আন্দোলনরত ১৫ কর্মচারীকে খুলনার মোংলা বন্দর ও পটুয়াখালীর পায়রা বন্দরে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করা দুজন রয়েছেন। গতকাল সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ বদলি করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. বেলায়েত হোসেনের সই করা আদেশে দাপ্তরিক প্রয়োজনে বদলিপূর্বক সংযুক্তি প্রদান করার কথা জানানো হয়। এর মধ্যে আটজনকে পায়রা বন্দরে এবং সাতজনকে মোংলা বন্দরে বদলি করা হয়েছে।

এর আগে তিনটি পৃথক আদেশে এই কর্মচারীদের ঢাকার কমলাপুর কনটেইনার ডিপো ও কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালে বদলি করেছিল বন্দর কর্তৃপক্ষ। তবে তাঁরা এসব কর্মস্থলে যোগ দেননি। গতকাল তাঁদের আবারও বদলি করে দুই বন্দরে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, ‘অন্যায়ভাবে শ্রমিকদের বদলি করা হয়েছে। এ কারণে বদলি করা কেউ অন্যত্র যোগদান করার জন্য যাবেন না।’

কালো পতাকা মিছিল

এনসিটি বিদেশি পরিচালনায় দেওয়ার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল বেলা ১১টায় আগ্রাবাদ বাদামতলের আক্তারুজ্জামান সেন্টার চত্বরে কালো পতাকা মিছিল কর্মসূচি উপলক্ষে এক সমাবেশ হয়।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতনের সভাপতিত্বে এবং টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম সংস্কার কমিশনের সদস্য এবং টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত।

এ সময় নেতারা বলেন, দীর্ঘ সাত মাস ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে কেন এনসিটি ইজারা দেওয়া যাবে না—বারবার সুস্পষ্টভাবে সে যুক্তি উপস্থাপন করা হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো কর্ণপাত করছে না। বাধ্য হয়েই বন্দর শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি ও আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন।

বন্দরকে সচল রাখার আহ্বান উপদেষ্টার

বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ সরকার করবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। গতকাল দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে যে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতির কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম বন্দর এ বিষয় নিয়ে কাজ করছে। বন্দর বা দেশের জন্য যেটি মঙ্গলজনক বা কল্যাণকর, নৌপরিবহন মন্ত্রণালয় সেটি সমর্থন করে। তিনি দেশের স্বার্থে বন্দরকে সচল রাখার আহ্বান জানিয়েছেন সবার প্রতি।

বন্দরের পরিস্থিতি ও দিনের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক ও সহকারী জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তারেকের মোবাইলে কয়েকবার কল দিলেও তাঁরা ধরেননি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে প্রথম শিকারটি ধরেছিলেন কুখ্যাত এপস্টেইন ও তাঁর প্রেমিকা গিলেইন

‘আমাকে বিয়ে করো’, এপস্টেইনকে বলেছিলেন প্রিন্স অ্যান্ড্রুর স্ত্রী, টাকাও ধার চেয়েছিলেন

কুখ্যাত এপস্টেইনের বাড়িতে চার দিন ছিলেন নরওয়ের হবু রানি

কাবাঘরের গিলাফ পাঠানো হয়েছিল কুখ্যাত এপস্টেইনের কাছে

বান্দরবানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর নিহতের তিন বছর, সেনাবাহিনীর শ্রদ্ধা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত