Ajker Patrika

ফুরিয়ে আসছে গঙ্গা চুক্তির মেয়াদ: গ্যারান্টি ক্লজের দাবিতে অনড় ঢাকা, যা ভাবছে দিল্লি

আজকের পত্রিকা ডেস্ক­
ফুরিয়ে আসছে গঙ্গা চুক্তির মেয়াদ: গ্যারান্টি ক্লজের দাবিতে অনড় ঢাকা, যা ভাবছে দিল্লি
ফারাক্কা বাঁধ। ছবি: সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর। চুক্তি নবায়ন বা নতুন চুক্তি করার বিষয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু না হলেও পানির ন্যূনতম প্রবাহ নিশ্চিত করতে নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করার দাবিতে অনড় বাংলাদেশ। অন্যদিকে, এ ধরনের নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে ভারতের নিজস্ব পানির চাহিদা, অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এবং নদীর পানিপ্রবাহের পরিবর্তন বিবেচনায় নেওয়ার পক্ষে দিল্লি।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তবে বাংলাদেশ জানিয়েছে, ভারতের সঙ্গে আলোচনায় বসতে ঢাকা প্রস্তুত। গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও কার্যকর একটি চুক্তি চায় সরকার।

বাংলাদেশের মূল দাবি, ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো নতুন চুক্তিতে একটি গ্যারান্টি ক্লজ যুক্ত করা। এর মাধ্যমে শুষ্ক মৌসুমে গঙ্গার পানিপ্রবাহ কমে গেলেও বাংলাদেশের জন্য ন্যূনতম পানিপ্রাপ্তি নিশ্চিত করতে চায় ঢাকা। এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে বাংলাদেশ। তবে বিষয়টি নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনার জন্য বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর বাইরে যেতে চায় না তারা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়ে আগেও বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনার জন্য একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা রয়েছে। যৌথ নদী কমিশন দুই দেশের অভিন্ন নদীগুলোর বিষয় দেখভাল করে। এর মধ্যে গঙ্গাও রয়েছে।’

চুক্তির মেয়াদ শেষ হলে কী হবে

বিশেষজ্ঞদের মতে, ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হলে ফারাক্কায় পানির বণ্টন ও পর্যবেক্ষণের জন্য বিদ্যমান চুক্তিভিত্তিক কাঠামো আর কার্যকর থাকবে না। তবে এর অর্থ এই নয় যে, গঙ্গার পানির ওপর ভারত একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অধিকার পাবে। সীমান্ত অতিক্রমকারী নদীর পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় কোনো চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং আন্তর্জাতিক আইনের অধীনে সংশ্লিষ্ট দেশগুলোর বাধ্যবাধকতা বিলুপ্ত হয়ে যাওয়া এক বিষয় নয়।

সীমান্তবর্তী নদী, জলবায়ু পরিবর্তন ও আর্কটিক অঞ্চলবিষয়ক গবেষক ও বিশ্লেষক উত্তম কুমার সিনহা এনডিটিভিকে বলেন, নির্দিষ্ট কোনো চুক্তি না থাকলেও আন্তর্জাতিক নদী আইনের বৃহত্তর নীতিগুলো প্রাসঙ্গিক থাকবে। এর মধ্যে রয়েছে পানির ন্যায্য ও যুক্তিসংগত ব্যবহার, পারস্পরিক সহযোগিতা এবং সীমান্তের ওপারে উল্লেখযোগ্য ক্ষতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বাধ্যবাধকতা।

তিনি বলেন, উজানের দেশ হিসেবে দায়িত্বশীল আচরণ করা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এসব নীতি মেনে চলার ক্ষেত্রে ভারতের অঙ্গীকার কোনো একটি নির্দিষ্ট চুক্তির মেয়াদের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। চুক্তির মেয়াদ শেষ হলে পানি বণ্টনের নির্দিষ্ট ব্যবস্থায় আইনি ও প্রাতিষ্ঠানিক শূন্যতা তৈরি হতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে, বাংলাদেশের স্বার্থ বিবেচনা না করে ভারত ইচ্ছামতো পদক্ষেপ নিতে পারবে।

উত্তম কুমার সিনহা ভারতের মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের জ্যেষ্ঠ গবেষক।

গঙ্গার পানি বণ্টনে বিদ্যমান নিয়ম

১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, ভারতের ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানিপ্রবাহ পরিমাপ করে প্রতি ১০ দিন পরপর দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়। চুক্তিতে পানিপ্রবাহের পরিমাণ অনুযায়ী তিন ধরনের বণ্টনব্যবস্থা রাখা হয়েছে।

পানির প্রবাহ প্রতি সেকেন্ডে ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান পরিমাণ পানি পাবে। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক এবং বাকি পানি পাবে ভারত। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পাবে বাংলাদেশ।

এ ছাড়া চুক্তিতে বলা হয়েছে, প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত প্রতি ১০ দিনের পর্যায়ক্রমিক তিনটি সময়ে দুই দেশই ৩৫ হাজার কিউসেক করে পানি পাবে। তবে বর্তমান চুক্তিতে নির্দিষ্ট পরিমাণ পানি নিশ্চিত করার সরাসরি কোনো গ্যারান্টি ক্লজ নেই। যদিও পানিপ্রবাহ অস্বাভাবিকভাবে কমে গেলে জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ বিধান রয়েছে।

চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদের (৩) নম্বর উপধারায় বলা হয়েছে, কোনো ১০ দিনের সময়ে ফারাক্কায় পানির প্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশের সরকার জরুরি ভিত্তিতে আলোচনা করে পানি বণ্টনে প্রয়োজনীয় সমন্বয় করবে। এ ক্ষেত্রে ন্যায্যতা, সুবিচার এবং কোনো পক্ষের ক্ষতি না করার নীতি অনুসরণ করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে নদীর পানিপ্রবাহের ধরনে পরিবর্তন আসায় নতুন করে গ্যারান্টি ক্লজ যুক্ত করার প্রয়োজনীয়তা ও এর বাস্তবায়ন নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

১৯৭৭ সালের চুক্তির মতো নিশ্চয়তা চায় বাংলাদেশ

বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, নতুন চুক্তির মাধ্যমে গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায় সরকার। তিনি বলেন, ‘১৯৭৭ সালের চুক্তির মতো একটি গ্যারান্টি ক্লজ পুনর্বহাল করা বাংলাদেশের অগ্রাধিকার। আমরা ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত এবং আশা করি, দীর্ঘমেয়াদি ও উভয় দেশের কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।’

১৯৭৭ সালের ফারাক্কায় গঙ্গার পানি বণ্টন চুক্তিতে বাংলাদেশের জন্য ন্যূনতম পানিপ্রাপ্তি নিশ্চিত করার একটি সুরক্ষাব্যবস্থা ছিল। তবে ১৯৯৬ সালের চুক্তিতে ভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভারতের ফারাক্কা ব্যারাজ এবং বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে।

চুক্তির ১১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বিশেষ কিছু পরিস্থিতিতে নির্ধারিত হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য পানির অন্তত ৯০ শতাংশ ছাড়বে ভারত। তবে এই বিধান শুষ্ক মৌসুমজুড়ে কোনো শর্ত ছাড়াই নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়ার নিশ্চয়তা দেয় না বলে জানিয়েছেন উত্তম কুমার সিনহা।

গ্যারান্টি ক্লজ নিয়ে দিল্লির আপত্তি কোথায়

বাংলাদেশের গ্যারান্টি ক্লজের দাবির বিষয়ে ভারতের উদ্বেগ ব্যাখ্যা করে উত্তম কুমার সিনহা বলেন, ভারত পানি বণ্টনের একটি ব্যবস্থা গ্রহণে রাজি হতে পারে। তবে কোনো শর্ত ছাড়াই নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়ার নিশ্চয়তা দেওয়া ভারতের পক্ষে গ্রহণ করা উচিত হবে না।

এ ক্ষেত্রে তিনি ভারতের তিনটি বাস্তবতার কথা তুলে ধরেন। প্রথমত, ভারতের নিজস্ব পানির চাহিদা রয়েছে। গঙ্গা শুধু একটি আন্তসীমান্ত নদী নয়, ভারতের বেশ কয়েকটি রাজ্যের অর্থনীতি, কৃষি ও পরিবেশের সঙ্গেও গভীরভাবে জড়িত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভাগীরথী-হুগলি নদীব্যবস্থা এবং কলকাতা বন্দরের স্বার্থ রয়েছে। অন্যদিকে বিহারের উদ্বেগের বিষয় হলো নদীর গতিপথের পরিবর্তন, পলি জমা এবং বন্যা। ফলে এসব বিষয় উপেক্ষা করে কোনো চুক্তি করা সম্ভব নয়।

সিনহার মতে, নতুন চুক্তি ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাঠামোর মধ্যে রাজনৈতিক ও কারিগরি দিক থেকে বাস্তবসম্মত হতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে পানির নিশ্চয়তা দেওয়া উচিত কি না, মূল প্রশ্ন সেটি নয়। বরং কী ধরনের নিশ্চয়তা নদীর পানির বাস্তব প্রবাহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং রাজনৈতিকভাবে টেকসই হবে, সেটিই বিবেচনার বিষয়।

তাঁর মতে, নদীতে পানির প্রকৃত প্রাপ্যতা যা-ই থাকুক না কেন, তার বাইরে গিয়ে ৩৫ হাজার বা ৪০ হাজার কিউসেক পানি দেওয়ার মতো নির্দিষ্ট ন্যূনতম নিশ্চয়তা সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ, নদীর পানিপ্রবাহ সব সময় এক রকম থাকে না। বৃষ্টিপাত, উজানে পানির ব্যবহার, জলবায়ু পরিবর্তন এবং উভয় দেশের অভ্যন্তরীণ পানির চাহিদা বৃদ্ধির কারণে নদীর প্রবাহে পরিবর্তন আসে। ১৯৯৬ সালের পর থেকে এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি নদীর প্রকৃত পানিপ্রবাহ ও ভারতের অভ্যন্তরীণ চাহিদাও নতুন চুক্তিতে বিবেচনায় নিতে হবে। ফলে গ্যারান্টি ক্লজের ধরন ও বাস্তবায়নপদ্ধতি নির্ধারণই দুই দেশের আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত