
জনবল নিয়োগ, পরিচালন কাঠামো তৈরি এবং বেশ কিছু নির্মাণকাজ চলমান থাকাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের ক্ষেত্রে বিলম্বের কারণ হিসেবে তুলে ধরেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মন্ত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাক্রমের স্মরণে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। সেই কর্মসূচির মধ্যে কোনো একদিন এই জাদুঘরটি উদ্বোধন করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী জাদুঘর উদ্বোধন প্রসঙ্গে বিস্তারিত কথা বলেন।
তিনি বলেন, বিগত ১৮ বছরের দুঃশাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগের প্রতীক হিসেবে এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের স্মৃতিকে অম্লান রাখতে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা করা হয়েছে। সরকারের সুনির্দিষ্ট আইনি বিধিনিষেধ ও প্রক্রিয়া অনুসরণ করে অত্যন্ত দ্রুততার সঙ্গে এই জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের প্রস্তুতি চলছে।
বিলম্বের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য গত সংসদে একটি বিল পাস করা হয়েছে। সেই বিলে কিছু গ্যাপ থাকলে সেটা আলোচনা করে ঠিক করা যাবে। বিল অনুযায়ী পরিচালনা পর্ষদ করা হয়েছে। সেটা আকারে প্রকাশ করতে কিছুটা সময় লেগে গেছে। এখন জনবল নিয়োগের ব্যাপার রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে কিছুটা সময় লেগেছে। এ ছাড়া নির্মাণকাজেও কিছুটা সময় লেগেছে। ইতিমধ্যেই নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে, আগামী দুই-এক দিনের মধ্যে পর্ষদের বৈঠক হবে। সেখানে জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে। এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দৈনন্দিন সূচিতে সময় বরাদ্দ পাওয়া সাপেক্ষে উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।’
জুলাই-আগস্ট মাসজুড়ে কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘১৫ জুলাইকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি। কারণ, ১৪ তারিখ রাতে ছাত্ররা হল ছেড়ে বেরিয়ে এসেছিল। নারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করেছিল। ১৬ তারিখ থেকে মৃত্যুর মিছিল শুরু হয়েছে। এই ল্যান্ডমার্কগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা প্রদর্শনী করা হবে।’
উদ্বোধন আর দুর্নীতির অভিযোগের সঙ্গে সম্পর্ক নেই: এদিকে উদ্বোধনের আগে এই জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘মাত্র চার মাস ধরে ক্ষমতায় আছে বিএনপি সরকার। দুর্নীতি হয়ে থাকলে সেটা আগে হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ কর্তৃপক্ষকে জানাব।’
তবে জাদুঘরের পরিচালনা পর্ষদের প্রথম সভায় দুর্নীতিবিষয়ক অভিযোগগুলো নিয়ে আলোচনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কোনো দুর্নীতি হয়ে থাকলে সেটা সঠিক উপায়ে পদক্ষেপ নিতে হবে। সে ক্ষেত্রে এসব বিষয়গুলো দেখভালে দুর্নীতি দমন কমিশন রয়েছে। আমরা শতভাগ দুর্নীতির মূলোচ্ছেদ করতে চাই।’
সংস্কৃতি উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘দুর্নীতির অভিযোগ আর জাদুঘর উদ্বোধন—দুটো ভিন্ন বিষয়। একটার সঙ্গে আরেকটার সম্পর্ক নেই। এমন নয় যে দুর্নীতির সুরাহা না হলে জাদুঘর উদ্বোধন করা যাবে না। দুটো বিষয় আলাদাভাবে দেখতে হবে।’
সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতিসচিব কানিজ মওলা উপস্থিত ছিলেন।

সরকারি দরপত্রে সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা সংশোধনের একটি খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়াটি শিগগির সংসদে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
১ ঘণ্টা আগে
এখন ভাদ্র মাস। এ মাসে তাল পাকে। সেটা এমনি এমনি পাকে না, গরমের তীব্রতার কারণেই পাকে। সেই তাল পাকা গরমে দেশে বেড়েছে লোডশেডিং। ফলে, দিনে-রাতে গরমে হাঁসফাঁস অবস্থা। সে সঙ্গে সন্ধ্যা নামার পর লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকার নেমে আসছে দেশের অনেক এলাকায়।
২ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির...
২ ঘণ্টা আগে
চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।পুনর্গঠনের ফলে বাণিজ্য, শিল্প, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্যপদে পরিবর্তন এসেছে।
২ ঘণ্টা আগে