১০০ দিনের পরিকল্পনা জানাল তথ্য কমিশন, হবে তথ্য অধিকার মেলা

তথ্য কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে ১০০ দিনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান।
বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে তথ্য কমিশন সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রধান তথ্য কমিশনার বলেন, ১০০ দিনের পরিকল্পনার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে এক সপ্তাহব্যাপী তথ্য অধিকার মেলা আয়োজন, দীর্ঘদিনের জমে থাকা অভিযোগের শুনানি শুরু এবং সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্য কমিশনের জনবলসংকটের কথা তুলে ধরে তিনি বলেন, অর্গানোগ্রাম অনুযায়ী কমিশনে ৭৬ জন জনবল থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী। সীমিত জনবল ও নানা প্রতিবন্ধকতা নিয়েই তাঁরা কাজ শুরু করেছেন।
গত ১৭ বছরে গণতন্ত্রের চর্চায় তথ্য কমিশন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি উল্লেখ করে নাহরিন ইসলাম খান বলেন, নিরপেক্ষ ও শক্তিশালীভাবে কাজ করার জন্য তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। সীমিত জনবল নিয়েও ইতিমধ্যে কিছু কার্যক্রম শুরু করেছেন।
১০০ দিনের পরিকল্পনার অন্যতম লক্ষ্য হিসেবে সাধারণ মানুষের কাছে তথ্য কমিশনের পরিচিতি তুলে ধরার কথা জানান তিনি। এ প্রসঙ্গে প্রধান তথ্য কমিশনার বলেন, মানুষকে জানাতে চান যে বাংলাদেশে একটি শক্তিশালী তথ্য কমিশন রয়েছে, যার দরজা প্রতিটি সাধারণ মানুষের জন্য খোলা।
তথ্য অধিকার মেলার বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে চাকরি মেলা বা ক্যারিয়ার মেলার মতো তথ্য অধিকার মেলার আয়োজন করা হবে। চলতি মাসের শেষ দিকে ঢাকাভিত্তিক তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী এ মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীরা তথ্য অধিকার আইনের মাধ্যমে কীভাবে নিজেদের দাবি-দাওয়া বাস্তবায়নের উদ্যোগ নিতে পারেন, সে বিষয়ে জানতে পারবেন।
শিক্ষার্থীদের মধ্যে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধান তথ্য কমিশনার। তিনি বলেন, গত কয়েক বছরে শিক্ষার্থীদের মধ্যে মবের নৈরাজ্য দেখা গেছে, যেটিকে অনেকভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে গণতান্ত্রিক চর্চায় এ ধরনের প্রবণতা কাম্য নয়। শিক্ষার্থীরা যেন নিজেদের অধিকারের কথা আইনগতভাবে তুলে ধরতে পারেন, সে বিষয়ে সচেতনতা তৈরিতে তথ্য অধিকার মেলা ভূমিকা রাখবে।
দীর্ঘদিন ধরে জমে থাকা অভিযোগের বিষয়ে তিনি জানান, গত দুই বছরে তথ্য কমিশনে ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। আগামী ১৬ তারিখ থেকে এসব অভিযোগের শুনানি শুরু হবে।
তিনি আরও বলেন, তথ্য কমিশন প্রতিষ্ঠার পর মানুষের মধ্যে অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি হয়েছে। মানুষ বুঝতে পেরেছে, অভিযোগ জানিয়ে ন্যায্য অধিকার আদায়ের সুযোগ রয়েছে। দায়িত্ব নেওয়ার পর কয়েক দিনের মধ্যেই, অর্থাৎ ১৮ তারিখ থেকে এ পর্যন্ত প্রায় ২০০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ নিয়েও কাজ করতে চান তাঁরা।
প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে প্রধান তথ্য কমিশনার বলেন, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের পাশাপাশি রাজনীতিবিদদেরও প্রশিক্ষণের আওতায় আনতে চায় তথ্য কমিশন। এর মাধ্যমে ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে প্রতিবাদের নামে রাজপথ বন্ধ করা, মব সৃষ্টি বা বিশৃঙ্খলা এড়ানোর পাশাপাশি সরকার ও মন্ত্রণালয়গুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরি করা হবে।
সংবাদ সম্মেলনে দুই তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন।









