Ajker Patrika

দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ২০: ০২
দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি
রাজধানীর কলাবাগান থানাধীন ধানমন্ডি সর্বজনীন পূজামণ্ডপ ও কলাবাগান ক্রীড়াচক্র মাঠের পূজামণ্ডপ পরিদর্শন শেষে ব্রিফিং করে এসআরবি। ছবি: আজকের পত্রিকা

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে রাজধানীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে এসআরবি। গুজব প্রতিরোধে সংস্থাটির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

আজ শনিবার বিকেলে রাজধানীর কলাবাগান থানাধীন ধানমন্ডি সর্বজনীন পূজামণ্ডপ ও কলাবাগান ক্রীড়াচক্র মাঠের পূজামণ্ডপ পরিদর্শন শেষে নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

ব্রিফিংয়ে ডিআইজি নয়মুল হাসান বলেন, পূজামণ্ডপ এলাকায় ইউনিফর্মধারী সদস্যদের টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পূজা উপলক্ষে এসআরবি-২-এর কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা রয়েছে। যেকোনো প্রয়োজনে বা গুজব-সংক্রান্ত তথ্য জানাতে ০১৭৭৭৭১০২৯৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক প্রচারণা ছড়ানো হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এ ছাড়া বিসর্জনের দিন হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, বৈচিত্র্য বাংলাদেশের শক্তি। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ। এই উৎসবের নিরাপত্তা নিশ্চিত করা এসআরবি-২-এর সদস্যদের পেশাগত দায়িত্ব।

এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করে এলাকাবাসীকে নির্ভয়ে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো গুজবে কান না দিয়ে সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত