Ajker Patrika

শেখ হাসিনা ইস্যুতে মন্ত্রীদের কথার মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২১: ৫০
শেখ হাসিনা ইস্যুতে মন্ত্রীদের কথার মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা
জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে বর্তমান সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা বিভিন্ন রকমের কথা বলছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘একটির সঙ্গে আরেকটির মিল খুঁজে পাচ্ছি না।’

আজ রোববার জাতীয় সংসদে ৭১ বিধির দুই মিনিটের আলোচনায় এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি—‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।’ ঠিক তেমনিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা এর সর্বশেষ উদাহরণ।

সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার বক্তব্য তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার বক্তব্যে একটির সঙ্গে আরেকটির কোনো মিল খুঁজে পাচ্ছি না। যেমন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান ৩ নভেম্বর বলেছেন, ‘হাসিনা নিজে ফিরুন বা তাঁকে ফিরিয়ে আনা হোক, সরকারের চাওয়া একটাই। সরকার তাঁর আসা ঠেকাতে চায় না। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক।’

রুমিন আরও বলেন, কিছুদিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। ৯ নভেম্বর আবার বলেছেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কোনো পরিকল্পনাও সরকারের নেই। অন্য একটি প্রতিবেদনে তিনি বন্দিবিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনার কথাও উল্লেখ করেছেন।

স্বতন্ত্র এই এমপি বলেন, ‘মাননীয় স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত আছেন। তিনি ৯ নভেম্বর পাসপোর্ট ও এনআইডির আবেদনের প্রসঙ্গে বলেছেন, ‘‘সত্যতা আমি এখনো যাচাই করতে পারি নাই’’। আবেদনের আইনগত ভিত্তি যাচাই করে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি জানান। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।’

রুমিন ফারহানা বলেন, অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ৮ ও ১৪ নভেম্বর বলেছেন, সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে, এখন বাকি সিদ্ধান্ত ভারতের। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাসিনার আপিলের কোনো সুযোগ নেই।

স্বতন্ত্র এই এমপি বলেন, ‘আমরা যেসব অসংগতি দেখতে পাচ্ছি, তা হলো—প্রধানমন্ত্রীর উপদেষ্টা পাসপোর্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন, অথচ পররাষ্ট্র প্রতিমন্ত্রী তা সরাসরি নাকচ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আবেদন যাচাই করা হয়নি। অন্যদিকে একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন…।’ তবে সময় শেষ হয়ে যাওয়ায় রুমিন ফারহানা বক্তব্য শেষ করতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত