নেপালে সাম্প্রতিক দুর্নীতিবিরোধী বিক্ষোভে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পর্যটন খাত। ব্যস্ত মৌসুমে রাজনৈতিক অস্থিরতায় বিদেশি ভ্রমণকারীর সংখ্যা কমেছে ৩০ শতাংশ। অনেক দেশ তাদের নাগরিকদের নেপালে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে। ফলে পর্যটন আয় কমে যাওয়ার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থাও নষ্ট হচ্ছে। এই অবস্থা দেশটির অর্থনীতির জন্য বড় সংকট তৈরি করেছে।
এবারের বিক্ষোভকে নেপালের কয়েক দশকের মধ্যে ভয়াবহ বলা হচ্ছে। সহিংসতায় প্রাণ হারিয়েছে ৭০ জনের বেশি এবং আহত হয়েছে ২ হাজারের অধিক। এসব ঘটনার পর সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জায়গায় সরকারি ভবন ও হোটেল পুড়িয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যা বিদেশিদের কাছে নেপালকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তুলে ধরছে।
সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত নেপালে পর্যটনের ভরা মৌসুম। সাধারণত এ সময় লাখ লাখ বিদেশি ভ্রমণকারী হিমালয় ট্রেকিংসহ নানান অ্যাডভেঞ্চারের জন্য নেপালে ভিড় জমায়। কিন্তু এবার পরিস্থিতি উল্টো। সব সময় পর্যটকে পূর্ণ থাকা কাঠমান্ডুর থামেল এলাকা এখন প্রায় ফাঁকা। অনেক হোটেল-রেস্তোরাঁয় বুকিং বাতিল হয়ে গেছে। এক হোটেলের মালিক জানিয়েছেন, তাঁদের আগামী মাসের সব বুকিং বাতিল হয়ে গেছে। এমন অবস্থায় তাঁদের আর্থিক ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে।
প্রতিবছর নেপালে প্রায় ১২ লাখ পর্যটক ভ্রমণে যায়। পর্যটন থেকে দেশটি তাদের মোট আয় বা জিডিপির প্রায় ৮ শতাংশ আয় করে। কিন্তু সাম্প্রতিক সহিংসতার কারণে সেই খাত বড় সমস্যায় পড়েছে। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, গত বছরের তুলনায় এবার পর্যটকসংখ্যা ৩০ শতাংশ কমেছে। হোটেল-রেস্তোরাঁয় বুকিং বাতিলের হারও বেড়ে দাঁড়িয়েছে ৮-১০ শতাংশে।

তবে এর মাঝেও কিছু ইতিবাচক দিক রয়েছে। কয়েকজন বিদেশি পর্যটক জানিয়েছেন, তাঁরা নেপালে থাকলেও নিজেদের নিরাপদই মনে করছেন। এতে বোঝা যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নেপাল আবারও ভ্রমণকারীদের জনপ্রিয় গন্তব্য হয়ে উঠতে পারে।

বর্তমানে দেশটির অন্তর্বর্তী সরকার পরিচালনা করছেন সুশীলা কারকি। তিনি শান্তি ফিরিয়ে আনা এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। আগামী ৫ মার্চ দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। পর্যটন খাত ঘুরে দাঁড়াবে কি না, তা অনেকটাই নির্ভর করছে সেই নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার ওপর।
হিমালয়ের অপার সৌন্দর্য, বিশ্বখ্যাত ট্রেকিং রুট আর অনন্য সংস্কৃতির দেশ নেপাল এখন কঠিন সময়ের মধ্যে আছে। তবে পরিস্থিতি শান্ত হলে আবারও পর্যটকেরা ফিরে আসবে, এমন আশা স্থানীয়দের।
সূত্র: স্কিফ্ট

কখনো কি ভেবে দেখেছেন, কেন আমরা শর্করা খেতে চাই বার বার? শর্করা মূলত মস্তিষ্কের ফুয়েল। অর্থাৎ আপনার ব্রেন সবচেয়ে বেশি পছন্দ করে কার্বোহাইড্রেট। শর্করা থেকে আসা গ্লুকোজ না পেলে ব্রেন ঠিকঠাক কাজই করতে পারে না, মনোযোগের অভাব দেখা দেয়। আমাদের শরীরের হ্যাপিনেস হরমোনও শর্করা দিয়ে নিয়ন্ত্রিত...
৮ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ খাদ্যরসিক ও ভ্রমণকারীর অভিজ্ঞতা এবং পর্যালোচনার ওপর ভিত্তি করে সম্প্রতি আন্তর্জাতিক ভ্রমণ প্ল্যাটফর্ম ট্রিপ অ্যাডভাইজার প্রকাশ করেছে এ বছরের ট্রাভেলার্স চয়েস বেস্ট অব দ্য বেস্ট রেস্তোরাঁর তালিকা। প্ল্যাটফর্মটিতে থাকা প্রায় ৮০ লাখ রেস্তোরাঁর তালিকার মধ্যে শীর্ষ ১...
১১ ঘণ্টা আগে
ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। মেঘনার বিস্তীর্ণ জলরাশির ওপর কুয়াশার পাতলা চাদর। দূরে জেলেদের নৌকা ঢেউ কেটে এগিয়ে চলছে। পুব আকাশে সূর্যের আভা ছড়িয়ে পড়তেই নদীর জল চিকচিক করে উঠল সোনালি আলোয়। ম্যানগ্রোভ বনের ফাঁক দিয়ে হঠাৎ ছুটে গেল একদল হরিণ। কোথাও পাখির ডাক, কোথাও মহিষের ঘণ্টার শব্দ, আবার কোথাও...
১৯ ঘণ্টা আগে
‘জীবন একটি রোমাঞ্চকর অভিযান ছাড়া কিছু নয়’—হেলেন কেলারের এই কথার সার্থক রূপায়ণ ঘটিয়েছেন পার্বত্য চট্টগ্রামের তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর তরুণ বীর কুমার তঞ্চঙ্গ্যা। কক্সবাজারের সোনাঝরা সৈকতের নোনাজল ছেড়ে সাইকেলে চেপে বীর কুমার যাত্রা শুরু করেছিলেন হিমালয়ের উদ্দেশে।
২০ ঘণ্টা আগে