Ajker Patrika

সকাল বেলা বানিয়ে ফেলুন ভাতের ওমলেট

ফিচার ডেস্ক, ঢাকা 
সকাল বেলা বানিয়ে ফেলুন ভাতের ওমলেট
কোরিয়ান ওমুরাইস। ছবি: মাই কোরিয়ান কিচেন

কোরিয়ান ওমুরাইসের ইতিহাস বেশ আকর্ষণীয়। এই খাবারটি জাপানি শাসনের সময় কোরিয়াতে প্রবেশ করে এবং পরবর্তীতে সেখানকার একটি অন্যতম ঘরোয়া খাবারে পরিণত হয়। সবজি ও মাংস দিয়ে ভাজা ভাতকে একটি পাতলা ডিমের ওমলেটের ভেতর মুড়িয়ে ওপর থেকে টক-মিষ্টি কেচাপ বা গাঢ় ডেমি-গ্লেস সস দিয়ে পরিবেশন করা হয় এই খাবারটি। এর আকর্ষণীয় চেহারা ও দারুণ স্বাদের কারণে এটি শিশুদের কাছে বেশ জনপ্রিয়।

উপকরণ

ডেমি-গ্লেস সস তৈরির জন্য লাগবে দেড় টেবিল চামচ রান্নার তেল, ১ টেবিল চামচ ময়দা, ৫ টেবিল চামচ কেচাপ, ১ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ মধু বা ব্রাউন সুগার, পানি পরিমাণমতো এবং সামান্য দুধ। ফ্রাইড রাইস তৈরির জন্য প্রয়োজন হবে আধা বাটি গাজর, অর্ধেক পেঁয়াজ, কুচানো সবুজ ক্যাপসিকাম, পরিমাণ মতো চিকেন কিউব, ২ কাপ রান্না করা ঠান্ডা ভাত এবং রাইস সিজনিংয়ের জন্য ১ টেবিল চামচ কেচাপ, ১ টেবিল চামচ সয়া সস। আর ওমলেট তৈরির জন্য লাগবে প্রতি পরিবেশনে ৩টি করে ডিম, এক চিমটি লবণ এবং পরিমাণমতো তেল।

প্রণালি

কোরিয়ান ওমুরাইস। ছবি: মাই কোরিয়ান কিচেন
কোরিয়ান ওমুরাইস। ছবি: মাই কোরিয়ান কিচেন

প্রথমে ডেমি-গ্লেস সস বানানোর জন্য প্যানে তেল ও ময়দা মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট নেড়ে বাদামি রঙের রু বানিয়ে নিন। তারপর তাতে কেচাপ, সয়া সস, মধু, পানি ও দুধের মিশ্রণ ঢেলে ৮ থেকে ১০ মিনিট ফুটিয়ে ঘন সস তৈরি করে আলাদা রাখুন। এরপর ফ্রাইড রাইস তৈরির জন্য কড়াইয়ে তেল গরম করে কুচানো গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম ও চিকেন কিউব ভালোভাবে ভেজে, তাতে ভাত এবং সিজনিংয়ের সসগুলো মিশিয়ে ১ থেকে ২ মিনিট নেড়ে ঢাকনা দিয়ে রাখুন। তাতে সেগুলো গরম থাকবে। ওমলেট তৈরির জন্য ডিম ও লবণ একসঙ্গে ফেটিয়ে নিন। এরপর ভালোভাবে প্রি-হিট করা নন-স্টিক প্যানে তেল দিয়ে ফেটানো ডিম ঢেলে দিন। পর এর ধারগুলো জমে উঠলে দুটি চপস্টিক দিয়ে দুই প্রান্ত থেকে কেন্দ্রের দিকে এনে নরম ওভাল শেপ তৈরি করে নিতে হবে।

পরিবেশন

প্রথমে একটি ছোট বাটিতে ফ্রাইড রাইস ভালো করে ভরে নিয়ে প্লেটের ওপর উল্টে বাটিটি সাবধানে সরিয়ে নিন। এরপর ভাতের ওপর প্যান থেকে ওই নরম ও সুদৃশ্য ডিমের ওমলেটটি অত্যন্ত সাবধানতার সঙ্গে স্লাইড করে বসিয়ে দিতে হবে। ওমলেটের ওপর আগে থেকে তৈরি করা গরম ডেমি-গ্লেস সস পছন্দমতো ছড়িয়ে দিয়ে এটি গরম পরিবেশন করতে হবে।

সূত্র: মাই কোরিয়ান কিচেন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত