স্কার্ট নতুন কোনো পোশাক নয়। ফ্যাশনে পুরোনো পোশাকও যে নান্দনিকতায়, দেশীয় ভাবনায় এবং ভিন্ন কাটিংয়ে একেবারে নতুন করে ধরা দিতে পারে, তারই উদাহরণ হয়ে উঠছে বাংলাদেশে তৈরি ফ্লেয়ার্ড স্কার্ট। বিশেষ করে ভ্রমণ, আড্ডা, ফটোশুট কিংবা বিশেষ কোনো উপলক্ষে নিজেকে একটু আলাদা করে উপস্থাপন করতে চান, এমন নারীদের পোশাকের তালিকায় জায়গা করে নিয়েছে দীর্ঘ ঘেরের নান্দনিক স্কার্ট। সাধারণ টপস, শার্ট কিংবা ক্রপ টপের সঙ্গে একটি আকর্ষণীয় স্কার্ট জুড়ে দিলেই তৈরি হতে পারে সম্পূর্ণ নতুন একটি লুক।
বাংলাদেশি ব্র্যান্ড মৈথিলীর এমন স্কার্টের নকশায় রয়েছে সেই ভিন্নতার ছোঁয়া। ব্র্যান্ডটির ডিজাইনার লুবনা নাফিরের ভাবনায় স্কার্টের অনুপ্রেরণা এসেছে প্রজাপতি থেকে। তিনি বলেন, ‘এই স্কার্টগুলোর ইন্সপিরেশন আসলে বলা যায় বাটারফ্লাই। ঘের যখন দুই হাত দিয়ে মেলে ধরবেন, দেখবেন একদম প্রজাপতির মতো লাগে।’
স্কার্টের বিশেষত্ব শুধু এর রং কিংবা নকশায় নয়, এর বিশাল ঘেরেও। মৈথিলীর প্রতিটি স্কার্ট তৈরি করা হয় ফাইন কটন কাপড়ে। লেয়ারড স্কার্টগুলোর ঘের প্রায় ৪৩০ ইঞ্চি, অর্থাৎ ১২ গজ কাপড়ের সমান। পাঁচটি লেয়ারে তৈরি এই স্কার্টে নিচের লেয়ারে সবচেয়ে বেশি ঘের রাখা হয় এবং ওপরের দিকে ধাপে ধাপে ঘের কমে আসে। ফলে স্কার্টটি পরলে শরীরে একটি সুন্দর ও স্বাভাবিক শেপ তৈরি হয়।
ডিজাইনার লুবনা নাফিরের ভাষায়, ‘যখন বানানোই হবে, এমনভাবে যেন বানানো হয় যে পরলে একদম প্রজাপতির মতো লাগে।’
এই ভাবনাই স্কার্টের রঙের ক্ষেত্রেও প্রতিফলিত হয়েছে। প্রজাপতির ডানায় যেমন একাধিক রঙের সমন্বয় দেখা যায়, তেমনি স্কার্টেও দুই বা তিনটি রঙের কম্বিনেশন, নিজস্ব ব্লক ও মোটিফ ব্যবহার করা হয়। ফলে একটি স্কার্ট শুধু একটি পোশাক না হয়ে হয়ে ওঠে একটি আলাদা ভিজ্যুয়াল স্টেটমেন্ট।

সমুদ্রের ধারে দাঁড়িয়ে বাতাসে উড়তে থাকা বিশাল ঘেরের স্কার্ট—ছবির জন্য এর চেয়ে আকর্ষণীয় দৃশ্য আর কী হতে পারে! ভ্রমণের পোশাক হিসেবে স্কার্টের বড় সুবিধা হলো, একই পোশাক বিভিন্নভাবে স্টাইল করা যায়।
সমুদ্র ভ্রমণে একটি ফ্লেয়ার্ড স্কার্টের সঙ্গে পরা যেতে পারে সাদা বা হালকা রঙের সিম্পল টপ। সঙ্গে খোলা চুল, ছোট কানের দুল এবং স্যান্ডেল। এতে তৈরি হবে আরামদায়ক অথচ নান্দনিক বিচ লুক। ছবি তোলার সময় স্কার্টের ঘের দুহাতে ছড়িয়ে দিলে প্রজাপতির ডানার মতো একটি সুন্দর ভিজ্যুয়াল তৈরি হবে।
পাহাড়ে গেলে একই স্কার্টের সঙ্গে বেছে নেওয়া যেতে পারে সলিড কালারের শার্ট বা ফিটেড টপ। কোমরে একটি বেল্ট যোগ করলে লুকটি আরও স্ট্রাকচারড হবে। সঙ্গে ক্যানভাস জুতা বা কমফোর্টেবল স্যান্ডেল। এতে একই সঙ্গে পাওয়া যাবে ট্রাভেল-ফ্রেন্ডলি ও স্টাইলিশ লুক।
আর শহরের কোনো ক্যাফে, আর্ট গ্যালারি কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডার জন্য স্কার্টের সঙ্গে পরা যেতে পারে ক্রপ টপ, নিটেড টপ বা ছোট শার্ট। ছোট হ্যান্ডব্যাগ, মিনিমাল জুয়েলারি এবং ফ্ল্যাট জুতা পুরো সাজকে আরও আধুনিক করে তুলতে পারে। আর এখন তো ঘোরাঘুরি বা ট্যুরে বের হলে সবাই ভালো ভালো ছবি তুলতে চায়। সে ক্ষেত্রে কয়েক রঙের মিশেলের স্কার্ট সুন্দর লুক ফুটিয়ে তোলে।
ফ্যাশন হাউস আর্টেমিসের স্বত্বাধিকারী ফায়জা আহমেদ রাফা বলেন, ‘আর্টেমিস বড় ঘেরের বেশ কিছু স্কার্টের নকশা করেছে এবার। এসব স্কার্ট মানেই শুধু ক্যাজুয়াল লুক—এমনটা ভাবার কারণ নেই। বরং একটু পরিকল্পনা করে স্টাইল করলে একই স্কার্ট দিয়েই তৈরি করা যায় পার্টি বা বিশেষ অনুষ্ঠানের সাজ।’
বিশেষ কোনো দিনে স্কার্টের সঙ্গে সিল্ক বা সাটিনের টপ, স্টেটমেন্ট ইয়াররিং এবং হিল জুড়ে দেওয়া যেতে পারে। স্কার্টে যদি একাধিক রং থাকে, তাহলে টপের রং হিসেবে স্কার্টের কোনো একটি রং বেছে নিলে পুরো লুকটি ভারসাম্যপূর্ণ দেখাবে। আবার স্কার্টের ডিজাইন যদি তুলনামূলক বেশি আকর্ষণীয় হয়, তাহলে ওপরের অংশে মিনিমাল থাকা ভালো।
দেশীয় আবহ আনতে চাইলে স্কার্টের সঙ্গে ব্লাউজও ব্যবহার করা যায়। একটি সুন্দর কাটের ব্লাউজ, ঝুমকা, খোঁপা কিংবা খোলা চুল—সব মিলিয়ে তৈরি হতে পারে আধুনিক ও ঐতিহ্যের মিশেলে ভিন্নধর্মী সাজ।
বড় ঘেরের কয়েক লেয়ারের স্কার্টের অন্যতম সৌন্দর্য হলো—স্টাইলিংয়ের জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। কারণ, স্কার্টের বিশাল ঘের এবং রঙের বৈচিত্র্য নিজেই পোশাকের প্রধান আকর্ষণ। সাদা, কালো কিংবা বেইজের মতো নিউট্রাল টপের সঙ্গে রঙিন স্কার্ট পরলে স্কার্টটি পুরো লুকের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। অন্যদিকে স্কার্টে যদি অপেক্ষাকৃত শান্ত রং থাকে, তাহলে উজ্জ্বল রঙের টপ কিংবা আকর্ষণীয় গয়না ব্যবহার করা যেতে পারে।
লুবনা নাফির বলেন, ‘মৈথিলী বরাবর চেষ্টা করে একটু ভিন্ন ধাঁচে কাজ করার। যারা একটু ইউনিক, প্রিমিয়াম, ক্লাসি লুক চান, তাঁরা এই স্কার্টগুলো বেছে নিতে পারেন।
অনলাইনভিত্তিক বিভিন্ন উদ্য়োগ; যেমন মৈথিলী, আর্টেমিস, যদি, লং, সুতোপোকা, বনবিবি, নীলারণ্য, অরিন্দ্রিতা, বেলা, নিব্রিতাসহ বিভিন্ন ফেসবুক পেজে বড় ঘেরের কয়েক লেয়ারের স্কার্ট পাওয়া যাবে। এগুলোর দাম ১ হাজার ৪৫০ থেকে ৪ হাজার টাকার মধ্য়ে।

ধোঁয়া ওঠা খিচুড়ি কিংবা এক থালা গরম ডাল-ভাতের সঙ্গে সামান্য একটু টক-ঝাল-মিষ্টি আচার খাওয়ার মজাই আলাদা। আগের দিনে পরিবারের বয়োজ্যেষ্ঠরা নিয়মিত উঠান বা ছাদে কাচের পাত্রে আচার রোদে দিয়ে সারা বছর সতেজ রাখতেন। কিন্তু আধুনিক অ্যাপার্টমেন্ট কালচার...
১ ঘণ্টা আগে
সৌন্দর্যচর্চায় আমরা প্রায়ই ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাওয়া কিংবা ব্ল্যাকহেডস বা বলিরেখা কমানোর বিষয়ে মনোযোগী হয়ে পড়ি। কিন্তু স্বাস্থ্যোজ্জ্বল, কোমল ও দাগহীন ত্বকের মূল চালিকাশক্তি হলো স্কিন ব্যারিয়ার। অনেকে একে বাইরের একটি সাধারণ আবরণ মনে করলেও...
২ ঘণ্টা আগে
কে বিউটি বা কোরিয়ান সাজসজ্জা যাঁরা অনুসরণ করেন, তাঁদের কাছে কুশন কমপ্যাক্ট পরিচিত নাম। এটি এমন একটি প্রসাধনী, যাতে একই বাক্সে তরল ফাউন্ডেশন, বিবি ক্রিম বা সিসি ক্রিম থাকে। মেকআপের একাধিক ধাপ এড়িয়ে ত্বকে প্রাকৃতিক, উজ্জ্বল এবং নিখুঁত লুক দিতে কুশন কমপ্যাক্ট খুব ভালো কাজ করে।
৩ ঘণ্টা আগে
একেকটি দেশের খাবার সেই দেশের জীবনযাপন ও সংস্কৃতির গল্প। জর্জিয়ার চখমেরুলি তেমনই একটি পদ, যেখানে খুব সাধারণ কিছু উপকরণ মিলে তৈরি করে আরামদায়ক স্বাদের এক আয়োজন। রসুনের ঘ্রাণ, দুধ-ক্রিমের সংমিশ্রণ আর মসলায় মাখা নরম চিকেন—সব মিলিয়ে খাবারটি একই সঙ্গে সহজ ও সমৃদ্ধ একটি রেসিপি। বাংলাদেশি রান্নাঘরের...
১৭ ঘণ্টা আগে