
আপনার কর্মক্ষেত্রে বা পরিচিত মহলে এমন কেউ কি আছেন, যিনি কথা বললেই মনে হয়, তিনি আপনাকে খুব ভালো বোঝেন? যার সঙ্গে মাত্র পাঁচ মিনিট কথা বললেই মনে হয়, আপনি তার দীর্ঘদিনের পরিচিত? এদের বিশেষ কোনো জাদুকরি ক্ষমতা নেই, যা আছে তাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা। আপনার শব্দচয়নই বলে দেবে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স কতটুকু। এমন কিছু শক্তিশালী শব্দ ও বাক্য আছে, যা সাধারণ আলাপকে গভীর সম্পর্কে রূপান্তর করতে পারে।
কথার গভীরে যাওয়া
আমরা অনেক সময় কথার উত্তরে শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ বলি। কিন্তু একজন ইমোশনাল ইন্টেলিজেন্ট মানুষ বলেন, ‘আপনার কথা শুনে মনে হচ্ছে, বিষয়টি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ।’ এটি শুধু বাক্য নয়, একটি স্বীকৃতি। এতে সামনের মানুষটি বুঝতে পারে, আপনি শুধু তার শব্দগুলোই শুনছেন না, তার ভেতরের আবেগটিও ধরতে পারছেন। এ ছাড়া ‘আপনার দৃষ্টিভঙ্গি আগে কখনো এভাবে ভেবে দেখিনি’, এমন বাক্য বুঝিয়ে দেয়, আপনি নতুন কিছু শিখতে আগ্রহী এবং আপনার মধ্যে বিনয় আছে।
ছোট প্রশ্নে বড় পরিবর্তন
‘আজকের দিনটি কেমন কাটল?’ এই গতানুগতিক প্রশ্নের বদলে জিজ্ঞেস করুন, ‘আজ এমন কী ঘটল যে আপনার মুখটা অন্য রকম দেখাচ্ছে?’ এই ছোট পরিবর্তন সামনের মানুষটিকে তার ভালো স্মৃতিগুলো রোমন্থন করতে সাহায্য করে। এতে আলাপচারিতা সুন্দর হয়। আর একধরনের ইতিবাচক আবেশ তৈরি হয়। একইভাবে কাজের ক্ষেত্রে কাউকে সরাসরি প্রশংসা না করে বলতে পারেন, ‘আপনার টিমে এমন কে আছে, যার কাজ আজ উদ্যাপন করার মতো?’ এটি আপনার পরোপকারী মানসিকতা ও নেতৃত্বের গুণ প্রকাশ করে।
ভুল স্বীকার ও সীমানা নির্ধারণ
অনেকে মনে করেন, ‘আমি দুঃখিত’ বলা মানে পরাজয়। কিন্তু যাঁদের ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো, তাঁরা জানেন, নিজের ভুল স্বীকার করা আসলে আত্মবিশ্বাসের লক্ষণ। একইভাবে তাঁরা যখন বুঝতে পারেন, পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, তখন তাঁরা সরাসরি তর্কে জড়ান না; বরং তাঁরা বলেন, ‘এই বিষয়ে কি আমরা পরে কথা বলতে পারি? আমার আবেগ গুছিয়ে নেওয়ার জন্য একটু সময় প্রয়োজন।’ এটি দায়িত্বজ্ঞানহীনতা নয়, বরং একটি পরিণত আচরণ।
যে বাক্যগুলো এড়িয়ে চলবেন
কিছু বাক্য শুনতে খুব ভালো মনে হলেও আসলে সেগুলো ক্ষতিকর। যেমন ‘শান্ত হোন’। এটি বললে মানুষ আরও বেশি উত্তেজিত হয়। কারণ, সে মনে করে, আপনি তার আবেগকে গুরুত্ব দিচ্ছেন না।
‘আমি দুঃখিত যে আপনি এমনটা অনুভব করছেন’, এটি আসলে কোনো ক্ষমা চাওয়া নয়, বরং দোষটি অন্যের ওপর চাপিয়ে দেওয়া।
‘আপনি খুব বেশি ইমোশনাল’: এটি অত্যন্ত নিষ্ঠুর মন্তব্য, যা অন্যকে মানসিকভাবে ছোট করে।
গভীর সংযোগের শেষ কথা
ইমোশনাল ইন্টেলিজেন্সের বড় শক্তি হলো ধৈর্য। কোনো তাড়াহুড়ো না করে যখন আপনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমাকে আরও বলুন...’, তখন আপনি সামনের মানুষটিকে একটি বিচারহীন নিরাপদ জায়গা উপহার দেন। এটিই বিশ্বাস ও নির্ভরতা তৈরির শ্রেষ্ঠ উপায়। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে এই নয় যে আপনি সব সময় সঠিক কথা বলবেন। এর আসল উদ্দেশ্য হলো সামনের মানুষটিকে অনুভব করানো যে ‘আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ’। আপনার শব্দ যদি অন্যের মনে স্বস্তি দিতে পারে, তবেই আপনি প্রকৃত বুদ্ধিজীবী। আজ থেকে চর্চা শুরু করুন এই ছোট ছোট বাক্য বলার। দেখবেন আপনার চারপাশের পৃথিবী অনেক বেশি আপন হয়ে উঠছে।
সূত্র: সিএনবিসি, প্যারাডে

কাঁচা আম উঠেছে বাজারে। এই গরমে এর শরবত হবে না, তা কি হয়? আপনাদের জন্য ভিন্ন স্বাদের কাঁচা আমের শরবতের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। উপকরণ: কাঁচা আম ৪টি, জিরার গুঁড়া আধা চা-চামচ, কালো গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, বিট লবণ এক চা-চামচ, চিনি এক কাপ, চাট মসলা আধা চা-চামচ...
৪ ঘণ্টা আগে
আজ আপনার শরীরের ভেতর শক্তির পারমাণবিক চুল্লি জ্বলবে। তবে সেই শক্তি দিয়ে বিশ্বজয়ের বদলে হয়তো আপনি ইউটিউব দেখে ঘর সাজানোর বৃথা চেষ্টা করবেন। টাকার আগমন হতে পারে, কিন্তু সেই টাকা হাতে আসার আগেই অনলাইনে কোনো অপ্রয়োজনীয় গ্যাজেট কেনার চিন্তায় খরচ হয়ে যাবে।
৫ ঘণ্টা আগে
চার হাজার বছরের প্রাচীন এক চীনা জীবনদর্শন ফেংশুই। এটি মূলত ঘর সাজানোর পদ্ধতি। ‘ফেং’ মানে বায়ু আর ‘শুই’ মানে পানি। প্রকৃতির এই দুই শক্তির সঙ্গে মানুষের বসবাসের জায়গার সামঞ্জস্য বিধান করাই এর মূল লক্ষ্য। ফেংশুইয়ের মূল বিশ্বাস হলো ‘চি’ বা প্রাণশক্তি। আমাদের চারপাশের পরিবেশে এই শক্তির প্রবাহ যদি মসৃণ...
৬ ঘণ্টা আগে
ফ্রেন্ডশিপ ও রিলেশনশিপের মতো রোমাঞ্চকর শব্দ এখন বিগত দিনের গল্প। এগুলো ছাড়িয়ে গত কয়েক বছরে দাপিয়ে বেড়িয়েছে ‘সিচুয়েশনশিপ’ নামের শব্দটি। সিচুয়েশন অর্থাৎ পরিস্থিতির চাপে পড়ে এ শব্দটি এখন প্রায় বাতিলের খাতায়। তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে ‘ন্যানোশিপ’। নাম থেকেই বুঝতে পারছেন...
২০ ঘণ্টা আগে