Ajker Patrika

আজকের রাশিফল: স্ত্রীর কথা শোনার ভান করুন, অর্থভাগ্য দারুণ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১০: ৫০
আজকের রাশিফল: স্ত্রীর কথা শোনার ভান করুন, অর্থভাগ্য দারুণ

মেষ

ব্যবসায় লাভের মুখ দেখবেন, কিন্তু সেই টাকা পকেটে ঢোকার আগেই খরচ হয়ে যাওয়ার যোগ আছে। চন্দ্র আজ সপ্তম স্থানে, তাই সঙ্গীর মন রাখার জন্য আজ আপনাকে একটু বেশিই কসরত করতে হবে। পুরোনো কোনো ঝগড়া মাথাচাড়া দিতে পারে, তাই আজ মুখ বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ। ভুলেও আজ রান্নায় লবণের পরিমাণ নিয়ে মন্তব্য করবেন না। গৃহশান্তির জন্য আজ মিষ্টি কথা বলুন এবং পারলে এক হাঁড়ি মিষ্টি নিয়ে বাড়ি ফিরুন।

বৃষ

চাকরিতে আপনার কাজের প্রশংসা হবে, তবে সেই প্রশংসার আড়ালে কেউ আপনার ওপর বাড়তি কাজের বোঝা চাপিয়ে দিতে পারে। জিব আজ আপনার প্রধান শত্রু; তর্কে জিতবেন ঠিকই, কিন্তু দিন শেষে রাতের ডিনার জুটবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। কফজনিত সমস্যা ভোগাতে পারে। ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার আগে অন্তত তিনবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গম্ভীর চেহারাটা দেখে নিন। ঝগড়া এড়িয়ে বিরিয়ানি খাওয়ার পরিকল্পনা করুন, মন ভালো থাকবে।

মিথুন

আজ বাইরে বেরোলে নতুন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হবেন। হয়তো বাসে কোনো অপরিচিতের সঙ্গে জীবনের দর্শন নিয়ে আলোচনা জমে উঠবে। স্ত্রীর কথা শোনার অভিনয় করুন, এতেই সংসার সুখের হবে। সঞ্চয় করার প্ল্যান করবেন, কিন্তু মোবাইল রিচার্জ বা অনলাইন শপিং আপনার পকেট ফাঁকা করতে পারে। রাস্তা পারাপারের সময় ইউটিউব শর্টস দেখবেন না। পকেটে অল্প টাকা রেখে বাইরে বেরোন, অন্তত পকেটমাররা হতাশ হবে।

কর্কট

আজ আপনার কাঁধে যেন পুরো পাড়ার দায়িত্ব এসে পড়বে। মনে হবে একাই যেন দশভুজা হয়ে সব সামলাচ্ছেন। বাড়িতে ছোটখাটো মনোমালিন্য হতে পারে, তবে চিন্তা নেই, বিকেলের দিকে ভাজাভুজির গন্ধে সব ঠিক হয়ে যাবে। শরীর নিয়ে একটু বেশি সচেতন হোন, পায়ের যন্ত্রণায় ভুগতে পারেন। আজ কারও বিয়ের গসিপ করতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা করে নিজের রক্তচাপ বাড়াবেন না।

সিংহ

বাবার সঙ্গে কোনো বিষয়ে মতানৈক্য হতে পারে। তেজ আজ সূর্যের মতো প্রখর হলেও মনে রাখবেন সূর্যও মেঘের আড়ালে ঢাকা পড়ে। আলস্য আজ আপনার পরম মিত্র, যা আপনাকে কাজ থেকে দূরে সরিয়ে রাখবে। দামি কোনো উপহার পাওয়ার যোগ আছে, তবে দাতা আপনার খুব কাছের কেউ না-ও হতে পারে। রান্নার গ্যাসের আগুন বা বিদ্যুতের তার থেকে সাবধান! দর্পচূর্ণ হওয়ার দশা আপনার পেছনে লেগে আছে, তাই আজ বিনয়ী সাজুন।

কন্যা

নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে, তবে সেটা ‘ওয়ার্ক ফ্রম হোম’ নাকি ‘ওয়ার্ক ফ্রম হেল’ তা যাচাই করে নিন। ব্যবসায় অগ্রগতির আশা আছে, বিশেষ করে খুচরা বিক্রেতাদের। স্বাস্থ্যের অবনতি হওয়ার সামান্য যোগ আছে, তাই খাওয়ার দিকে খেয়াল রাখুন। রাস্তায় চলাফেরা করার সময় সাবধান, আজ জাদুকর এবং পকেটমার দুজনেই সক্রিয়। আজ অপরিচিত কারও দেওয়া খাবার খাবেন না। গুরুজনদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন, কাজ উদ্ধার হবে।

তুলা

আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই প্রেমে পড়ে যেতে পারেন। সাজগোজের পেছনে আজ বেশ সময় কাটবে। খরচ করার প্রবণতা প্রবল, বিশেষ করে বাড়ির সাজসজ্জা বা জামাকাপড় কেনায়। বাবার সঙ্গে সুসম্পর্ক আপনাকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। শপিং মল থেকে দূরে থাকুন যদি আপনি আগামী মাসটি উপোস করে কাটাতে না চান। অনলাইনে কিছু কেনার আগে ফোনের ইন্টারনেট কানেকশনটা অফ করে একবার ব্যাংক ব্যালেন্সটা চেক করুন।

বৃশ্চিক

রিয়েল এস্টেট বা দালালি ব্যবসায় লাভের মুখ দেখবেন। মন আজ কিছুটা অস্থির থাকবে, মনে হতে পারে আপনি একাই জগতের সব দুঃখের ভাগীদার। কিন্তু প্রেম জীবনে আপনি আজ সুপারস্টার। সঙ্গী আপনাকে আজ দেবদূতের আসনে বসাবেন। কারও কুচক্রী পরামর্শে কান দেবেন না। আজ কারও গ্যারান্টার হতে যাবেন না। লোকের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বার করে দিন।

ধনু

পড়াশোনায় মন বসবে, বিশেষ করে যারা গবেষণার সঙ্গে যুক্ত। কর্মক্ষেত্রে জটিলতা কাটবে কোনো পুরোনো বন্ধুর উপদেশে। তবে সেই বন্ধু পরে দামি ট্রিট চেয়ে আপনাকে বিপাকে ফেলতে পারে। গাড়ি চালানোর সময় ব্রেক চেক করে নিন, আজ আপনার গতি একটু বেশি থাকতে পারে। নিজের গোপন কথা বন্ধুদের কাছে ফাঁস করবেন না। রাস্তায় বাঁ হাতের দিক দিয়ে চলুন, নক্ষত্ররা আজ আপনার ডানে-বাঁয়ে ঝামেলা পাকিয়ে রেখেছে।

মকর

আপনার উন্নতি বা সুখ দেখে আজ পাড়াপড়শিরা একটু বেশিই ফিসফাস করবে। তাদের এই জ্বলুনি আপনার সাফল্যেরই পরিচয়। আর্থিক ভাগ্য দারুণ, আজ হয়তো পুরোনো ধারের টাকা ফেরত পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাঁরা অংশ নিচ্ছেন, তাঁদের জন্য আজ লটারি জেতার মতো সুখবর আসতে পারে। দরজায় কেউ কড়া নাড়লে আগে নিশ্চিত হয়ে নিন, সে আপনার কাছে ধার চাইতে আসেনি তো! মিষ্টি খেয়ে মেজাজ ঠান্ডা রাখুন।

কুম্ভ

আজ আপনি যেটাই বলবেন, মানুষ সেটাই শুনবে (অন্তত ভাব দেখাবে)। নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রবল হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। তবে পরিবারের ছোটরা আজ আপনাকে কিছুটা বিরক্ত করতে পারে। প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আছে, তবে আগে নিজের বর্তমান স্ট্যাটাসটা চেক করে নেবেন। আজ কারও বিচার করতে যাবেন না, নিজেই আসামি হয়ে যেতে পারেন। কাজে এনার্জি লেভেল তুঙ্গে থাকবে।

মীন

শত্রুরা আজ আপনার কাছে হার মানতে বাধ্য হবে, অথবা পরিস্থিতির চাপে তাদের সঙ্গে সমঝোতা করতে হতে পারে। মন ভালো রাখতে আজ পুরোনো গান শুনতে পারেন। শরীর একটু দুর্বল লাগতে পারে, বিশেষ করে পেট নিয়ে সমস্যা। আজ খুব বেশি সাহসিকতা দেখাতে গিয়ে কোনো ঝামেলায় জড়াবেন না। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কাউকে টাকা ধার দেবেন না। ইফতারে পর্যাপ্ত পরিমাণ পানি এবং লেবুর শরবত খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত