Ajker Patrika

বিদেশে পড়াশোনার যত সুবিধা

শিক্ষা ডেস্ক
বিদেশে পড়াশোনার যত সুবিধা

অনেকের ধারণা, বিদেশে পড়াশোনা মানেই নতুন একটি দেশে গিয়ে ডিগ্রি অর্জন করা। আসলে তা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ। উন্নত শিক্ষা ও গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা ভবিষ্যৎ ক্যারিয়ারেও নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। তাই বিদেশে পড়াশোনার সিদ্ধান্ত নেওয়ার আগে এর সম্ভাব্য সুবিধাগুলো জানা জরুরি।

ব্যক্তিগত জীবনে বিদেশে পড়াশোনার সুবিধা

নতুন দেশ ও জীবনধারার সঙ্গে পরিচয়: বিদেশে পড়াশোনার অন্যতম আকর্ষণ ভিন্ন দেশ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া। নতুন পরিবেশ ও জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া শুরুতে কঠিন হতে পারে। তবে এই অভিজ্ঞতা ধীরে ধীরে আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বাড়ায়। নতুন দেশে বসবাসের সময় সেখানকার খাবার, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ হয়। ছুটির সময় দেশের বিভিন্ন অঞ্চলও ঘুরে দেখা যায়। সুযোগ থাকলে আশপাশের দেশগুলোতেও ভ্রমণ করা সম্ভব। সাপ্তাহিক ছুটিতে ছোট ভ্রমণ পড়াশোনার ব্যস্ততা থেকে কিছুটা স্বস্তি দিতে পারে। একই সঙ্গে নতুন দেশ ও মানুষের জীবনযাপন কাছ থেকে দেখার সুযোগ তৈরি হয়।

নতুন মানুষের সঙ্গে পরিচয়: বিদেশে পড়াশোনা করলে বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায়। এতে বিশ্ব সম্পর্কে ধারণা আরও বিস্তৃত হয়। ভিন্ন পটভূমির মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক তৈরির অভিজ্ঞতাও হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, ক্লাব ও ক্রীড়া দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকে। এসব কার্যক্রমের মাধ্যমে সহজে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যায়। গড়ে উঠতে পারে দীর্ঘস্থায়ী বন্ধুত্বও।

ভাষাগত দক্ষতা বৃদ্ধি: ভাষা শেখার কার্যকর একটি উপায় হলো সেই ভাষাভাষী মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা। বিদেশে থাকলে প্রতিদিন নতুন শব্দ ও বাক্য শেখার সুযোগ তৈরি হয়। স্থানীয় মানুষের কথাবার্তা ও ভাষা ব্যবহারের ধরনও ধীরে ধীরে আয়ত্ত করা যায়। ইংরেজিতে দক্ষতা বাড়াতে চাইলে ইংরেজিভাষী দেশে পড়াশোনা করা কাজে আসতে পারে। এতে একাডেমিক ইংরেজির পাশাপাশি কথোপকথনের দক্ষতাও বাড়ে। ইংরেজিতে আগে থেকে দক্ষ হলে স্থানীয় মানুষের কাছ থেকে নতুন ভাষা শেখার সুযোগও পাওয়া যায়।

একাডেমিক ও ক্যারিয়ার সুবিধা

ক্যারিয়ারের সুযোগ বাড়ে: একাধিক ভাষায় কথা বলতে পারা চাকরির বাজারে মূল্যবান দক্ষতা। এটি বিভিন্ন দেশে কাজের সুযোগও বাড়াতে পারে। অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ করে যে দেশে পড়েছেন, সেখানেই চাকরির চেষ্টা করেন। প্রয়োজনীয় ওয়ার্ক ভিসা নিয়ে তাঁরা স্থানীয় চাকরির বাজারে প্রবেশের সুযোগ পান। ফলে বিদেশে পড়াশোনা দেশের বাইরেও ক্যারিয়ার গড়ার পথ খুলে দিতে পারে। বিদেশে থাকার অভিজ্ঞতাও চাকরিদাতাদের কাছে মূল্য পেতে পারে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, স্বনির্ভরতা ও আত্মবিশ্বাসের মতো দক্ষতা এই অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশ পায়। একই সঙ্গে তৈরি হয় বৈশ্বিক দৃষ্টিভঙ্গি।

উন্নত শিক্ষার সুযোগ: বিদেশে পড়াশোনার অন্যতম প্রধান আকর্ষণ শিক্ষার মান। অনেক বিশ্ববিদ্যালয়ে উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ পাওয়া যায়। উচ্চমানের শিক্ষা ভবিষ্যৎ ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিদেশে পড়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাক্রম বেছে নেওয়ার সুযোগও বেশি থাকে। নিজের দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পছন্দ সীমাবদ্ধ রাখতে হয় না। পছন্দের বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠান বেছে নেওয়া যায়। কিছু বিষয়ে নির্দিষ্ট দেশে পড়াশোনা করা বিশেষভাবে উপযোগী হতে পারে। যেমন ইতালিতে রোমান ইতিহাস কিংবা যুক্তরাজ্যে ইংরেজি সাহিত্য পড়ার অভিজ্ঞতা শিক্ষার্থীর জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারে।

উচ্চশিক্ষার আবেদনে বাড়তি সুবিধা: বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রি একজন শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতার শক্ত প্রমাণ হতে পারে। ভবিষ্যতে মাস্টার্স বা পিএইচডি করার পরিকল্পনা থাকলে এই অভিজ্ঞতা কাজে আসবে। বিদেশে পড়াশোনার অভিজ্ঞতা একজন শিক্ষার্থীর আগ্রহ, নিষ্ঠা ও একাডেমিক সক্ষমতার পরিচয় দিতে পারে। উচ্চশিক্ষার আবেদনে এসব অভিজ্ঞতা ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

গবেষণায় আন্তর্জাতিক যোগাযোগ: গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ। বিদেশে পড়াশোনা করলে বিভিন্ন দেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগ হয়। এর মাধ্যমে গবেষণার নতুন ধারণা ও ভিন্ন দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হওয়া যায়। আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ ভবিষ্যতের গবেষণাকাজেও সহায়ক হতে পারে। মাস্টার্স বা পিএইচডিতে ভর্তির সময় এসব অভিজ্ঞতা একজন শিক্ষার্থীকে আরও শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত