Ajker Patrika

সুরা আরাফে বর্ণিত হয়েছে যে ৪ দোয়া

ইসলাম ডেস্ক
সুরা আরাফে বর্ণিত হয়েছে যে ৪ দোয়া
সুরা আরাফ পবিত্র কোরআনের ৭ম সুরা। ছবি: সংগৃহিত

মানুষের কাছে বারবার কিছু চাইলে তারা বিরক্ত বা অসন্তুষ্ট হয়; কিন্তু মহান আল্লাহ তাআলা বান্দার চাওয়া-প্রার্থনায় অত্যন্ত আনন্দিত হন। তিনি চান বান্দা তার ছোট-বড় সব প্রয়োজন, আকুতি ও মনের বেদনা তাঁরই দরবারে খুলে বলুক। দিনে বা রাতে, একাকী কিংবা জনসম্মুখে—যেকোনো মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে মন খুলে দোয়া করার অবারিত সুযোগ রয়েছে।

আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের সার্বক্ষণিক চাওয়ার প্রতি উৎসাহিত করে পবিত্র কোরআনে ইরশাদ করেন:

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ

অর্থ: ‘আর যখন আমার বান্দাগণ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, (তখন বলুন) আমি তো নিশ্চয়ই অতি নিকটে। আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং, তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার ওপর ইমান আনে; আশা করা যায় তারা সঠিক পথে চলবে।’ (সুরা বাকারা: ১৮৬)

পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সুরা ‘আল-আরাফ’-এ মহান আল্লাহর কাছে ক্ষমা লাভ, রহমত প্রার্থনা, জালিমদের হাত থেকে রক্ষা এবং জীবনের সংকট মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চমৎকার কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। এর মধ্যে দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় চারটি কোরআনি দোয়া নিচে তুলে ধরা হলো—

১. তাওবা, ক্ষমা ও রহমত কামনার দোয়া

হজরত আদম (আ.) ও মা হাওয়া (আ.) নিষিদ্ধ ফল খাওয়ার পর অনুতপ্ত হয়ে পরম করুণাময়ের দরবারে এই দোয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছিলেন। তাই ভুলত্রুটি বা গুনাহ হয়ে গেলে ইমানদারের জন্য আশ্রয় হলো এই দোয়া:

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

উচ্চারণ: রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।

অর্থ: ‘হে আমাদের রব! আমরা নিজেদের ওপর জুলুম করেছি। এখন আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের ওপর দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।’ (সুরা আরাফ: ২৩)

২. অত্যাচারীদের অন্তর্ভুক্ত না হওয়ার দোয়া

সমাজে পাপাচার, অন্যায় ও জালেমের দাপট থেকে নিজেকে মুক্ত রাখা এবং পরকালে জালিমদের পরিণতি থেকে বাঁচার জন্য কোরআনে শেখানো এই আত্মরক্ষা মূলক দোয়াটি অনন্য:

رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

উচ্চারণ: রাব্বানা লা তাজআলনা মাআল ক্বাওমিয যালিমিন।

অর্থ: ‘হে আমাদের রব! আমাদের জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না।’ (সুরা আরাফ: ৪৭)

৩. উত্তম ফয়সালা ও পথনির্দেশের দোয়া

ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক জীবনে কোনো জটিল সংকট দেখা দিলে কিংবা ন্যায়-অন্যায়ের দ্বন্দ্বে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হজরত শুআইব (আ.)-এর শেখানো এই দোয়াটি অত্যন্ত কার্যকর:

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ

উচ্চারণ: রাব্বানাফতাহ বাইনানা ওয়া বাইনা ক্বাওমিনা বিলহাক্কি ওয়া আন্তা খাইরুল ফাতিহিন।

অর্থ: ‘হে আমাদের রব! আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে যথার্থ ফয়সালা করে দিন; আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী।’ (সুরা আরাফ: ৮৯)

৪. পূর্ণাঙ্গ ধৈর্য ও ইমানের সঙ্গে মৃত্যুর দোয়া

যেকোনো বিপদে-আপদে অটল থাকা এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের ওপর অবিচল থাকার জন্য এই দোয়াটি মোমিনের পরম সম্বল:

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

উচ্চারণ: রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন।

অর্থ: ‘হে আমাদের রব! আমাদের ধৈর্য ও সহনশীলতায় পরিপূর্ণ করে দিন এবং একজন মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দান করুন।’ (সুরা আরাফ: ১২৬)

হাদিসে এসেছে, দোয়া হলো ইবাদতের মূল মগজ। সুরা আরাফে বর্ণিত এই দোয়াগুলোর অর্থ অনুধাবন করে প্রতিদিনের জিকির ও মোনাজাতে শামিল করলে মানুষের জীবন আত্মিক প্রশান্তি ও আল্লাহর বিশেষ রহমতে ধন্য হয়ে ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত