দক্ষিণ এশিয়ার শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির এক বিখ্যাত ধারক-বাহক হলো খোদা বখশ ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি। প্রায় ১৩৫ বছর আগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ভারতবর্ষের ইসলাম, মুসলমান, শিক্ষা ও জ্ঞান-গবেষণার ইতিহাসের এক অনন্য স্মারক। এটি নিছক বইয়ের একটি সংগ্রহশালা নয়, বরং এটি এক স্বপ্ন, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্ঞানের মশাল জ্বালিয়ে রেখেছে।
এক স্বপ্ন ও তার বাস্তবায়ন
১৮৯১ সালে ভারতের বিহার রাজ্যের সমৃদ্ধ শহর পাটনার প্রাণকেন্দ্রে এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করেন মৌলভি খোদা বখশ খান। তিনি ছিলেন একজন সম্ভ্রান্ত জমিদার পরিবারের সন্তান, প্রখ্যাত ইতিহাসবিদ, দার্শনিক ও বইপ্রেমী। ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয় এই মানুষটি হায়দরাবাদের নিজামের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর পূর্বপুরুষ কাজি হাইবাতুল্লাহ বাদশাহ আলমগীরের তত্ত্বাবধানে লিখিত বিশ্বখ্যাত ফতোয়াগ্রন্থ ‘ফতোয়ায়ে হিন্দিয়ার’ সহ-সংকলক ছিলেন।
খোদা বখশ খান এই গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা হলেও এর মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন তাঁর বাবা মৌলভি মুহাম্মদ বখশ। তিনি প্রথমে নিজের সংগ্রহে থাকা মূল্যবান বই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। পরবর্তী সময়ে বাবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে খোদা বখশ খান লোক পাঠিয়ে এবং বিপুল অর্থ ব্যয় করে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ ও বিরল বই সংগ্রহ করে এটিকে এক বিশাল সংগ্রহশালায় পরিণত করেন।
জ্ঞানভান্ডার ও দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি
খোদা বখশ গ্রন্থাগারে বর্তমানে আরবি, উর্দু, ফারসি, ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানি, রুশসহ অন্যান্য ভাষার প্রায় ২১ হাজার পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। আর সংগৃহীত মোট বইয়ের সংখ্যা প্রায় ৩ লাখ। এখানে কোরআন-হাদিস, সিরাত, ইতিহাস, বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশলসহ জ্ঞান-গবেষণার প্রায় সকল শাখার দুর্লভ বই ও পাণ্ডুলিপি রয়েছে।

এই গ্রন্থাগারে এমন দুটি আলমারি আছে, যার চাবি শুধু দুজন মানুষের কাছে থাকে। এ দুটি আলমারিতে হাতে লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাচীন পাণ্ডুলিপিগুলো সংরক্ষিত আছে। শুধু দেশ-বিদেশের অনুমতিপ্রাপ্ত বিশেষজ্ঞ গবেষকদের জন্যই এই আলমারি দুটি খোলা হয়।
প্রখ্যাত পাণ্ডুলিপি বিশেষজ্ঞ ও গ্রন্থাগারের তত্ত্বাবধায়ক জাকির হুসাইন জানান, এখানে এমন অনেক দুর্লভ বস্তু সংরক্ষিত আছে, যা পৃথিবীতে আর কোথাও নেই। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো—৬৬৮ হিজরিতে লেখা কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি। ৯ম শতাব্দীতে হরিণের চামড়ার ওপর লিখিত সুরা ইবরাহিমের পাণ্ডুলিপি। সম্রাট হুমায়ুন ও জাহাঙ্গীরের স্বাক্ষরযুক্ত ‘দেওয়ানে হাফিজ’। মহারাজা রঞ্জিত সিংয়ের সেনাদের দুষ্প্রাপ্য ডায়েরি। বাদশাহ শাহজাহানের স্বাক্ষরসংবলিত ‘তারিখে খানদানে তৈমুরিয়া’-এর একমাত্র কপি। আল্লামা ইবনে হাজার আসকালানি (রহ.)-এর স্বাক্ষরিত একটি কিতাব।
বই ও পাণ্ডুলিপির পাশাপাশি এখানে প্রাচীন থেকে আধুনিক অনেক ঐতিহাসিক ছবি ও দলিলও সংরক্ষিত আছে। অডিও-ভিডিওর আধুনিক আর্কাইভও রয়েছে।
সংরক্ষণ ও আধুনিকীকরণ
মিসর, ইরাক, ইরান, সৌদি আরব, ইংল্যান্ডসহ পৃথিবীর নানা দেশ থেকে এই গ্রন্থাগারের জন্য দুর্লভ বই সংগ্রহ করা হয়েছে। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের পর যখন মোগলদের হাতে গড়ে ওঠা বিখ্যাত গ্রন্থকেন্দ্রগুলো ধ্বংস হতে শুরু করে, তখন হায়দরাবাদ ও রামপুরের নবাবদের সহায়তায় সেসব গ্রন্থাগার থেকে অনেক মূল্যবান গ্রন্থ এখানে নিয়ে আসা হয়।
বর্তমানে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ও বিহারের রাজ্যপালের তত্ত্বাবধানে এই ঐতিহাসিক গ্রন্থাগারটি পরিচালিত হচ্ছে। দেশ-বিদেশের পাঠক ও গবেষকদের সুবিধার জন্য আধুনিক ডিজিটাল পদ্ধতি, স্ক্যান কপি সরবরাহ পদ্ধতি ও প্রায় ৪০ খণ্ডের ইনডেক্স তৈরি করা হয়েছে।
লেখক: গণমাধ্যমকর্মী।

সংসারে সন্তান যেমন আনন্দের উৎস, তেমনি কখনো কখনো তার দুষ্টামি বা অতিরিক্ত জেদ বাবা-মায়ের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সবার সামনে কান্নাকাটি করা, মাটিতে গড়াগড়ি দেওয়া, কিংবা জেদ করে না খেয়ে থাকা—এমন পরিস্থিতিতে অনেক বাবা-মা-ই ধৈর্য হারিয়ে ফেলেন।
৮ ঘণ্টা আগে
বর্তমান সময়ে কবরস্থানে মৃত ব্যক্তির কবর সহজে শনাক্ত করার জন্য নাম-ঠিকানাসংবলিত একটি ছোট ফলক বা নেমপ্লেট লাগাতে দেখা যায়। সাধারণ মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে—ইসলামি শরিয়তের দৃষ্টিতে এটি কতটুকু বৈধ বা গ্রহণযোগ্য।
১৬ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২১ ঘণ্টা আগে
নিশীথ সূর্যের দেশ নরওয়েতে ইসলামের আগমন কিন্তু আধুনিক যুগের কোনো ঘটনা নয়। আইসল্যান্ডীয় নথিপত্র অনুসারে, দূর অতীতে ১২৬০-এর দশকে নরওয়ের রাজা হ্যাকন হ্যাকনসন তিউনিসের মুসলিম সুলতানের কাছে মূল্যবান উপহারসহ একটি কূটনৈতিক দল পাঠিয়েছিলেন। জবাবে তিউনিসের সুলতানের প্রতিনিধিদলও নরওয়ে সফর করেন।
১ দিন আগে