Ajker Patrika

সর্বজনীন আদর্শের ৪ শর্ত ও সিরাতে মুস্তফা (সা.)

মাহমুদ হাসান ফাহিম 
সর্বজনীন আদর্শের ৪ শর্ত ও সিরাতে মুস্তফা (সা.)

মানবসমাজ যুগে যুগে একজন যোগ্য নেতা ও নিখুঁত চরিত্রের সন্ধান করেছে, যাঁর দেখানো পথে ব্যক্তি ও সমাজের মুক্তি মিলবে। ইতিহাসে বহু দার্শনিক, রাজা ও ধর্মপ্রচারক এসেছেন; কিন্তু তাঁদের জীবন কি সর্বযুগের মানুষের জন্য পূর্ণাঙ্গ আদর্শ হতে পেরেছে? এই প্রশ্নের বস্তুনিষ্ঠ উত্তর দিয়েছেন ভারতের বিখ্যাত ইতিহাসবিদ ও ইসলামি চিন্তাবিদ আল্লামা সাইয়েদ সুলাইমান নদভি (রহ.) তাঁর কালজয়ী গ্রন্থ ‘খুতুবাতে মাদরাজ’-এ।

তিনি দেখিয়েছেন, কোনো ব্যক্তিত্বের জীবন সর্বজনীনভাবে অনুকরণীয় হতে হলে চার শর্ত পূরণ করা আবশ্যক:

১. ঐতিহাসিক (প্রামাণিক): অনুকরণীয় চরিত্রের জীবনচরিত রূপকথা বা অলৌকিক কল্পকাহিনির ঊর্ধ্বে হতে হবে। ইতিহাস অস্পষ্ট হলে মানুষের পক্ষে সে আদর্শ হৃদয়ে ধারণ করা সম্ভব নয়।

২. ব্যাপক (পূর্ণাঙ্গ): মানুষ একই সঙ্গে পিতা, স্বামী, বন্ধু, ব্যবসায়ী, বিচারক বা রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করে। তাই একটি আদর্শ জীবনচরিতে জীবনের প্রতিটি স্তরের বাস্তব নমুনা থাকা অপরিহার্য।

৩. প্রয়োগযোগ্য (বাস্তবমুখী): আদর্শ কেবল অবাস্তব তত্ত্ব বা উপদেশে সীমাবদ্ধ থাকলে চলে না। রক্ত-মাংসের মানুষ হিসেবে নিজের দৈনন্দিন জীবনে তা বাস্তবায়ন করে প্রমাণ করতে হয়।

৪. স্থায়িত্ব ও সর্বজনীনতা: সেই আদর্শকে নির্দিষ্ট কোনো কাল, বর্ণ, গোত্র বা অঞ্চলের গণ্ডি পেরিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য সমানভাবে কার্যকর হতে হয়।

আল্লামা সুলাইমান নদভি (রহ.) ঐতিহাসিক ও যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে দেখিয়েছেন, পৃথিবীর ইতিহাসে একমাত্র মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনেই এই চার শর্তের পূর্ণ ও নিখুঁত প্রতিফলন ঘটেছে।

তাঁর জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় ‘আসমাউর রিজাল’ ও হাদিস শাস্ত্রের মাধ্যমে সংরক্ষিত, যা শতাব্দীর শ্রেষ্ঠ ঐতিহাসিকতার প্রমাণ। এতিম শিশু থেকে শুরু করে সফল রাষ্ট্রপ্রধান—মানবজীবনের এমন কোনো ভূমিকা নেই, যার প্রামাণিক নমুনা তাঁর সিরাতে নেই; যা তাঁর ব্যাপকতাকে নির্দেশ করে। তিনি নিজে যা প্রচার করেছেন, আগে নিজের জীবনে তা প্রয়োগ করে বাস্তবমুখী প্রমাণ করেছেন। আর চৌদ্দ শ বছর ধরে বিশ্বজুড়ে তাঁর প্রবর্তিত আদর্শের অবিচল প্রভাব এর স্থায়িত্বের চূড়ান্ত সাক্ষ্য দেয়।

সত্যিকার অর্থে, দিশেহারা মানবজাতির জন্য শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শই চিরন্তন আলোকবর্তিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত