Ajker Patrika

সন্ধ্যার ৬ আমল: মাগরিবের পর যে জিকির ও দোয়া পড়বেন

ইসলাম ডেস্ক
সন্ধ্যার ৬ আমল: মাগরিবের পর যে জিকির ও দোয়া পড়বেন
ব্লু মসজিদ, ইস্তাম্বুল। ছবি: সংগৃহীত

সারা দিনের ব্যস্ততা ও ক্লান্তি শেষে শান্তির বার্তা নিয়ে নেমে আসে সন্ধ্যা। মুমিনের জীবনে সকাল ও সন্ধ্যার নির্দিষ্ট কিছু জিকির ও দোয়া আত্মিক প্রশান্তি অর্জনের পাশাপাশি আল্লাহর বিশেষ রহমত ও সুরক্ষা নিশ্চিত করে। বিশেষ করে মাগরিবের নামাজের পর বেশ কিছু বরকতময় দোয়া ও আমলের কথা হাদিস শরিফে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বর্ণিত হয়েছে।

নিচে মাগরিবের পর পড়ার মতো অত্যন্ত ফজিলতপূর্ণ কিছু বাছাইকৃত দোয়া, জিকির ও আমল তুলে ধরা হলো:

১. জাহান্নাম থেকে মুক্তির দোয়া

اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ

উচ্চারণ: আল্লাহুম্মা আজিরনি মিনান নার।

অর্থ: হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন।

ফজিলত:

হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর কারও সঙ্গে কথাবার্তা না বলে সাতবার এই দোয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয়, তবে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। (সুনানে আবু দাউদ: ৫০৭৯)

২. সকাল-সন্ধ্যার সুরক্ষাকবচ

সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস—প্রতিটি তিনবার করে মাগরিবের পর পড়া।

ফজিলত:

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সকাল-সন্ধ্যায় এগুলো পাঠ করলে সকল প্রকার অনিষ্টতা ও বিপদাপদ থেকে হেফাজতের জন্য তা যথেষ্ট হবে। (জামে তিরমিজি: ৩৫৭৫)

৩. আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিশেষ দোয়া

رَضِيتُ بِاللهِ رَبَّاً، وَبِالْإِسْلَامِ دِيناً، وَبِمُحَمَّدٍ نَبِيَّاً

উচ্চারণ: রাদিতু বিল্লাহি রব্বান, ওয়াবিল ইসলামি দিনান, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান।

অর্থ: আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং হজরত মুহাম্মদ (সা.)-কে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট।

ফজিলত:

রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা তিনবার এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন। (জামে তিরমিজি: ৩৩৮৯; সুনানে ইবনে মাজাহ: ৩৮৭০)

৪. সাইয়্যিদুল ইস্তিগফার

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা আন্তা রাব্বি লা-ইলাহা ইল্লা আন্তা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া’দিকা মাস্তাতাতু, আউজু বিকামিন শাররি মা সানাতু, আবুউ লাকা বিনি’মাতিকা আলাইয়্যা ওয়া আবুউ বিজাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আন্তা।’

অর্থ: ‘হে আল্লাহ! আপনিই আমার প্রতিপালক। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই বান্দা। আমি আমার সাধ্যানুযায়ী আপনার সঙ্গে কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর কায়েম আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমার ওপর আপনার যে নিয়ামত রয়েছে, তা আমি স্বীকার করছি এবং আমার গুনাহের কথাও স্বীকার করছি। অতএব, আমাকে ক্ষমা করে দিন। কেননা আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।’

ফজিলত:

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় এই ইস্তিগফার পাঠ করবে এবং ওই রাতে তার ইন্তেকাল হয়, তবে সে জান্নাত লাভ করবে। (সহিহ বুখারি: ৬৩০৬)

৫. সব ধরনের অনিষ্ট থেকে সুরক্ষার দোয়া

بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।

অর্থ: আল্লাহর নামে, যাঁর নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

ফজিলত: প্রতিদিন সকালে ও সন্ধ্যায় যে ব্যক্তি এই দোয়া তিনবার পাঠ করবে, কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। (সুনানে আবু দাউদ: ৫০৭২)

৬. সুরা হাশরের শেষ ৩ আয়াত

মাগরিবের পর ‘আউযুবিল্লাহিস সামিয়িল আলিমি মিনাশ শাইতানির রজিম’ তিনবার পড়ে সুরা হাশরের শেষ তিন আয়াত একবার পাঠ করা।

ফজিলত:

হাদিস অনুযায়ী, যে ব্যক্তি এই আমল করবে, আল্লাহ তাআলা তাঁর জন্য ৭০ হাজার রহমতের ফেরেশতা নিযুক্ত করবেন, যারা সকাল পর্যন্ত তাঁর জন্য রহমতের দোয়া করতে থাকবে। সেদিন রাতে মারা গেলে শহীদের মৃত্যু নসিব হবে। (জামে তিরমিজি, হাদিস: ২৯২২)

সন্ধ্যা হলো ইবাদত ও আত্মিক প্রস্তুতির সময়। সারা দিনের ক্লান্তি পেরিয়ে মাগরিবের পরবর্তী এই বরকতময় সময়গুলোতে উপরিউক্ত জিকির ও দোয়াগুলো নিয়মিত আমলে রাখার মাধ্যমে একজন মুমিন তাঁর দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত মাসনুন আমলগুলো করার তৌফিক দান করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত