প্রশ্ন: অনেকে বলে থাকেন, পবিত্র কাবাঘর সরাসরি দেখলে হজ ফরজ হয়ে যায়। আবার অনেকে মনে করেন, হজের মৌসুম তথা শাওয়াল, জিলকদ ও জিলহজ মাসে ওমরাহ আদায় করলে হজ ফরজ হয়ে যায়। এসব কথা কতটুকু সত্য, ইসলামি শরিয়তের আলোকে জানতে চাই।
আবদুল গাফফার, ময়মনসিংহ।
উত্তর: হজ ইসলামের অন্যতম ফরজ ইবাদত। এটি কেবল সামর্থ্যবানদের ওপরই ফরজ হয়। প্রশ্নে উল্লিখিত ধারণাগুলো সঠিক নয়। ইসলামে এসব ধারণার কোনো ভিত্তি নেই। ওমরাহ করা বা কাবাঘর দেখার সঙ্গে হজ ফরজ হওয়ার কোনো সম্পর্ক নেই।
হজ ফরজ হওয়ার প্রধান শর্ত সামর্থ্য থাকা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘যাদের কাছে এই ঘর (পবিত্র কাবা) পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, তাদের ওপর এই ঘরের হজ করা ফরজ।’ (সুরা আলে ইমরান: ৯৭)
আয়াতে সামর্থ্য থাকার অর্থ হলো, আর্থিক ও শারীরিকভাবে হজ করার সক্ষমতা থাকতে হবে। শারীরিকভাবে সুস্থ হওয়াই শারীরিক সক্ষমতা। আর আর্থিক সক্ষমতার অর্থ হলো, হজের মৌসুমে প্রচলিত উপায়ে মক্কায় যাওয়া-থাকা-আসার খরচ জমা থাকতে হবে। এ ছাড়া হজের সফরে থাকার সময় নিজের দায়িত্বাধীন লোকজনের ভরণপোষণ ও অন্যান্য ব্যয়ও জমা থাকতে হবে।
বর্তমানে হজের জন্য সৌদি সরকারের অনুমতি ও বৈধ ভিসা থাকা শর্ত। ওমরাহ ভিসায় সৌদি আরব গিয়ে হজ করার অনুমতি দেওয়া হয় না। তাই এই দুটিও হজ ফরজ হওয়ার শর্তের অন্তর্ভুক্ত। সুতরাং কেবল হজের মৌসুমে ওমরাহ করতে গেলেই হজ ফরজ হবে না এবং কোনোভাবে সরাসরি কাবাঘর দেখে ফেললে হজ ফরজ হবে না।
আগের যুগে যেহেতু হজের মৌসুমে ওমরাহ করতে গেলে সেখানে হজ পর্যন্ত অবস্থান করা বৈধ ছিল, তাতে কোনো ধরনের আইনি বাধা ছিল না, তাই সেই যুগের আলেমরা বলতেন, সামর্থ্যবান ব্যক্তি হজের মৌসুমে মক্কায় অবস্থান করলে হজ ফরজ হয়ে যায়। তবে বর্তমানে হজের অনুমোদন ছাড়া হজ করা যায় না। তাই এখন সেই ফতোয়া কার্যকর নয়।
সূত্র: আল-মাসালিক ফিল মানাসিক
১ / ২৫৭; যুবদাতুল মানাসিক পৃ. ২১; ইরশাদুস সারি ইলা মানাসিকি মুল্লা
আলি আল-কারি পৃ. ৪১; ইমদাদুল আহকাম ২ / ১৬৩।
উত্তর দিয়েছেন, মুফতি আবু সওবান, শিক্ষক ও ফতোয়া গবেষক

২০১৪ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ইসলামি শিক্ষার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পাঠ গ্রহণ করছে। তাদের সম্পূর্ণ সিলেবাস প্রণয়ন করেছে ইতমিনান বোর্ড বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
ইসলাম ধর্মের অন্যতম মৌলিক ভিত্তি হলো নামাজ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রতিটি মুসলিম নারী ও পুরুষের ওপর দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ বা অবশ্যপালনীয়। কোনো ব্যক্তির ওপর নামাজ ফরজ হওয়ার জন্য প্রধানত তিনটি শর্ত একসঙ্গে পূর্ণ হতে হয়।
১৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৬ ঘণ্টা আগে
কওমি মাদ্রাসা নিয়ে অভিযোগ গ্রহণ, তথ্য-উপাত্ত সংগ্রহ, ফ্যাক্ট-চেক এবং তদারকি কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন এবং অভিযোগ গ্রহণের জন্য বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’।
১ দিন আগে