Ajker Patrika

মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চান ভেনেজুয়েলার সাবেক স্পাইমাস্টার ‘মুরগি’

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৩: ১৮
মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চান ভেনেজুয়েলার সাবেক স্পাইমাস্টার ‘মুরগি’
হুগো কারভাহাল বারিসো। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন এমন এক ব্যক্তিকে সবাই চেনে ‘এল পোল্লো’ বা ‘মুরগি’ নামে। তিনি আর কেউ নন, ভেনেজুয়েলার সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান জেনারেল হুগো কারভাহাল বারিসো। খবর সিএনএনের।

কারভাহাল ভেনেজুয়েলার প্রয়াত শাসক হুগো চাভেজের শাসনামলে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালে তিনি মার্কিন ফেডারেল আদালতে মাদক পাচার ও নার্কো-সন্ত্রাসবাদের অভিযোগ স্বীকার করেন। এখন যখন মাদুরো নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে মাদক-সন্ত্রাসবাদের মামলার বিচারের অপেক্ষায় আছেন, তখন গত ডিসেম্বর মাসে কারভাহাল ট্রাম্পকে একটি চিঠি পাঠান। চিঠি থেকে ইঙ্গিত মেলে, সাবেক এই স্পাই মাস্টার কেবল আর একটি মামলার আসামি থাকতে চান না; বরং নিজের প্রেসিডেন্টের বিরুদ্ধেই সাক্ষ্য দিতে চান।

চিঠিটির একটি অনুলিপি কারভাহালের আইনজীবীর মাধ্যমে পেয়েছেন সিএনএন। চিঠিতে কারভাহাল ট্রাম্পকে জানান, তিনি তাঁর অতীত অপরাধের জন্য ‘প্রায়শ্চিত্ত’ করতে চান, ‘যাতে যুক্তরাষ্ট্র নিজেকে সেসব বিপদ থেকে রক্ষা করতে পারে, যা আমি বহু বছর ধরে প্রত্যক্ষ করেছি।’

চিঠিতে তিনি বহুস্তরীয় ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তাঁর দাবি, মাদুরো যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপির চেষ্টা করেছেন (কোন নির্বাচন, তা তিনি নির্দিষ্ট করেননি) এবং ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ত্রেন দে আরাগুয়ার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে অপরাধী, মাদক ও গুপ্তচর ঢোকানোর ষড়যন্ত্র করেছেন। এসব অভিযোগের সঙ্গে মাদুরোর বিরুদ্ধে আদালতে আনা অভিযোগের মিল আছে।

কারভাহালের এসব দাবি এবং সহযোগিতার প্রস্তাব যুক্তরাষ্ট্র সরকারের কাছে কতটা গুরুত্ব পেয়েছে, তা স্পষ্ট নয়। চিঠিটি নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ্যে কিছু বলেনি। তবে কারভাহাল প্রসিকিউশনের জন্য গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারেন। কারণ, ভেনেজুয়েলার রাষ্ট্রযন্ত্রের ভেতরের ব্যাপারে তাঁর গভীর জ্ঞান রয়েছে।

গত সপ্তাহে কারভাহালের সাজা ঘোষণার শুনানি স্থগিত করা হয়েছে। নতুন তারিখও নির্ধারণ করা হয়নি। নিউইয়র্কের আইনজীবী রেনাতো স্তাবিলের মতে, এটি ‘বোঝাপড়ার ইঙ্গিত হতে পারে, যদিও নিশ্চিত নয়’। তিনি বলেন, যদি কারভাহাল যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করে থাকেন, তাহলে তাঁর সাজা ঘোষণা এগিয়ে নেওয়া ‘অত্যন্ত অস্বাভাবিক’ হবে।

স্তাবিলে এর আগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হেরনান্দেজের আইনজীবী ছিলেন। মাদক পাচারের দায়ে ৪৫ বছরের কারাদণ্ড পাওয়ার পর ২০২৫ সালের ১ ডিসেম্বর ট্রাম্প তাঁকে ক্ষমা করে মুক্তি দেন। ঠিক তার পরদিনই কারভাহাল ট্রাম্পকে চিঠি পাঠান।

কারভাহালের আইনজীবী চিঠির বিষয়বস্তু বা মামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। মার্কিন বিচার বিভাগও সিএনএনের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

কারভাহাল ছিলেন ভেনেজুয়েলার পুরোনো ক্ষমতাকাঠামোর অংশ। সেনাবাহিনীর সময় থেকেই তিনি হুগো চাভেজের ঘনিষ্ঠ ছিলেন। তাঁর নেতৃত্বে থাকা সামরিক গোয়েন্দা সংস্থা ডিসিজিআইএম বিরোধীদের ওপর নির্যাতন ও আটক রাখার অভিযোগে কুখ্যাত। ২০১৯ সালে তিনি মাদুরোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং বিরোধী নেতা জুয়ান গুইদোকে সমর্থন জানান। এরপর তিনি স্পেনে পালিয়ে যান। সে সময় যুক্তরাষ্ট্রের সিনেটর মার্কো রুবিও বলেন, কারভাহালের এই দলত্যাগ যেন বাঁধ ভাঙার মতো ঘটনা।

নির্বাসনে থাকাকালে তিনি তাঁর ব্যক্তিগত ব্লগ (এখন বন্ধ) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মাদুরোর বিরুদ্ধে বিস্তৃত অভিযোগ তোলেন। গুইদোকে সমর্থন জানানোর পরপরই মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মাদুরোর ঘনিষ্ঠ মহল মাদক পাচার ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। মাদুরো ও ভেনেজুয়েলা সরকার এসব অভিযোগ বারবার অস্বীকার করেছে।

তবে তিনি নিজেও যুক্তরাষ্ট্র সরকারের নজরে ছিলেন। ২০০৮ সালে বুশ প্রশাসন তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অভিযোগ—তিনি কলম্বিয়ার বামপন্থী সশস্ত্র গোষ্ঠী ফার্ককে মাদক পাচার কার্যক্রমে সহায়তা করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী খুন: মিথ্যা জবানবন্দি দিয়ে ধরা খেল খুনি, প্রকাশ্যে রোমহর্ষক তথ্য

ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের

বজ্রপাতে ৮ জেলায় প্রাণ গেল ১৫ জনের

গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া

‘স্বামী আমাকে না রাখলেও সমস্যা নেই, সন্তানকে ফেলব না’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত