
মহাকাশ গবেষণায় এবং ভূপৃষ্ঠে স্যাটেলাইট নজরদারি বাড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান। গতকাল শনিবার দেশটি চীনের সহায়তায় ইলেকট্রো-অপটিক্যাল স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর গতকাল শনিবারই জানিয়েছে, তারা চীনের তাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ইলেকট্রো-অপটিক্যাল স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। দেশটি এটিকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোসফিয়ার রিসার্চ কমিশন বা সুপারকো তাদের দেশীয় ইলেকট্রো-অপটিক্যাল স্যাটেলাইট (ইও-৩) সফলভাবে উৎক্ষেপণ করেছে। এর মাধ্যমে দেশের মহাকাশ সক্ষমতায় আরেকটি বড় অগ্রগতি হলো।
ইলেকট্রো-অপটিক্যাল স্যাটেলাইট হলো এমন কৃত্রিম উপগ্রহ, যা দৃশ্যমান আলো এবং ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি ব্যবহার করে ভূপৃষ্ঠের হাই-রেজোলিউশন ছবি তোলে। এগুলো ডিজিটাল ক্যামেরার মতো কাজ করে, যেখানে অপটিক্যাল সেন্সর ব্যবহার করে দিনের আলোতে সুনির্দিষ্ট চিত্র ধারণ করা হয়। এই প্রযুক্তি মূলত নজরদারি, পরিবেশ পর্যবেক্ষণ, এবং দুর্যোগ ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, মূল ইমেজিং মিশনের বাইরে ইও-৩-তে উন্নত পরীক্ষামূলক পেলোড যুক্ত করা হয়েছে, যা পরবর্তী প্রজন্মের মহাকাশ প্রযুক্তি যাচাইয়ের জন্য ব্যবহৃত হবে। এর মধ্যে রয়েছে উন্নত ইমেজিং নির্ভুলতার জন্য মাল্টি-জিওমেট্রি ইমেজিং মডিউল, একটি উন্নত শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং রিয়েল-টাইম বিশ্লেষণ ও বুদ্ধিমান সিদ্ধান্ত সহায়তার জন্য অনবোর্ড এআই-চালিত ডেটা প্রসেসিং ইউনিট।
পররাষ্ট্র দপ্তর জানায়, ইও-৩ যুক্ত হওয়ার ফলে পাকিস্তানের আর্থ অবজারভেশন স্যাটেলাইট বহরে ‘রিমোট সেন্সিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।’ তাদের ভাষায়, এই সমন্বিত ব্যবস্থা ডেটার ধারাবাহিকতা, ইমেজিং নির্ভরযোগ্যতা এবং বিশ্লেষণের নির্ভুলতা বাড়াবে, যা দেশের বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক খাতে কাজে লাগবে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে এই উৎক্ষেপণকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি পাকিস্তানের আত্মনির্ভরতা, বৈজ্ঞানিক দক্ষতা এবং মহাকাশ প্রযুক্তিতে ক্রমবর্ধমান সক্ষমতার স্পষ্ট প্রতিফলন। তিনি সুপারকোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের পেশাদার দক্ষতার প্রশংসা করেন এবং বলেন, তাদের প্রচেষ্টা পাকিস্তানকে আধুনিক চাহিদার সঙ্গে খাপ খাওয়াতে সহায়তা করছে। একই সঙ্গে মহাকাশ খাতে চীনের ‘নিরবচ্ছিন্ন ও বিশ্বাসযোগ্য সহযোগিতাকে’ও তিনি স্বাগত জানান।
চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, বেইজিং সময় রাত ৮টা ১৫ মিনিটে লং মার্চ–৬ নামের রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় এবং এটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে উত্তর চীনের জিকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে প্রথম দেশীয় ইলেকট্রো-অপটিক্যাল স্যাটেলাইট (ইও-১) উৎক্ষেপণ করে পাকিস্তান। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান চীনের ইয়াংজিয়াং সিশোর উৎক্ষেপণকেন্দ্র দ্বিতীয় দেশীয় আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইও-২ সফলভাবে উৎক্ষেপণ করে।

এস্তোনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গ্রাম বছরে একবারের জন্য রূপ নেয় এক প্রতীকী রাজ্যে। এমনকি সেখানে প্রবেশের জন্য দেওয়া হয় ভিসা, চালু থাকে নিজস্ব প্রতীকী মুদ্রা, এমনকি আয়োজন করা হয় সামরিক কুচকাওয়াজের আদলে একটি প্রদর্শনীও।
৩৬ মিনিট আগে
রাশিয়ার একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত এগারোজন নিহত হয়েছেন। আজ সোমবার হামলার বিষয়টি নিশ্চিত করে মস্কো জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গেলেন্দঝিকে পর্যটকদের লক্ষ্য করে চালানো এই হামলায় আরও অন্তত ৪০ জন...
৩৯ মিনিট আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি দেশটির প্রধান শান্তি আলোচক রুস্তেম উমেরভকে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে দেশটির শীর্ষ পর্যায়ে চলমান রদবদলের ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এল।
১ ঘণ্টা আগে
রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইয়াংসান শহরে রোববার তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ১৯০৪ সালে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরুর পর এটিই দেশটিতে নথিভুক্ত সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে কোরিয়া মেটিওরোলজিক্যাল...
২ ঘণ্টা আগে