ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সরকারের পতন ঘটলে স্বাভাবিক পরিণতি হিসেবে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহরও পতন ঘটবে। এর মধ্য দিয়ে লেবাননের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
লেবানন সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এ কথা বলেন।
নেতানিয়াহু বলেন, ‘আমাদের অভিযান সম্পূর্ণ করার অর্থ হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার পতন ঘটানো। কারণ, এই শাসনব্যবস্থাই বিষাক্ত অক্টোপাসটির মাথা। আমরা যদি মাথাটি বিচ্ছিন্ন করতে পারি, তাহলে পুরো প্রাণীটিই লুটিয়ে পড়বে।’
নেতানিয়াহু দাবি করেন, তাঁর দেশ ভূগর্ভে ও ভূপৃষ্ঠে থাকা সন্ত্রাসী অবকাঠামোর সব গুরুত্বপূর্ণ অংশ কার্যত ধ্বংস করে দিয়েছে।
তবে ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি অব্যাহত থাকবে বলে মনে করেন নেতানিয়াহু। তাঁর ভাষ্য, ইরানের সরকার পরাজিত বা দুর্বল হয়ে পড়লেও তারা আবারও আগের প্রচেষ্টা চালানোর চেষ্টা করবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও দাবি করেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা চালিয়ে যাবে এবং আঞ্চলিক মিত্র ও সহযোগী গোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত তাদের ‘অক্ষ’ পুনর্গঠনের উদ্যোগ নেবে। প্রায় এক বছর আগে ইরান যে ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল, ইসরায়েল তা প্রতিহত করতে সক্ষম হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
নেতানিয়াহু জানান, তাঁর দেশ লেবাননের সঙ্গেও শান্তি প্রতিষ্ঠা করবে। তবে সেই লক্ষ্য অর্জনের আগে ইরানের শাসনব্যবস্থার অবসান ঘটানো জরুরি।
নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট হয়েছে, ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করাকে তিনি হিজবুল্লাহর সামরিক ও রাজনৈতিক সক্ষমতা দুর্বল করা এবং লেবাননের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত হিসেবে দেখছেন।









