Ajker Patrika

হুতিদের কাছে অস্ত্র পাচারকারী জাহাজগুলোকে টার্গেট করছে সৌদি জোট

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৮: ৫৭
হুতিদের কাছে অস্ত্র পাচারকারী জাহাজগুলোকে টার্গেট করছে সৌদি জোট
ছবিটি ভিডিও থেকে নেওয়া

ইয়েমেনের হুতিদের কাছে অস্ত্র পাচারের সঙ্গে জড়িত সন্দেহে সমুদ্রপথে চলাচলকারী কয়েকটি নৌযান শনাক্ত করে সেগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের যৌথ বাহিনীর কমান্ড প্রকাশিত এবং সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রচারিত ভিডিওতে সমুদ্রে একটি নৌযানের ওপর নজরদারির দৃশ্য দেখা যায়।

লক্ষ্যবস্তু শনাক্তকরণ সংক্রান্ত চিত্রে নৌযানটিকে লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয়েছে।

জোটের দাবি, হুতিদের পক্ষে এবং সংগঠিত অপরাধী গোষ্ঠীগুলোর মাধ্যমে ইয়েমেনের উপকূলে অস্ত্র পাচারে জড়িত নৌযানগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনার দৃশ্য ওই ভিডিওতে ধারণ করা হয়েছে। সন্দেহভাজন নৌযানগুলোর মালিকদের সতর্ক করার পাশাপাশি এবার সরাসরি অভিযানেও যাচ্ছে জোট।

এসপিএতে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি জোট জানায়, প্রচলিত ধরনের সামুদ্রিক নৌযান ব্যবহার করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচার ইয়েমেনের নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করছে।

হুতিরা অস্ত্র পাচারের কাজে ব্যবহার করছে, এমন চার ধরনের ঐতিহ্যবাহী নৌযানের নামও উল্লেখ করেছে এই জোট। এগুলো হলো—হুরি, জালবাহ, সানবুক ও জাইমা।

বিবৃতিতে নৌযান মালিকদের হুতিদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা না করার আহ্বান জানানো হয়েছে। জোট সতর্ক করে বলেছে, অস্ত্র পাচারের এসব কর্মকাণ্ড বেসামরিক মানুষের জীবন ও সম্পদের জন্য ঝুঁকি তৈরি করছে।

আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে সন্দেহভাজন নৌযানগুলোর বিরুদ্ধে জোটের এই পদক্ষেপ ইয়েমেন উপকূলে অস্ত্র পাচার ঠেকানোর প্রচেষ্টা জোরদারের ইঙ্গিত দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত