Ajker Patrika

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর, যা জানা গেল

আজকের পত্রিকা ডেস্ক­
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর, যা জানা গেল
২০২৩ সালে ধারণ করা রবার্তো কার্লোসের ছবি। ছবি: উইকিপিডিয়া

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে তুরস্কের কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত রবার্তো কার্লোসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

তুর্কি গণমাধ্যম ‘হাবেরলার’সহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ৫৩ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সাথে সাক্ষাৎ করে কালেমা শাহাদাত পাঠ করেছেন।

এই খবরের গুঞ্জন আরও জোরদার হয় তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলী শাহিনের একটি পোস্টের পর। এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে আলী শাহিন জানান, ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত ‘ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইউথ’ পরিদর্শনের সময় শেখ জিহাদ হামাদার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।

আলী শাহিন লেখেন, শেখ হামাদা তাঁকে জানিয়েছেন যে ফেনেরবাচকে খেলা সাবেক ফুটবল তারকা রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। চার সপ্তাহ আগে তিনি সাক্ষাতে আসেন এবং শাহাদাত পাঠ করে ইসলাম বেছে নেন।

তুর্কি এমপি রবার্তো কার্লোস ও তাঁর পরিবারের জন্য ‘শান্তি, স্বাস্থ্য ও বরকতময় জীবন’ কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

ইসলাম গ্রহণের দাবির পাশাপাশি মরক্কো বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক সোহাইলা আল তাহিরির সঙ্গে কার্লোসের বিয়ের খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়।

সোহাইলা আল তাহিরি ফিফা অনুমোদিত একজন ফুটবলার এজেন্ট। তিনি খেলোয়াড়দের ক্যারিয়ার ব্যবস্থাপনা এবং ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন প্রজেক্টের সাথে যুক্ত।

প্রতিবেদনে বলা হয়, পেশাগত পরিচয়ের মাধ্যমে তাঁদের সম্পর্কের সূচনা হলেও পরবর্তীতে তা ব্যক্তিগত পরিণয়ে রূপ নেয়। গত জানুয়ারিতে তাঁদের বিয়ের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে এবং গত ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ১৭ আগস্ট সেই আয়োজনের ছবিগুলো পুনরায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্ব ফুটবলে সফল ক্যারিয়ার গড়ার পর রবার্তো কার্লোস তুরস্কের ক্লাব ফেনেরবাচকেও খেলেছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবল ভক্তদের কাছে তিনি অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত।

তুর্কি গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের বরাতে খবরটি ছড়িয়ে পড়লেও, রবার্তো কার্লোস নিজে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো বিবৃতি দেননি। তাই সংবাদের বস্তুনিষ্ঠতা ও সত্যতা নিশ্চিতের জন্য রবার্তো কার্লোসের নিজস্ব আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছে ক্রীড়ামহল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত