
মণিপুরে দীর্ঘ দুই বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে খুলে দেওয়া হলো রাজ্যের প্রাণরেখা হিসেবে পরিচিত জাতীয় সড়ক-০২ (এনএইচ)। কুকি ও জোমি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠন কুকি জো কাউন্সিল (কেজেডসি) দিল্লিতে কয়েক দফা আলোচনার পর এ সিদ্ধান্তের কথা জানায়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ) আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, শান্তি বজায় রাখতে কেজেডসি কেন্দ্রীয় বাহিনীকে সহযোগিতা করবে। সে সঙ্গে অবাধে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চলাচলেরও নিশ্চয়তা দিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে মণিপুরে মেইতেই ও কুকি জাতিগোষ্ঠীর মধ্যে ভয়াবহ জাতিগত সংঘাত শুরু হয়। সহিংসতায় শত শত প্রাণহানি ঘটে, লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয় এবং বহু স্থানে কুকি অধ্যুষিত পাহাড়ি এলাকা থেকে মেইতেই অধ্যুষিত উপত্যকা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন থেকে এনএইচ-০২ কার্যত বন্ধ ছিল, ফলে রাজধানী ইম্ফলসহ পুরো রাজ্যের যোগাযোগ ও পণ্য সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণায় আরও জানানো হয়েছে, কুকি, জোমি ও হমার সম্প্রদায়ের দুই ডজনের বেশি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি বা সাসপেনশন অব অপারেশনস (এসওও) আবারও নবায়ন করা হয়েছে। তবে শর্ত হিসেবে স্পষ্ট করা হয়েছে, মণিপুরের ভৌগোলিক অখণ্ডতা অটুট থাকবে, কোনোভাবেই রাজ্যের সীমান্ত পরিবর্তন করা হবে না।
এসওও প্রথম স্বাক্ষরিত হয় ২০০৮ সালে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও কুকি গোষ্ঠীগুলোর মধ্যে স্বাক্ষরিত এ ত্রিপক্ষীয় চুক্তির আওতায় বিদ্রোহীরা নির্দিষ্ট শিবিরে অবস্থান করবে, তাদের অস্ত্রভান্ডার তালাবদ্ধ থাকবে এবং যৌথ পর্যবেক্ষক দলের নজরদারিতে নিয়মিত পরিদর্শন হবে। এবারও একই শর্ত বহাল রেখে নবায়ন করা হলো চুক্তিটি।
বর্তমানে এ চুক্তির আওতায় থাকা গোষ্ঠীগুলোর বড় অংশ কুকি ন্যাশনাল অর্গানাইজেশন (কেএনও) ও ইউনাইটেড পিপলস ফ্রন্টের (ইউপিএফ) অধীনে রয়েছে। বিশ্লেষকদের মতে, জাতীয় সড়ক খোলার পদক্ষেপ মণিপুরের মানুষের কাছে বড় স্বস্তি নিয়ে এসেছে। কারণ, এ পথই ইম্ফলকে আসামের সঙ্গে যুক্ত করে এবং প্রতিদিন টনকে টন পণ্য সরবরাহ এ পথে হয়ে থাকে। তবে অতীত অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে, শুধু রাস্তা খোলা নয়, মূল সমস্যার রাজনৈতিক সমাধান ছাড়া স্থায়ী শান্তি ফিরবে না। কেজেডসি তাদের প্রতিশ্রুতি পূরণে কতটা কার্যকরভাবে কাজ করে, সেটিই এখন দেখার বিষয়।
এদিকে রাজ্যের এই ইতিবাচক অগ্রগতি এমন এক সময়ে এসেছে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুর সফরে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্টদের অনেকে বলছেন, মোদি ১২ অথবা ১৩ সেপ্টেম্বর মণিপুর সফরে যেতে পারেন। ২০২৩ সালে জাতিগত সংঘাত শুরু হওয়ার পর থেকে এটিই হবে মণিপুরে তাঁর প্রথম সফর।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) স্থগিতসহ ১০ দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের প্রধান...
৩ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী...
৪ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা-সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
৫ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
৬ ঘণ্টা আগে