
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির দেশে ফেরা এবং রাজনৈতিক প্রতিবাদে অংশ নেওয়ার ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁর ভারতে আসার ঘোষণা দিয়ে প্রকাশিত একটি ভিডিও ইনস্টাগ্রামে ৬৪ লাখ লাইক এবং ১ লাখ ২৫ হাজারের বেশি মন্তব্য পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য প্রিন্ট।
ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে গত বুধবার রাতে ভিডিওটি প্রকাশ করেন। এতে রাঠিকে আসন্ন প্রতিবাদ কর্মসূচির বিশেষ অতিথি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। ভিডিওতে রাঠি জানান, গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নিতে তিনি বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে যাবেন। পাশাপাশি ১০ অক্টোবর নয়াদিল্লির যন্তর মন্তরে আয়োজিত প্রতিবাদেও অংশ নেওয়ার জন্য দিল্লিবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে অনুষ্ঠিত ওই বিক্ষোভে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়। নির্বাচন কমিশনের ভূমিকা ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই এই কর্মসূচি আয়োজন করা হয়।
প্রতিবাদে অংশ নেওয়ার পর রাঠি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন। সেখানে উপস্থিত মানুষের সংখ্যা তুলে ধরে তিনি জানতে চান, দিল্লির কর্মসূচিতে কত মানুষ সমবেত হবেন। তাঁর ওই পোস্টে ৩৩ হাজার লাইক ও ৪ হাজার ৪০০ বার শেয়ার করা হয়।
বেঙ্গালুরুর সমাবেশে রাঠির একটি ভিডিওও ব্যাপক জনপ্রিয়তা পায়। হাতে মাইক্রোফোন ও সেলফি স্টিক নিয়ে তিনি ‘ভোট চোর’ স্লোগান দেন। জবাবে উপস্থিত জনতা ‘গদি চোর’ স্লোগান তোলে। ভিডিওটি এক্সে ৮৮ হাজার লাইক ও ১৭ হাজারের বেশি রিপোস্ট পায়। ইনস্টাগ্রামে একই ভিডিওতে লাইক পড়ে ২৯ লাখ, মন্তব্য ৪১ হাজার ২০০টি।
এই প্রচারে যোগ দিয়েছেন অভিনেতা প্রকাশ রাজও। ভিডিওতে তাঁকে প্রধান নির্বাচন কমিশনারকে লক্ষ্য করে ‘সিংহাম’ চলচ্চিত্রের সংলাপের আদলে বলতে শোনা যায়, ‘আলি রে আলি, জ্ঞানু, আতা তুঝি বারি আলি’—অর্থাৎ, এবার তোমার পালা।
এদিকে দিল্লিতে ১০ অক্টোবরের প্রতিবাদ সামনে রেখে মেট্রো ও রেলস্টেশনে বিধিনিষেধ আরোপের খবরের সমালোচনা করেছেন রাঠি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে এক্সে তিনি প্রশ্ন তোলেন, প্রতিবাদে অল্পসংখ্যক মানুষ আসবে বলে দাবি করা হলে এত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন।
ইনস্টাগ্রামে রাঠির অনুসারী ১ কোটি ৯২ লাখ, এক্সে ৩৩ লাখ এবং ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার ৩ কোটি ৩০ লাখ। ২০১৪-১৫ সালের দিকে উচ্চশিক্ষার জন্য জার্মানিতে পাড়ি জমান তিনি। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর থেকেই বিদেশে অবস্থান করে রাজনীতি, জননীতি ও সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও তৈরি করছেন।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত রাঠিকে দীর্ঘদিন ধরেই বিদেশে বসে ভারতের রাজনীতি নিয়ে কথা বলার পাশাপাশি দেশে ফিরে সরাসরি আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান ও বিদ্রূপের মুখে পড়তে হয়েছে। তাঁর এবারের প্রতিবাদে অংশগ্রহণ সেই বিতর্ককে নতুন করে সামনে এনেছে।

ভারতের রাজস্থানের আজমের সেন্ট্রাল জেলের সাবেক কর্মকর্তা দিব্যা চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালত সেই কারাগারেই পাঠানোর নির্দেশ দিয়েছেন, যে কারাগারের দায়িত্বে ছিলেন তিনি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী বন্দীকে নিয়মবহির্ভূতভাবে নিজের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে লাগানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
৬ মিনিট আগে
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারপতি নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আদালতটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
১ ঘণ্টা আগে
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলোকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। গতকাল বৃহস্পতিবার ৩৮১-১৬৭ ভোটে গৃহীত এক প্রস্তাবে সংগঠনটির প্রভাব মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়....
২ ঘণ্টা আগে
ইতালির একটি ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদাম থেকে প্রায় ৩০ হাজার বোতল ওয়াইন চুরি হয়েছে। চুরি হওয়া এসব ওয়াইনের মূল্য প্রায় ৫০ লাখ ইউরো। ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে.....
৩ ঘণ্টা আগে