মারা গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিপক্ষ হিসেবে পরিচিত বিরোধীদলীয় নেতা অ্যালেক্সই নাভালনি। স্থানীয় সময় আজ শুক্রবার তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল ইয়ামালো-নেনেতের একটি কারাগারের বন্দী ছিলেন নাভালনি। সেই কারাগারেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। নাভালনি জালিয়াতি, চরমপন্থীদের সমর্থন দেওয়াসহ একাধিক মামলায় ২০ বছরেরও বেশি সাজা ভোগ করছিলেন।
রুশ কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘নাভালনি হাঁটার পর অসুস্থ বোধ করেন এবং একটু পরই জ্ঞান হারান। দ্রুত চিকিৎসক ও অ্যাম্বুলেন্স দলকে ডাকা হয়। তাঁর জ্ঞান ফিরিয়ে আনা চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তাঁর মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।’
মৃত্যুকালে নাভালনির বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রীর নাম ইউলিয়া, মেয়ের নাম দারিয়া এবং ছেলের নাম জাহার। নাভালনি ১৯৭৬ সালে মস্কোর নিকটবর্তী শহর বায়তনে জন্ম গ্রহণ করেন। উচ্চশিক্ষা নেন অর্থনীতি ও আইন বিষয়ে। তিনি সক্রিয় রাজনীতি শুরু করেন ২০০৮ সালে এবং ২০১১ সালে দুর্নীতিবিরোধী মঞ্চ এফবিকে গঠন করেন তিনি। তাঁর রাজনৈতিক স্লোগান ছিল, ‘আগামীর বিস্ময় রাশিয়া।’
রাজনৈতিক জীবনে নাভালনি পুতিনের কট্টর বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে রাশিয়ার দুর্নীতি ও শাসনব্যবস্থার কড়া সমালোচক ছিলেন তিনি। রাশিয়ায় তিনি কয়েক যুগ ধরেই বিদ্যমান সরকার ও শাসনব্যবস্থার বিরুদ্ধে কথা বলে আসছিলেন। দেশজুড়ে এ নিয়ে তিনি বিভিন্ন সময় আন্দোলন চালিয়েছেন।
নাভালনি ২০১৭ সালে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিলাসবহুল জীবনযাপনের বিষয়টি উন্মোচিত করেন। এমনকি বিষয়টি নিয়ে সরকারবিরোধী আন্দোলনও গড়ে তোলেন তিনি। পরে ২০১৮ সালে নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেন, কিন্তু তাঁর প্রার্থিতা বাতিল করা হয় ২০১৪ সালের একটি অভিযোগ সামনে এনে।
এরপর, ২০২০ সালের আগস্টে একটি সফরে নাভালনির খাবারের বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সে সময় তাঁর খাবারে সামরিক নার্ভ এজেন্ট মিশিয়ে দেওয়া হয়েছিল। পরে নাভালনি অভিযোগ করেন, এই বিষয়টির সঙ্গে পুতিন জড়িত। তবে ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করে।
রাশিয়ার এই নেতাকে ২০২১ সালের শুরুর দিকেই গ্রেপ্তার করা হয় ২০১৪ সালে দায়ের করা একটি অর্থ আত্মসাৎ মামলায়। দ্রুতই বিচারের মাধ্যমে তাঁকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে আদালত অবমাননার অভিযোগে তাঁকে আরও ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২১ সালের আগস্টে চরমপন্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাভালনিকে আরও ১৯ বছর কারাদণ্ড দেওয়া হয়।

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় পারিবারিক কলহের জেরে প্রকাশ্যে রাস্তায় এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছেন তাঁর স্বামী। স্ত্রীকে হত্যার পর স্বামীও নিজের পেটে ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি...
৯ ঘণ্টা আগে
বাবরি মসজিদ ভেঙে ফেলার পর অযোধ্যায় একটি বিকল্প মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে কোর্টের রায়ের ভিত্তিতে প্রস্তাবিত বিকল্প মসজিদ নির্মাণের প্রকল্পটি শেষ পর্যন্ত কাটছাঁট করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বার্তা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে...
১০ ঘণ্টা আগে
জার্মানিতে ১৫ জন রোগীকে বিষাক্ত ওষুধ প্রয়োগে হত্যার দায়ে এক (প্যালিয়েটিভ কেয়ার) চিকিৎসককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আজ বার্লিনের একটি আদালত ৪১ বছর বয়সী ওই চিকিৎসককে দোষী সাব্যস্ত করে এই রায় দেন...
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পথে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আজ রাতে ইরানে আবারও কঠোর হামলা চালানো হবে। আজ বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে...
১২ ঘণ্টা আগে