
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তিব্বতে একটি বিরল ও অঘোষিত সফরে অংশ নিয়েছেন। গতকাল বুধবার রাজধানী লাসায় পৌঁছে তিনি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তির আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন। এবারই প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট তিব্বতে সরাসরি এমন আয়োজনে যোগ দিলেন।
সি চিন পিং বলেছেন, তিব্বতকে ‘আধুনিক সমাজতান্ত্রিক, ঐক্যবদ্ধ, সমৃদ্ধ, সভ্য ও সুন্দর অঞ্চল’ হিসেবে গড়ে তোলা হবে। তিনি ধর্মীয় কার্যক্রমে কড়াকড়ি ও তিব্বতি বৌদ্ধধর্মকে সমাজতান্ত্রিক কাঠামোর সঙ্গে মানিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁর ভাষায়, তিব্বত শাসনের মূল চাবিকাঠি হলো রাজনৈতিক শৃঙ্খলা, সামাজিক স্থিতি, জাতিগত ঐক্য ও ধর্মীয় সম্প্রীতি।
চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সি চিন পিং লাসায় পৌঁছালে তিব্বতের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ ফুল ও নাচ-গানে তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় তিনি অবকাঠামো উন্নয়ন, কৃষি, পরিচ্ছন্ন জ্বালানি ও পর্যটন খাতের প্রসারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তিনি ইয়ারলুং সাংপো নদীতে ১৬৭ বিলিয়ন ডলারের বহুমুখী বাঁধ এবং সিচুয়ান-তিব্বত রেলপথ প্রকল্পেরও ইঙ্গিত দেন। এসব প্রকল্পকে তাঁর নেতৃত্বের অন্যতম বড় বাজি হিসেবে দেখা হচ্ছে।
তবে আন্তর্জাতিক মহল ও নির্বাসিত তিব্বতিদের মতে, এ সফরের মূল উদ্দেশ্য মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস আড়াল করা। ১৯৫১ সালে চীনের সেনা অভিযানের পর থেকে বেইজিংয়ের কড়াকড়ি দমননীতির মুখে আছে তিব্বত। ১৯৫৯ সালে ব্যর্থ বিদ্রোহের পর তিব্বতের ১৪তম দালাই লামা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন। পরে তাঁর নেতৃত্বে সেখানেই নির্বাসিত সরকার গঠিত হয়। বেইজিং তাঁকে বিচ্ছিন্নতাবাদী মনে করলেও তিনি সর্বদা পূর্ণ স্বায়ত্তশাসনের পক্ষে অবস্থান নিয়েছেন।
তিব্বতের নির্বাসিত সরকারের সংসদ সদস্য দর্জে সেতেন বলেন, চীনের তৈরি করা এ তথাকথিত স্বায়ত্তশাসিত অঞ্চল আসলে উপনিবেশিক শাসনের প্রতীক। ‘ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিব্বত’-এর প্রেসিডেন্ট তেনচো গ্যাতসো মন্তব্য করেন, সি চিন পিংয়ের সফর চীনের ভেতরের নিরাপত্তাহীনতাকে প্রকাশ করে।
সমালোচকদের মতে, ২০০৮ সালের প্রতিবাদ দমন করার পর থেকে তিব্বতে দমননীতি আরও গভীর হয়েছে। বিদেশিদের প্রবেশে কড়াকড়ি, তিব্বতি শিশুদের মান্দারিন-মাধ্যম আবাসিক বিদ্যালয়ে রাখা এবং রাজনৈতিক মতামত ও সাংস্কৃতিক প্রকাশের ওপর কঠোর নিয়ন্ত্রণের কারণে পরিস্থিতি জটিল আকার নিয়েছে।
সি চিন পিংয়ের এ সফরকে তিব্বতি মানবাধিকারকর্মীরা দমনমূলক শাসনের বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন। তাঁদের মতে, তিব্বতের এ তথাকথিত বার্ষিকী উদ্যাপন তিব্বতিদের কাছে কোনো আনন্দের উপলক্ষ নয়, বরং চীনা দখলদারির বেদনাদায়ক স্মৃতি।

তিব্বতের চার হাজার মিটারেরও বেশি উচ্চতার দুর্গম মালভূমিতে চলছে এক অভিনব বৈজ্ঞানিক প্রকল্প। তুষারঢাকা পাহাড়, তীব্র ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিজ্ঞানীরা তৈরি করছেন ক্লোন ইয়াক। এর লক্ষ্য হলো—আরও স্বাস্থ্যবান, দ্রুত বর্ধনশীল, অধিক উর্বর ও রোগ প্রতিরোধী ‘এলিট’ ইয়াকের একটি পাল গড়ে তোলা।
৩ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে বার্ষিক প্রাইড (এলজিবিটিকিউ সম্প্রদায়) উৎসবের ঠিক শেষ মুহূর্তে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত একজন নারী নিহত এবং আরও ২৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার (২৫ জুলাই) রাতের এই ঘটনায় পুরো জার্মানিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
ভারতের পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সের পদত্যাগ দাবি করেছে রাজ্যটির বিরোধী দল বিজেপি। রাজ্যে বিভিন্ন নিয়োগ ও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগ তুলে এই দাবি জানানো হয়েছে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, গত সাড়ে চার বছরে রাজ্যে কোনো
৪ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে অংশ নিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে বাধ্য হওয়ার আশঙ্কায় থাকা ইসরায়েলি তিন ভাই-বোনকে অস্ট্রেলিয়ায় সুরক্ষা দেওয়ার পথ খুলে দিয়েছে দেশটির প্রশাসনিক পর্যালোচনা ট্রাইব্যুনাল (এআরটি)।
৫ ঘণ্টা আগে