সুমিরে সেকিনো নামে এক তরুণীর স্মৃতির ভান্ডারে একটি বিশেষ ক্রিসমাস রয়েছে। সেই দিনটি তিনি কাটিয়েছিলেন টোকিওর বেশ কিছু বিখ্যাত ডেটিং স্পটে, তাঁর প্রেমিকের সঙ্গে ঘুরে ঘুরে।
দিনটি শুরু হয়েছিল টিমল্যাব নামে এক ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল আর্ট গ্যালারিতে ছবি তুলে। পরে তাঁরা শিবুয়া স্কাইয়ে যান, যা ৭৫১ ফুট উচ্চতায় অবস্থিত একটি পর্যবেক্ষণ ডেক। সেখান থেকে টোকিও শহরের প্যানোরামিক দৃশ্য উপভোগ করেছিলেন সুমিরে এবং তাঁর প্রেমিক। সুমিরে বলেন, ‘তখন আমাদের সম্পর্কের মাত্র এক মাস হয়েছে। আমরা দুজনই কিছুটা নার্ভাস ছিলাম। তবে একসঙ্গে প্রথমবার এই জায়গাগুলোতে যাওয়ার অভিজ্ঞতা খুবই আনন্দদায়ক ছিল।’
স্মৃতি হাতড়ে আকাও তাকাও নামে এক শিক্ষার্থী জানিয়েছেন, এক ক্রিসমাসে তিনি তাঁর প্রেমিকার সঙ্গে একটি ক্রিসমাস মার্কেট ঘুরে দেখেছিলেন। দিনটি শেষ হয়েছিল গরম চকোলেট খেয়ে।
তাকাও বলেন, ‘অসাধারণ একটি অভিজ্ঞতা হয়েছিল।’
পশ্চিমা সংস্কৃতিতে ক্রিসমাস মানে পরিবারকে সময় দেওয়া। বিশেষ এই দিনটিতে পরিবারের সদস্যরা যে যেখানেই থাকুক, তাঁরা এক হওয়ার চেষ্টা করেন, একে অপরকে উপহার দেন এবং উৎসব উদ্যাপন করেন। কিন্তু জাপানে ক্রিসমাসের অন্যরকম একটি বৈশিষ্ট্য রয়েছে। খ্রিষ্ট ধর্মীয় এই উৎসব দেশটিতে ভালোবাসার দিন হিসেবে উদ্যাপিত হয়। ঠিক যেন আরেকটি ভ্যালেন্টাইন ডে।
এ বিষয়ে এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ক্রিসমাস ইভে জাপানি প্রেমিক-প্রেমিকারা রোমান্টিক ডেটে যান। তাঁরা আলোকসজ্জা দেখতে বের হন, বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার করেন এবং হোটেলে রাত কাটান। এই রোমান্টিক পরিবেশ অনেক সময় বিয়ের প্রস্তাব দেওয়ার জন্যও আদর্শ হয়ে ওঠে।
বলা যায়, জাপানের টোকিও থেকে হোক্কাইডো পর্যন্ত ক্রিসমাস উদ্যাপনের আবহে রোমান্টিকতার ছোঁয়া থাকে। তাই এই দিনটিতে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় এমন একটি বিলাসবহুল হোটেলের কক্ষ এক রাতের জন্যই প্রায় ২ হাজার ডলার খরচ হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
জাপানিদের এমন রোমান্টিক বড়দিনকে সামনে রেখে এবার টোকিওর রিটজ-কার্লটন হোটেল ‘রোমান্টিক এস্কেপ’ প্যাকেজ অফার করেছে। এই প্যাকেজের মধ্যে ডিনার এবং একটি আউটডোর স্কেটিংয়ের অভিজ্ঞতাও অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে গ্র্যান্ড হায়াত নামে টোকিওর আরেকটি হোটেল ‘রোমান্টিক ইভনিং’ প্যাকেজ নিয়ে এসেছে। এই প্যাকেজের মাধ্যমে যুগলদের জন্য আলোকিত গাছের দৃশ্য দেখা যায় এমন কক্ষের ব্যবস্থা রয়েছে।
খ্রিষ্টধর্ম জাপানে প্রথম আসে ষোড়শ শতকে। কিন্তু তোকুগাওয়া আমলে দেশটিতে এই ধর্ম প্রায় আড়াই শ বছর নিষিদ্ধ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান সংস্কৃতির মাধ্যমে ক্রিসমাস আবার জাপানে ফিরে আসে।
তবে ক্রিসমাস উদ্যাপনে নিজস্ব ঘরানা তৈরি করেছে জাপান। নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অটাগোর জাপানি সংস্কৃতি বিশেষজ্ঞ রয় স্টারস বলেন, ‘জাপান উচ্চমানের নান্দনিকতাকে গুরুত্ব দেয়। তাই বরফে ঢাকা আলোকিত পরিবেশ একটি রোমান্টিক শ্বেতশুভ্র ক্রিসমাসের জন্য উপযুক্ত।’
তবে বর্তমানে জাপানের অর্থনৈতিক মন্দার কারণে তরুণ প্রজন্ম এখন সাশ্রয়ী উপায়ে ক্রিসমাস উদ্যাপনের পথ খুঁজছে। ইনোয়ে শোগো নামে ২৩ বছরের এক যুবক বলেন, ‘বিলাসবহুল হোটেলে থাকা এখন অনেক খরচের। তাই আমরা জাপানি খাবারের ওপর নির্ভর করি, যা তুলনামূলক সস্তা।’
সাম্প্রতিক এক জরিপেও দেখা গেছে, জাপানের তরুণ প্রজন্ম ক্রিসমাস উদ্যাপন করতে বাড়িতে থাকার এবং সস্তা উপায়ে উদ্যাপন করার দিকে ঝুঁকছে। ১৯ বছর বয়সী ইউহি হাসেগাওয়া বলেন, ‘অতিরিক্ত খরচের চেয়ে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোই গুরুত্বপূর্ণ। বাড়িতে থেকে সিনেমা দেখা এবং ভালোবাসা উদ্যাপন করাই সেরা সমাধান হতে পারে।’

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
৯ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
১০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
১০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
১০ ঘণ্টা আগে