
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গতকাল রোববার জানিয়েছেন, গাজা উপত্যকা থেকে ঘুড়ি ওড়ানোর ঘটনার পর তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) বড় ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে, রোববার গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একটি ছোট শিশুও রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের জন্য তিনি যে ‘মারাত্মক’ ড্রোন হুমকি বলে উল্লেখ করেছেন, তা মোকাবিলায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আইডিএফকে ‘সবকিছু’ করার নির্দেশ দিয়েছেন। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘ড্রোন হুমকির সমাধান বের করতে আমরা কয়েক বছর ধরে কাজ করছি। আমরা এ ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে উন্নত অবস্থানে আছি। কিন্তু এটি একটি বৈশ্বিক সমস্যা।’
তিনি বলেন, ইউক্রেন ও লেবাননে এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, ‘এখন তারা আবার এই হুমকি তৈরি করার এবং এটিকে গাজায় নিয়ে আসার চেষ্টা করছে।’ নেতানিয়াহু সরাসরি সাম্প্রতিক ঘুড়ি ওড়ানোর ঘটনার কথা উল্লেখ করেননি। তবে তাঁর বক্তব্যে গাজা থেকে সাম্প্রতিক ঘুড়ি ওড়ানোর ঘটনা এবং সশস্ত্র ড্রোনের বৃহত্তর হুমকির মধ্যে একটি সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়।
চলতি সপ্তাহের শুরুতে গাজা থেকে অন্তত চারটি ঘুড়ি ইসরায়েলি সীমান্তের কিব্বুতজ নাহাল ওজের দিকে উড়ে যায়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ঘুড়িগুলোতে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি এবং এতে জনসাধারণের জন্য কোনো ঝুঁকিও ছিল না। তবে অনেকেই এসব ঘুড়িকে গাজা থেকে ওড়ানো সেই ঘুড়ি ও বেলুনের সঙ্গে তুলনা করছেন, যেগুলোতে আগুন ধরিয়ে দেওয়ার উপকরণ বহন করা হতো এবং অতীতে দক্ষিণ ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও আতঙ্ক তৈরি করেছিল।
দখলদার ইসরায়েলি বাহিনী জোর দিয়ে বলেছে, ‘ঘুড়িগুলোতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি’ এবং সেগুলো ‘কোনোভাবেই জনসাধারণের জন্য কোনো বিপদ ছিল না।’ তবে হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ মনে করছে, ঘুড়িগুলো হামাসই উড়িয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা, হামাস পরীক্ষা করে দেখছিল, ইসরায়েল কীভাবে এবং কী ধরনের প্রতিক্রিয়া জানায়।
নেতানিয়াহু বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আইডিএফকে আমার নির্দেশ হলো—এই প্রাণঘাতী অস্ত্রের বিরুদ্ধে সবকিছু করতে হবে। এটিকে আঘাত করতে হবে, যারা এটি পরিচালনা করছে তাদের আঘাত করতে হবে, যেখান থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে সেই স্থানেও আঘাত করতে হবে। আমাদের সবকিছু করতে হবে, যাতে গাজা সীমান্তের জনপদগুলো এবং অন্য সব জায়গায় আমাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা যায়।’
রোববার সন্ধ্যায় হামাস এক বিবৃতিতে দাবি করে, গাজা থেকে ওড়ানো ঘুড়িগুলো আসলে শরণার্থী শিবিরের শিশুদের ‘খেলনা’ ছাড়া কিছু নয়। একই সঙ্গে তারা ইসরায়েলকে হুমকি বাস্তবায়ন না করার জন্য সতর্ক করে।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, ‘এই হুমকিগুলো বানোয়াট অজুহাতের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এগুলো আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন ও লঙ্ঘন অব্যাহত রাখার যৌক্তিকতা তৈরির চেষ্টা।’ তিনি আরও বলেন, ‘আমরা মার্কিন প্রশাসন, মধ্যস্থতাকারী দেশগুলো এবং বোর্ড অব পিসকে আমাদের জনগণের বিরুদ্ধে এই লাগামহীন আগ্রাসন এবং যুদ্ধবিরতির কাঠামো ধ্বংস বন্ধ করার আহ্বান জানাই।’
এদিকে, ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার সকালে মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আল-মাগাজি শরণার্থী শিবিরের কাছে এই হামলা চালানো হয়। পরে আইডিএফ জানায়, হামলায় ইসমাইল আবু ফুল নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তিনি একটি অস্ত্র উৎপাদন কেন্দ্রের কমান্ডার ছিলেন।
এর পাশাপাশি কাছের আজ-জাওয়াইদা শহরে আরেকটি হামলা চালানো হয়। আইডিএফের দাবি, আন্তর্জাতিক একটি সংস্থা পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে থাকা একটি অস্ত্র উৎপাদন স্থাপনায় ইসরায়েলি বিমানবাহিনী হামলা চালায়। আইডিএফের দেওয়া তথ্য অনুযায়ী, ওই হামলার আগে এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। তবে হামলা থেকে ছিটকে যাওয়া ধাতব টুকরো ও অন্যান্য ধ্বংসাবশেষে দুইজন নিহত হন। নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘এটি আবারও হামাস কীভাবে বেসামরিক অবকাঠামো, যার মধ্যে ত্রাণ বিতরণ কেন্দ্রও রয়েছে, পরিকল্পিতভাবে ব্যবহার ও তার ভেতরে নিজেদের কার্যক্রম স্থাপন করে, তার আরেকটি উদাহরণ। এর মাধ্যমে তারা ইয়েলো লাইন এলাকায় দায়িত্ব পালনরত আইডিএফ সেনাদের এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানো ও তা বাস্তবায়নের চেষ্টা করছে।’
আইডিএফ আরও দাবি করেছে, ওই অস্ত্র উৎপাদন কেন্দ্রের অস্তিত্ব প্রমাণ করে যে হামাস ‘পরিকল্পিতভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। একই সঙ্গে তারা নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে।’
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আইডিএফ ওই স্থাপনার মালিকদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করার পরই হামলাটি চালানো হয়। চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর উড়ে যাওয়া ধ্বংসাবশেষ ও ধাতব টুকরো আশপাশের কয়েক ডজন মিটার এলাকায় ছড়িয়ে পড়ে এবং অন্তত ছয়জনকে আঘাত করে। আহতদের মধ্যে চার বছর বয়সী মোহাম্মদ আবদেল-সালাম তাহাও ছিল। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
এর কয়েক ঘণ্টা পর নেতানিয়াহু ও কাৎজের যৌথ বিবৃতিতে বলা হয়, গাজা থেকে ইসরায়েলি সীমান্তবর্তী জনপদগুলোর দিকে ঘুড়ি ওড়ানো ‘যুদ্ধের শামিল’ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হামলা আরও জোরদার করা হবে এবং গাজার কিছু এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হবে। রোববার সন্ধ্যায় নেতানিয়াহু ও কাটজ আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির এবং শীর্ষ সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক ঘুড়ি ওড়ানোর ঘটনা নিয়ে বৈঠক করেন।
নেতানিয়াহু ও কাটজ যৌথ বিবৃতিতে বলেন, ‘ইসরায়েল হামাসকে সতর্ক করছে, ইসরায়েলের দিকে এই উৎক্ষেপণ যদি অবিলম্বে বন্ধ না হয়, তাহলে আইডিএফ এসব উৎক্ষেপণের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে হামলা আরও জোরদার করবে এবং যেসব এলাকা থেকে ঘুড়ি, ড্রোন ও বেলুন ওড়ানো হচ্ছে, সেসব এলাকার জনগণকে সরিয়ে দেবে।’

প্রতিদিন সকালে ১৩ বছর বয়সী জানা আল-মাতুক একাই ঘুম থেকে ওঠে। নিজের নাশতা নিজেই তৈরি করে, নিজেই কাপড় ধোয় পরিষ্কার করে এবং স্কুলের জন্য প্রস্তুত হয়। কিছুদিন আগেও এসব ছোটখাটো কাজ তার মা করে দিতেন। কিন্তু ইসরায়েলি এক সর্বগ্রাসী হামলার পর সব বদলে গেছে।
২ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, ‘না যুদ্ধ, না শান্তি’ এমন পরিস্থিতি থেকে দেশকে বের করে আনার জন্য এটিই সবচেয়ে ভালো উপায়। গতকাল রোববার ভোরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন...
৩ ঘণ্টা আগে
গিনির রাজধানী কোনাক্রির সবচেয়ে বড় বর্জ্য ফেলার স্থানে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। সরকার এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রোববার রাতভর ভারী বৃষ্টির পর বিবেসিয়া...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে