
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল রোববার বলেছেন, তিনি ধর্ষক ও পেডোফাইল বা শিশুকামী নন। মূলত, গতকাল রোববার ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউসে সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের ডিনার অনুষ্ঠানে গুলি করা ব্যক্তির লক্ষ্যবস্তু ছিল ‘শিশুকামী, ধর্ষক ও বিশ্বাসঘাতক’—এমন খবর প্রকাশের প্রতিক্রিয়ায় ট্রাম্প এই কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিনারের নিরাপত্তা বেস্টনি ভেঙে গুলি করা ব্যক্তি ‘র্যাডিক্যালাইজড’ বা চরমপন্থায় প্রভাবিত ছিল। তিনি বলেন, ওই ব্যক্তির লেখা একটি ম্যানিফেস্টোতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি বিদ্বেষের কথা উঠে এসেছে।
সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে গত শনিবার রাতে ঘটে যাওয়া ঘটনার পর সন্দেহভাজনের লেখাগুলো আদর্শগত চরমপন্থার প্রমাণ দেয়। তিনি বলেন, ‘আমি একটি ম্যানিফেস্টো পড়েছি। সে র্যাডিক্যালাইজড। সে একজন খ্রিস্টান ছিল—একজন বিশ্বাসী—তারপর সে অ্যান্টি-ক্রিশ্চিয়ান হয়ে যায়...সে সম্ভবত খুব অসুস্থ একজন মানুষ ছিল।’
সন্দেহভাজন ব্যক্তি ৩১ বছর বয়সী কোল অ্যালেন। তিনি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তদন্তকারীরা জানান, অ্যালেন একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টে হঠাৎ হামলা চালায় এবং গুলি ছোড়ে। এরপর তাঁকে নিষ্ক্রিয় করা হয়। এ সময় এক আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে বুলেটপ্রুফ ভেস্ট থাকার কারণে তিনি বেঁচে যান।
অ্যালেন ঘটনার এক দিন আগে হোটেলে ওঠেন। তাঁর কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং কয়েকটি ছুরিসহ একাধিক অস্ত্র পাওয়া যায়। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লানশে বলেন, সন্দেহভাজন ব্যক্তি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল বলে মনে হচ্ছে।
সাক্ষাৎকারে অ্যালেনের লেখা বলে দাবি করা ম্যানিফেস্টোর কিছু অংশ পড়ে শোনানোর পর ট্রাম্প তাতে আপত্তি জানান। ম্যানিফেস্টোতে অ্যালেন ট্রাম্পের উদ্দেশ্য ব্যাখ্যা করে লিখেছে, ‘প্রশাসনের কর্মকর্তারা—তারা লক্ষ্যবস্তু...একজন পেডোফাইল, ধর্ষক ও বিশ্বাসঘাতকের অপরাধে আমি আর আমার হাত রাঙাতে রাজি নই।’
এর জবাবে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। উপস্থাপককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি অপেক্ষা করছিলাম আপনি এটা পড়বেন। কারণ, আমি জানতাম আপনি পড়বেন। কারণ, আপনারা ভয়ংকর মানুষ। ভয়ংকর মানুষ। হ্যাঁ, সে এটা লিখেছে। আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি। আমি পেডোফাইল নই। আপনারা কোনো অসুস্থ মানুষের লেখা এসব বাজে কথা পড়ছেন।’
তিনি সাক্ষাৎকারগ্রহণকারীকে তিরস্কার করে বলেন, ‘আপনার লজ্জা হওয়া উচিত—এগুলো পড়ার জন্য—কারণ আমি এসবের কোনোটাই নই।’ ট্রাম্পকে জানানো হয়, অ্যালেন ক্যালিফোর্নিয়ায় একটি ‘নো কিংস’ বিক্ষোভে অংশ নিয়েছিল। এ বিষয়ে তিনি বলেন, ‘নো কিংস! হ্যাঁ’ এবং যোগ করেন, ‘আমি কোনো রাজা নই।’ তিনি আরও বলেন, ‘আমি যদি রাজা হতাম, তাহলে আপনাদের সঙ্গে কথা বলতাম না।’
অন্যদিকে, এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুততা ও পেশাদারিত্বের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় ভক্ত। সে খুব দ্রুত ছিল। ভিডিওতে দেখলে মনে হয় সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে...তারা খুবই পেশাদার ছিল।’

ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন এমন এক ব্যক্তিকে সবাই চেনে ‘এল পোল্লো’ বা ‘মুরগি’ নামে। তিনি আর কেউ নন, ভেনেজুয়েলার সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান জেনারেল হুগো কারভাহাল বারিসো। খবর সিএনএনের।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রসিকিউটররা। টাম্পা বের একটি ব্রিজ থেকে উদ্ধার হওয়া জামিল লিমন (২৭) এবং তাঁর নিখোঁজ বন্ধু নাহিদা বৃষ্টির (২৭) অন্তর্ধান...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে চায়, তাহলে তারা ফোন করতে পারে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এর আগে তেহরান জানিয়েছিল, একটি চুক্তিতে পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে নৌ–অবরোধসহ অন্যান্য বাধাগুলো....
৫ ঘণ্টা আগে
যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। এতে প্রাথমিকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলা হয়েছে। তবে পরমাণু ইস্যুতে আলোচনা পরের ধাপের জন্য তুলে রাখা হয়েছে। এক মার্কিন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুই সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে