Ajker Patrika

আমি নাক গলাতাম, কিন্তু পাকিস্তান বেশ ভালো করছে: পাক-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ২৯
আমি নাক গলাতাম, কিন্তু পাকিস্তান বেশ ভালো করছে: পাক-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুদ্ধে হস্তক্ষেপের মাধ্যমে ‘শান্তি’ আনতে সব সময় এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত নিরসনে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এমনকি সরাসরি পাকিস্তানকে সমর্থন জানিয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘আমি (হস্তক্ষেপ) করতাম, কিন্তু সেখানে চমৎকার প্রধানমন্ত্রী এবং একজন দক্ষ জেনারেল আছেন। তাঁদের নেতৃত্ব অত্যন্ত বলিষ্ঠ। দুজনকেই আমি খুব শ্রদ্ধা করি। আমার মনে হয় পাকিস্তান বেশ ভালো করছে।’

গতকাল শুক্রবার পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প এসব কথা বলেন। একদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘ওপেন ওয়ার’-এর ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের এই বক্তব্য।

চলতি সপ্তাহের শুরুতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গতকাল পাকিস্তান দাবি করে, তারা কান্দাহার, কাবুলসহ আফগানিস্তানের ২৯টি স্থানে আকাশপথে হামলা চালিয়েছে।

পাকিস্তান সরকারের একজন মুখপাত্র দাবি করেন, তাঁদের হামলায় ২৯৭ জন আফগান তালেবান ও জঙ্গি নিহত হয়েছেন। অন্যদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের দাবি, আফগান বাহিনী ৫৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং আরও কয়েকজনকে আটক করেছে।

২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় আসার পর থেকে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় হামলা।

শুক্রবার হামলার কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, যেকোনো আগ্রাসন ‘গুঁড়িয়ে দেওয়ার’ সক্ষমতা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর রয়েছে। তিনি বলেন, ‘যেকোনো আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা গুঁড়িয়ে দেওয়ার পূর্ণ সামর্থ্য আমাদের বাহিনীর আছে। সমগ্র জাতি পাকিস্তান সশস্ত্র বাহিনীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে।’

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, তালেবানের হামলার বিরুদ্ধে পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’ সমর্থন করে ওয়াশিংটন। সন্ত্রাসবাদ দমনে তালেবানের ভূমিকার সমালোচনা করে মুখপাত্র বলেন, ‘তালেবানরা সন্ত্রাসবাদবিরোধী প্রতিশ্রুতি রক্ষা করতে বারবার ব্যর্থ হচ্ছে। তারা সন্ত্রাসীদের আফগানিস্তানের মাটি ব্যবহারের সুযোগ করে দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে।’

পরিস্থিতির জটিলতা বাড়তে থাকায় উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে ব্রিটেন। অন্যদিকে চীন যুদ্ধবিরতির তাগিদ দিয়েছে এবং ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

পাকিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নির্দিষ্ট কিছু স্থানে চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে দেশটির দূতাবাস। সতর্কবার্তায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তর, সামরিক স্থাপনা এবং বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো সন্ত্রাসী গোষ্ঠীর লক্ষ্যবস্তু হতে পারে। বিশেষ করে ব্যস্ত সময়ে এসব এলাকায় চলাচলের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সাবধান থাকতে বলা হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের অবনতি হলেও দ্বিতীয়বার ক্ষমতায় বসে ট্রাম্প সেই দৃশ্য পাল্টে দিয়েছেন। ইসলামাবাদও প্রায়ই বিভিন্ন দ্বন্দ্বে মধ্যস্থতা করার জন্য ট্রাম্পের প্রশংসা করে আসছে এবং বলেছে, তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। উল্লেখ্য, পাকিস্তান যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ‘নন-ন্যাটো’ মিত্র, অন্যদিকে আফগান তালেবানকে ওয়াশিংটন একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে বিবেচনা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত