
রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নতুন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। গতকাল বুধবার ফ্যাসিবাদবিরোধী ‘অ্যান্টিফা’ আন্দোলনকে তিনি একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি এই আন্দোলনকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ‘চিহ্নিত’ করছেন। তিনি আরও লেখেন, ‘আমি দৃঢ়ভাবে সুপারিশ করছি, যারা অ্যান্টিফাকে অর্থায়ন করছে, সর্বোচ্চ আইনি মান ও পদ্ধতি অনুসরণ করে তাদের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে।’
ট্রাম্পের এ ঘোষণার আইনি গুরুত্ব কতটা, তা স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞরা বলেছেন, ‘অ্যান্টিফা’ একটি ঢিলেঢালাভাবে সংগঠিত আদর্শিক আন্দোলন, যার কোনো স্পষ্ট নেতৃত্ব বা শ্রেণিবিন্যাস কাঠামো নেই। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, চার্লি কার্ক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ২২ বছর বয়সী টাইলর রবিনসনের বিরুদ্ধে ইউটাহ প্রদেশের প্রসিকিউটরেরা আনুষ্ঠানিক অভিযোগ করেছেন। তবে এই অভিযোগের এক দিন পরও বাইরের কোনো গোষ্ঠীর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। এ হত্যাকাণ্ডের পেছনে তাঁর উদ্দেশ্য সম্পর্কেও প্রশ্ন থেকে গেছে।
তবে কার্কের হত্যাকাণ্ডের আগে থেকেই ট্রাম্প ও তাঁর প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা বারবার বামপন্থী গোষ্ঠীগুলোকে রক্ষণশীলদের প্রতি বৈরী পরিবেশ তৈরির জন্য দায়ী করে আসছিলেন। গতকাল ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানান, হোয়াইট হাউস রাজনৈতিক সহিংসতা ও বিদ্বেষমূলক বক্তব্য-সম্পর্কিত একটি নির্বাহী আদেশ জারির প্রস্তুতি নিচ্ছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স গতকাল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বারবার কার্কের হত্যাকাণ্ডের জন্য বামপন্থী রাজনৈতিক উগ্রবাদকে দায়ী করেন। তিনি বলেন, হোয়াইট হাউস কঠোরভাবে কাজ করছে, যাতে ‘বামপন্থী সহিংসতার অর্থায়নকারী নেটওয়ার্কগুলোকে’ একটি সন্ত্রাসী সংগঠনের মতোই বিবেচনা করা হয়।
তবে ট্রাম্পের সমালোচকেরা বলছেন, কার্কের হত্যাকাণ্ডকে তিনি রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালানোর অজুহাত হিসেবে ব্যবহার করছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম ২০২০ সালে মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর দেশব্যাপী সহিংস বিক্ষোভের সময় অ্যান্টিফাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার ধারণাটি তুলে ধরেন। সে সময় আইনি বিশেষজ্ঞরা বলেছিলেন, এমন পদক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই, এটি কার্যকর করা কঠিন হবে এবং এতে বাক্স্বাধীনতার অধিকার নিয়ে উদ্বেগ তৈরি হবে। কারণ, কোনো আদর্শ বিশ্বাস করাকে সাধারণত অপরাধ হিসেবে গণ্য করা হয় না।

ইরান যুদ্ধ নিয়ে দৃশ্যত রণে ভঙ্গ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর সম্ভাব্য এই প্রস্থান বাকি দুনিয়ার জন্য কোনো স্বস্তির খবর বয়ে আনছে না, বরং বিশ্বকে এক অনিশ্চিত গর্তে ফেলে যাচ্ছে। মার্কিন মিত্ররা যারা শুরু থেকে এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল...
৬ ঘণ্টা আগে
ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে বিশ্বের প্রধান ৮০টি থিংকট্যাংক বা গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ গত এক মাসে প্রকাশিত এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ...
৯ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি সচল করতে সামরিক অভিযানের বৈধতা চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের চেষ্টা চালাচ্ছে আমিরাত। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী সামরিক জোট গঠনের জন্যও তারা লবিং করছে বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে
ইরানে স্থল অভিযান চালালে মার্কিন সেনারা শুধু ছদ্মবেশী জঙ্গি বা লুকিয়ে থাকা সন্ত্রাসীদেরই মুখোমুখি হবে না; তাদের সামনে দাঁড়াবে একটি সুসংগঠিত ও বিপুলসংখ্যক যোদ্ধার বাহিনী, যারা মাতৃভূমি রক্ষাকে সর্বোচ্চ লক্ষ্য হিসেবে দেখে। গত চার দশকে বিপুল অর্থ ব্যয় করে প্রতিরক্ষার এই কাঠামো গড়ে তুলেছে তেহরান।
১১ ঘণ্টা আগে