
প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘর হঠাৎ এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী জানিয়েছেন, জাদুঘরটিতে ডাকাতির ঘটনা ঘটেছে। আর এ কারণেই জাদুঘরটি বন্ধ করা হয়েছে এক দিনের জন্য। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় আজ রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি লিখেছেন, ‘আজ সকালে ল্যুভর জাদুঘর খোলার সময় একটি ডাকাতির ঘটনা ঘটেছে।’ তিনি ফরাসি শব্দ ‘braquage’ ব্যবহার করেছেন, যার অর্থ ডাকাতি বা অস্ত্রধারীর ছিনতাই।
মন্ত্রী আরও জানিয়েছেন, ‘এ ঘটনায় কেউ আহত হয়নি। আমি বর্তমানে জাদুঘরের কর্মী ও পুলিশের সঙ্গে ঘটনাস্থলে আছি।’ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে মন্ত্রীর এক সহকারী জানান, অন্তত একজন ব্যক্তি জাদুঘরে প্রবেশ করেছিল। তবে কী চুরি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।
ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অনিবার্য কারণবশত’ তারা আজকের জন্য জাদুঘর বন্ধ রেখেছে। তবে কী চুরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘরগুলোর একটি ল্যুভর, যেখানে প্রতিবছর ৮০ লাখের বেশি দর্শনার্থী যান। এখানে প্রাচীন ভাস্কর্য থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি ‘মোনালিসা’সহ নানা ঐতিহাসিক শিল্পকর্ম সংরক্ষিত।
চলতি বছরের শুরুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ল্যুভর জাদুঘরের বড় ধরনের সংস্কারের ঘোষণা দেন। এর আগে জাদুঘরের পরিচালক লরঁস দে কার সতর্ক করে বলেছিলেন, অতিরিক্ত ভিড়ের কারণে সেখানে যাওয়া এখন একধরনের ‘কষ্টের অভিজ্ঞতা’ হয়ে দাঁড়িয়েছে।
গত জানুয়ারিতে সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে লরঁস দে কার লেখেন, জাদুঘরের বিখ্যাত কাচের পিরামিড প্রবেশপথের নিচের জায়গাটি যথাযথভাবে ঠান্ডা বা গরম থেকে সুরক্ষিত নয়। সেখানে শব্দ প্রতিধ্বনি হয় এবং এটি দর্শনার্থী ও কর্মীদের জন্য অস্বস্তিকর।
তিনি আরও উল্লেখ করেন, ভবনের পানি চুইয়ে পড়া, অবকাঠামোর দুরবস্থা ও তাপমাত্রার ওঠানামা জাদুঘরের শিল্পকর্মগুলোর সংরক্ষণে হুমকি তৈরি করছে। দর্শনার্থীর ভিড় ও অপ্রতুল সুযোগ-সুবিধার কারণে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে বলেও জানান তিনি।

ভারতের স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লালকেল্লা থেকে ঐতিহ্যবাহী ভাষণের ঠিক আগে ইনস্টাগ্রামে সাময়িকভাবে স্থগিত হয়ে যায় বহুল আলোচিত সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) অফিশিয়াল অ্যাকাউন্ট।
২০ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডেকে দক্ষিণ লন্ডনের ব্যাটারসিতে নিজ বাসভবন থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর মৃত ঘোষণা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা গবেষণায় জালিয়াতি বা ‘প্লাজিয়ারিজম’-এর অভিযোগ এবং তীব্র মানসিক চাপের মুখে কেমব্রিজ থেকে পদত্যাগের মাত্র এক...
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ার চার দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষ নিজেদের প্রতিবেশী দেশগুলোকে কীভাবে মূল্যায়ন করে, তা নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
১৩ ঘণ্টা আগে