Ajker Patrika

বেলুচিস্তানে একযোগে ১২ স্থানে সন্ত্রাসী হামলা, অভিযানে নিহত ৫৮

আজকের পত্রিকা ডেস্ক­
বেলুচিস্তানে একযোগে ১২ স্থানে সন্ত্রাসী হামলা, অভিযানে নিহত ৫৮
কোয়েটায় হামলার পর নিরাপত্তা সদস্যরা বিস্ফোরণস্থল পরিদর্শন করছেন। ছবি: এএফপি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অন্তত ১২টি স্থানে একযোগে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা। তবে নিরাপত্তা বাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপে এসব হামলা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার দিনভর চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫৮ জন সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ‘ফিতনা আল হিন্দুস্তান’ (বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের রাষ্ট্রীয় নাম) নামক গোষ্ঠীর সন্ত্রাসীরা বেলুচিস্তান প্রদেশের ১২টি স্থানে হামলা করার চেষ্টা করে। এর জবাবে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিলে সংঘর্ষ শুরু হয়।

রাষ্ট্রীয় বেতার রেডিও পাকিস্তান জানায়, বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযান এখনো চলছে। এতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের আরও হতাহতের আশঙ্কা রয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, গত দুই দিনে প্রদেশজুড়ে বিভিন্ন অভিযানে মোট ৭০ জন জঙ্গি নিহত হয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসীদের মনোবল ভেঙে পড়ায় তারা এই মরিয়া হামলার পথ বেছে নিয়েছে। তবে বেলুচিস্তানের সাহসী পুলিশ ও ফ্রন্টিয়ার কোর যৌথভাবে এই অপতৎপরতা রুখে দিয়েছে। শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই অভিযানকে বড় ধরনের সাফল্য হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘কোনো বড় ধরনের ক্ষতি ছাড়াই আমরা ৫৮ জন সন্ত্রাসীকে জাহান্নামে পাঠিয়েছি।’

এদিকে হামলার পরপরই কোয়েটা, সিব্বি ও চমন অঞ্চলে মোবাইল ডেটা সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রদেশের সব সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নাসেরাবাদে রেললাইনে পাতা একটি শক্তিশালী অ্যান্টি-ট্যাংক মাইন ও আইইডি উদ্ধার করে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

পাকিস্তান সরকার বেলুচিস্তানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে ফিতনা আল হিন্দুস্তান হিসেবে অভিহিত করে। পাকিস্তানের দাবি, এসব গোষ্ঠীর পেছনে ভারতের মদদ রয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিরাপত্তা বাহিনীর পেশাদারত্বের প্রশংসা করেছেন এবং দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিরাপত্তা বাহিনীর পেশাদারত্বের প্রশংসা করে বলেন, ‘বেলুচিস্তানের শান্তি, বেসামরিক মানুষের সুরক্ষা ও জাতীয় ঐক্যের প্রশ্নে কোনো আপস করা হবে না।’

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও বলেন, ‘সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলবে।’

সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে জঙ্গি তৎপরতা বেড়েছে। যুক্তরাষ্ট্র ২০২৫ সালে বালুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। ইসলামাবাদভিত্তিক পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পাকিস্তানে জঙ্গি হামলা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেড়েছে; মোট হামলার সংখ্যা ছিল ৬৯৯।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করেছেন ট্রাম্প

বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বাড়াল ভারত

‘সব খারিজ হবে, তুই খালি টাকা পাঠাবি’, ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত