Ajker Patrika

নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘প্রতিশোধের পোশাক’

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪০
নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘প্রতিশোধের পোশাক’
প্রিন্সেস ডায়ানার পরনে আলোচিত সেই পোশাক। ছবি: বিবিসি

প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’ এবার নিলামে উঠছে। ১৯৯৪ সালে লন্ডনের সার্পেন্টাইন গ্যালারিতে একটি অনুষ্ঠানে পরা কালো রঙের সিল্কের পোশাকটি ডায়ানার জীবনের অন্যতম স্মরণীয় ফ্যাশন মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। নিলামকারী প্রতিষ্ঠান সোথেবিস আশা করছে, আগামী ৯ ডিসেম্বর নিলামে পোশাকটি সর্বোচ্চ ২ লাখ ২০ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে।

১৯৯৪ সালের ওই রাতে ডায়ানা যখন পোশাকটি পরে অনুষ্ঠানে হাজির হন, এর কয়েক ঘণ্টা আগে তৎকালীন প্রিন্স চার্লস একটি টেলিভিশন তথ্যচিত্রে তাঁদের দাম্পত্যজীবনে পরকীয়ার কথা স্বীকার করেছিলেন। তখন চার্লস ও ডায়ানা কার্যত আলাদা থাকছিলেন। ফলে ডায়ানার আকস্মিক ও নাটকীয় উপস্থিতিকে অনেকেই তাঁর স্বামীর স্বীকারোক্তির জবাব হিসেবে দেখেছিলেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিবিসি জানিয়েছে, অফ-দ্য-শোল্ডার নকশার কালো পোশাকটির নকশা করেছিলেন গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ান। এতে ছিল অসমান হেমলাইন ও শিফনের লম্বা ট্রেন। ডায়ানা এর সঙ্গে পরেছিলেন রাজকীয় হার, কালো ক্লাচ ও কালো হিল। তাঁর স্টাইলিস্ট আনা হার্ভে পরে জানিয়েছিলেন, ওই রাতে ডায়ানা নিজেকে ‘মিলিয়ন ডলারের মতো’ দেখতে চেয়েছিলেন।

অনুষ্ঠানে যাওয়ার ঠিক আগে ডায়ানা পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেন। আগে বেছে রাখা ভ্যালেন্তিনোর তুলনামূলক সাদামাটা গাউন বাদ দিয়ে তিনি স্ট্যাম্বোলিয়ানের এই সাহসী পোশাক পরেন। সেই রাতের ডায়ানার ছবি দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং পোশাকটি পরিণত হয় জনপ্রিয় সংস্কৃতির এক প্রতীকে।

১৯৯৭ সালে মৃত্যুর কয়েক মাস আগে ডায়ানা নিজেই পোশাকটি নিলামে তুলেছিলেন। ক্যানসার ও এইডস-সংক্রান্ত দাতব্য কর্মকাণ্ডে অর্থ সংগ্রহের জন্য তিনি নিজের ৭৯টি পোশাক বিক্রি করেছিলেন। ওই নিলামে গ্লাসগোর বাসিন্দা ব্রিজ ম্যাকেঞ্জি ও তাঁর স্বামী গ্রায়েম ৩৯ হাজার ৯৮ পাউন্ডে পোশাকটি কিনেছিলেন। ম্যাকেঞ্জি জানান, পোশাকটি পরার জন্য তাঁরা কেনেননি; বরং এর অর্থ দাতব্য প্রতিষ্ঠানে যাওয়াই ছিল তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।

স্বামীর মৃত্যুর পর ম্যাকেঞ্জি এবার পোশাকটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ডায়ানা সেদিন জীবনের সবচেয়ে কঠিন সময়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন, অথচ তাঁকে দেখে তা বোঝার উপায় ছিল না। ছবি তোলার মুহূর্তেই একটি সাধারণ ককটেল ড্রেস যেন শক্তিশালী এক বক্তব্যে পরিণত হয়েছিল।

নিলামের আগে পোশাকটি বিশ্বের বিভিন্ন শহরে প্রদর্শিত হবে। ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর লন্ডনে সোথেবিসের শোরুমে প্রদর্শনের পর এটি যাবে হংকং, জেনেভা ও নিউইয়র্কে। নিউইয়র্কেই হবে চূড়ান্ত নিলাম।

পোশাকটির সঙ্গে ১৯৯৭ সালের নিলামের বিরল একটি ক্যাটালগও বিক্রি হবে, যেখানে ডায়ানা ও স্ট্যাম্বোলিয়ানের স্বাক্ষর রয়েছে। বিক্রির অর্থের একটি অংশ দেওয়া হবে রয়্যাল এডিনবার্গ হাসপাতালে।

ডায়ানার পোশাক যে কতটা মূল্যবান হয়ে উঠতে পারে, তার আরও একটি উদাহরণ ২০২৩ সালের নিলাম। সেই বছর সাদা ভেড়ার সারির মধ্যে একটি কালো ভেড়ার নকশা করা ডায়ানার একটি সোয়েটার সোথেবিসের নিউইয়র্ক নিলামে বিক্রি হয়েছিল ৯ লাখ ২০ হাজার পাউন্ডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত